Khabor Ekhon
তাজকিরা বেগমের হাত ধরে কাঁথা সেলাইয়ে গড়ে উঠল স্বনির্ভরতার নতুন অধ্যায়

বীরভূমের লাল মাটি যেন প্রকৃতির রঙের ক্যানভাস। বসন্তে শিমুল–পলাশের আগুনরাঙানো রূপ। গ্রীষ্মের দহন দিনের ধুলোমাখা পথ। আর দূরে বয়ে চলা কোপাই নদীর শান্ত স্রোতের এই প্রকৃতির মাঝেই লুকিয়ে রয়েছে অজস্র অনুচ্চারিত গল্প। যেখানে মাটির রঙের মতোই দৃঢ়, আর কোপাইয়ের স্রোতের মতোই অবিচল এক নারী নিজের হাতের কাজ দিয়ে বদলে দিয়েছেন বহু জীবনের ঠিকানা।
বীরভূম জেলার নানুর ব্লকের এক সাধারণ গ্রাম থেকে উঠে আসা তাজকিরা বেগম আজ স্বনির্ভরতার এক উজ্জ্বল প্রতীক। তাঁর হাতে ছিল সূচ–সুতো। আর সঙ্গে ছিল কিছু পুরনো শাড়ি এবং অদম্য ইচ্ছাশক্তি। সেই সামান্য উপকরণই আজ রূপ নিয়েছে একটি শক্তিশালী সামাজিক উদ্যোগে। যা শুধু একটি ব্যবসা নয়। বরং শতাধিক গ্রামের মহিলার জীবিকা ও মর্যাদার উৎস। তাজকিরা বেগমের শুরুর দিনগুলো মোটেই সহজ ছিল না। সংসারের টানাপোড়েন, সীমিত আয় আর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা সবকিছুর মধ্যেই তাজকিরা পুরনো কাপড় জোড়া লাগিয়ে নকশিকাঁথা তৈরি করতেন। বাংলার ঐতিহ্যবাহী কাঁথা সেলাই। যেখানে সুতোয় সুতোয় ফুটে ওঠে ফুল, পাখি, গাছ, নদী কিংবা দৈনন্দিন জীবনের টুকরো স্মৃতি। সেই শিল্পই ছিল তাঁর আশ্রয়।
প্রথমদিকে এটি ছিল নিছক প্রয়োজনের তাগিদে করা কাজ। কিন্তু তাজকিরার হাতের কাজে ছিল আলাদা মাধুর্য। সূক্ষ্ম নকশা, রঙের পরিমিত ব্যবহার আর গল্প বলার স্বতঃস্ফূর্ত ভঙ্গি দ্রুতই প্রতিবেশীদের নজর কেড়ে নেয়। গ্রামের হাটে তাঁর কাঁথা বিক্রি শুরু হয়। ক্রেতারা বলতেন, “তাজকিরা বেগমের হাতে বোনা কাঁথায় যেন আলাদা প্রাণ রয়েছে। সেগুলো নিছকই সূচ–সুতোর কাঁথা নয়। তাঁর হাতের প্রতিটা কাজ যেন আলাদা আলাদা গল্প বলছে।” সেই প্রশংসাই তাঁকে এগিয়ে যেতে সাহস জুগিয়েছে। সেই গল্পই এক সময় পৌঁছে গিয়েছে শহরের হস্তশিল্প মেলায়। প্রথমবার শহরের প্রদর্শনীতে নিজের তৈরি কাঁথার সামনে ভিড় দেখে তাজকিরা বিস্মিত হয়েছিলেন। কিন্তু বিস্ময়ের সঙ্গে সঙ্গে তাঁর মনে জন্ম নেয় এক নতুন ভাবনা। এই সাফল্য কি শুধুই তাঁর নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকবে!
নানুরের বহু মহিলা তখনও ঘরের গণ্ডিতেই সীমাবদ্ধ। আর্থিক স্বনির্ভরতার সুযোগ ছিল না বললেই চলে। তাজকিরা বুঝলেন, কাঁথা সেলাই শুধু শিল্প নয়। এটি হতে পারে আর্থিক স্বাধীনতার পথ। তিনি উদ্যোগ নিলেন একটি স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার। তাঁর বাড়ির উঠোনেই শুরু হল প্রশিক্ষণ। লাজুক মুখে প্রথমে হাতে সুচ ধরলেন কয়েকজন। পরে সেই সংখ্যাই বেড়ে দাঁড়াল শতাধিক।
প্রশিক্ষণের পাশাপাশি তিনি জোর দিলেন তিনটি বিষয়ে। দক্ষতা, ন্যায্য মজুরি এবং বাজারের সঙ্গে সরাসরি সংযোগ। শুধু কাজ শেখালেই হবে না, পাশাপাশি কাজের যথাযথ মূল্যও নিশ্চিত করার লক্ষ্য নিয়েই তিনি এগিয়েছেন। ফলত, বর্তমানে তাঁর উদ্যোগে যুক্ত মহিলারা নিয়মিত রোজগার করছেন। কেউ সন্তানের পড়াশোনার খরচ দিচ্ছেন। কেউ ঘর মেরামত করছেন। কেউ আবার নিজের নামে সঞ্চয় গড়ে তুলছেন।
আজ তাজকিরার কাঁথা দেশ–বিদেশে রপ্তানি হয়। বিভিন্ন মেলা ও প্রদর্শনীতে তাঁর সংস্থার স্টল দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। বিদেশি ক্রেতারাও বাংলার এই ঐতিহ্যবাহী শিল্পকর্মের সূক্ষ্মতা ও নান্দনিকতায় মুগ্ধ। লাল মাটির নানুর থেকে তৈরি হওয়া কাঁথা এখন পাড়ি দিচ্ছে বহু দূরে। তবু তার বুননে রয়ে গিয়েছে গ্রামের গন্ধ। তবে সাফল্যের এই পথ মসৃণ ছিল না। অর্ডার জোগাড়, কাঁচামালের ব্যবস্থা, সময়মতো সরবরাহ সবকিছু সামলাতে হয়েছে ধৈর্য ও দূরদৃষ্টিতে। তাজকিরা নিজে এখনও প্রতিটি কাঁথার নকশা খুঁটিয়ে দেখেন। তাঁর কাছে গুণগত মানই সবচেয়ে বড় পরিচয়। “আমাদের কাজ যেন আমাদের পরিচয় হয়ে থাকে” এই বিশ্বাসই তাঁকে চালিত করে।
তাঁর শিক্ষাগত যোগ্যতা সীমিত হলেও নেতৃত্বগুণ অসাধারণ। তিনি জানেন, ঐতিহ্যকে আঁকড়ে ধরে আধুনিকতার সঙ্গে তাল মেলাতে হয়। তাই প্রাচীন ভাবনার পাশাপাশি যুক্ত হয়েছে নতুন রঙ, নতুন নকশা। ফলে তরুণ প্রজন্মও আকৃষ্ট হচ্ছে এই শিল্পে।
আজ নানুরে গেলে দেখা যায়, একসময়ের নিরিবিলি উঠোন এখন কর্মচঞ্চল। হাসির শব্দ, সুতোর খসখসানি আর রঙিন কাপড়ের স্তূপ সব মিলিয়ে এক নতুন প্রাণচাঞ্চল্য। কোপাই নদীর হাওয়া বয়ে যায়। আর সেই হাওয়ায় ভেসে আসে আত্মবিশ্বাসের সুর। তাজকিরা বেগমের গল্প নিছক ব্যক্তিগত সাফল্যের নয়। এটি বীরভূমের লাল মাটিতে জন্ম নেওয়া এক সামাজিক জাগরণের কাহিনি। যেখানে সুচ–সুতো শুধু কাপড় জোড়া লাগায় না। জোড়া লাগায় ভাঙা স্বপ্নও। সীমিত সুযোগ আর প্রতিকূলতার মাঝেও যে সাহস আর শ্রম দিয়ে বদলে দেওয়া যায় নিজের ভাগ্য। এ বিষয়ের জীবন্ত প্রমাণ যেন তিনি নিজেই।
লাল মাটির সেই গ্রাম আজ নতুন পরিচয়ে পরিচিত। কারণ সেখানে এক নারী দেখিয়ে দিয়েছেন, প্রকৃতির মতোই ধৈর্য ধরতে জানলে, নদীর মতোই এগিয়ে চলতে পারলে, ছোট্ট একটি সুচও হয়ে উঠতে পারে উন্নয়নের শক্তিশালী হাতিয়ার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

