Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

অকালবৃষ্টির পর এবার সুপার এল নিনোর ভয়,উদ্বেগে দক্ষিণবঙ্গ

0 55,909

শ্রীতমা ব্যানার্জী :শীতের আমেজ আসার কথা ছিল, অথচ নভেম্বরের শেষ সপ্তাহেই বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়ার অস্বাভাবিক পরিবর্তন নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। কিন্তু এই মুহূর্তের দুর্যোগই শেষ কথা নয়। সামনে আরও বড় জলবায়ু সংকটের আশঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। ২০২৬-২৭ সালে প্রশান্ত মহাসাগরে শক্তিশালী ‘সুপার এল নিনো’ পরিস্থিতি তৈরি হলে তার প্রভাব পড়তে পারে ভারতের মৌসুমি বায়ু, কৃষি, উপকূলীয় জনজীবন এবং তাপমাত্রার উপর।এই আশঙ্কার প্রেক্ষিতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য বিপদ নিয়ে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। ‘ওয়েস্ট বেঙ্গল রিজিওনাল সেমিনার অন স্ট্র্যাটেজিক কমিউনিকেশন অ্যান্ড পলিসি অ্যাকশন ফর সুপার এল নিনো রেজিলিয়েন্স’ শীর্ষক এই সভার যৌথ আয়োজক ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়, ভারতীয় আবহাওয়া দফতরের কলকাতা কেন্দ্র এবং পরিবেশ বিষয়ক সংস্থা ক্লাইমেট ট্রেন্ডস।

আকভানের বৃষ্টিতে স্পষ্ট বিপদের ইঙ্গিত

ঘূর্ণিঝড় আকভান ওড়িশা-অন্ধ্র উপকূলের গোপালপুরের কাছে স্থলভাগে প্রবেশ করার পর দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড়সড় পরিবর্তন দেখা দিয়েছে। কলকাতায় একটানা বৃষ্টি,দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।বিশেষজ্ঞদের মতে, এই সময়ে সাধারণত শীতের প্রবেশ অনুভূত হওয়ার কথা।সেখানে ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টি, দমকা হাওয়া এবং জল জমার আশঙ্কা আবহাওয়ার অস্বাভাবিক চরিত্রকেই সামনে আনছে।উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া এবং ঝোড়ো হাওয়ার গতি ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছনোর আশঙ্কাও তৈরি হয়েছে। এর ফলে মাঠে থাকা ধান, শীতকালীন ফসল, মৎস্যজীবীদের জীবিকা এবং শহরের নিকাশি ব্যবস্থা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

সুপার এল নিনো ঘিরে বাড়ছে উদ্বেগ

আলোচনা সভার মূল উদ্বেগ ২০২৬-২৭ সালের সম্ভাব্য শক্তিশালী এল নিনো পরিস্থিতি। প্রশান্ত মহাসাগরের জলপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে গেলে তার প্রভাব বিশ্বজুড়ে বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের স্বাভাবিক ছন্দে পরিবর্তন আনতে পারে। ভারতের মতো বর্ষানির্ভর দেশে এর প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের আশঙ্কা,শক্তিশালী এল নিনো পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে ভারতের বর্ষার নির্ভরযোগ্যতা কমতে পারে। পাশাপাশি গ্রীষ্মে তীব্র তাপপ্রবাহ, উপকূলবর্তী এলাকায় লবণাক্ততার সমস্যা এবং কৃষি উৎপাদনেও চাপ তৈরি হতে পারে। ফলে শুধু ঘূর্ণিঝড় বা অতিবৃষ্টির মতো তাৎক্ষণিক বিপর্যয় নয়,দীর্ঘমেয়াদি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও এখন থেকেই প্রস্তুতি প্রয়োজন।

প্রস্তুতি ও আগাম সতর্কতাই প্রধান হাতিয়ার

এই আলোচনায় উপস্থিত ছিলেন কলকাতার আঞ্চলিক আবহাওয়া কেন্দ্রের প্রধান ড. হাবিবুর রহমান বিশ্বাস, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ ওশানোগ্রাফিক স্টাডিজের অধিকর্তা অধ্যাপক তুহিন ঘোষ, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. গৌতম সাহা এবং কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধিকর্তা অভিষেক আচার্য।বিশেষজ্ঞদের বক্তব্য, শুধু আবহাওয়ার পূর্বাভাস দিলেই হবে না। সেই পূর্বাভাস অনুযায়ী জেলা স্তরে আর্থিক পরিকল্পনা,কৃষকদের জন্য উপযুক্ত পরামর্শ,উপকূলবর্তী এলাকার সুরক্ষা এবং সাধারণ মানুষের কাছে দ্রুত ও নির্ভুল তথ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে হবে।প্রায় ১৯০জন ভারতীয় পরিবেশবিদের তরফে জরুরি পর্যবেক্ষণের দাবির প্রসঙ্গও উঠে এসেছে আলোচনায়। অর্থাৎ, সম্ভাব্য জলবায়ু বিপর্যয় মোকাবিলায় বিজ্ঞানী, প্রশাসন, সংবাদমাধ্যম এবং স্থানীয় স্তরের প্রস্তুতির মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি।সব মিলিয়ে আকভানের অকালবৃষ্টি যেন আগামী দিনের আরও বড় সতর্কবার্তা। প্রকৃতির পরিবর্তিত মেজাজকে উপেক্ষা করার সুযোগ নেই। আজকের বৃষ্টি সামলানোর পাশাপাশি আগামী দিনের তাপপ্রবাহ, অনিয়মিত বর্ষা, কৃষি সংকট এবং উপকূলীয় বিপর্যয়ের মোকাবিলায় এখন থেকেই পরিকল্পনা নেওয়ার প্রয়োজন। নইলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত শুধু পরিবেশে সীমাবদ্ধ থাকবে না, সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবন ও জীবিকার উপর।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper