Khabor Ekhon
শীতের বিদায়ে নিম্নচাপের প্রভাব! বৃষ্টি ভেজা শহরের রাস্তা

বঙ্গে শীতের বিদায়ের সময়েই বর্ষার আগমন। দিন কয়েক আগেই তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী ছিল। মঙ্গলবার ভোররাতে সেই আবহাওয়ায় ছন্দপতন ঘটে। ঝড় আর হালকা বৃষ্টিতে ভিজল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। সকালে বৃষ্টি ভেজা ঠান্ডা হাওয়া বুঝিয়ে দিল, তাপমাত্রার পারদ বেশ খানিকটা নেমেছে। হাওয়া অফিস সূত্রে খবর, বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া একটি নিম্নচাপের জন্যই এমন পরিবর্তন। তবে বৃষ্টি হোক বা না হোক, আগামী কয়েকদিন বঙ্গে তাপমাত্রায় তেমন কোনও হেরফের হবে না।
মঙ্গলবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। দিনভর মেঘলা আকাশ, মাঝেমধ্যে বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া ছাড়াও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও বৃষ্টির সম্ভাবনা আছে। তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না বলেই জানানো হচ্ছে। তবে হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। এখন এর অবস্থান মধ্য-দক্ষিণ বঙ্গোপসাগরে। এরপর ধীরে ধীরে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোতে থাকবে। পরে তা পূর্ব ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে সরে যাবে। তবে একবার এই আবহাওয়ার প্রভাব কেটে গেলেই বঙ্গে বসন্তের আগমন ঘটবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

