Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রাজনীতি ছাড়ার ঘোষণা অতীত,২০২৯-এ জোড়া লোকসভা আসনে লড়বেন হুমায়ুন

0 5,537

শ্রীতমা ব্যানার্জী :রাজনীতি ছেড়ে দুবাইয়ে স্থায়ীভাবে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু সেই ঘোষণা থেকে মাত্র দেড় মাসের মধ্যেই অবস্থান বদল নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীরের।রাজনীতির ময়দান থেকে সরে দাঁড়ানোর ভাবনা আপাতত অতীত। বরং ২০২৯ সালের লোকসভা নির্বাচনে একই সঙ্গে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা ঘোষণা করে নতুন করে রাজনৈতিক জল্পনা উসকে দিলেন তিনি। তাঁর পাখির চোখ বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র।মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনার কথা জানান হুমায়ুন। তাঁর বক্তব্য, আসন পুনর্বিন্যাস বা ডিলিমিটেশনের কারণে নির্বাচনী মানচিত্রে কোনও পরিবর্তন না হলে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে তিনি বহরমপুর ও মুর্শিদাবাদ, এই দুই কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিধানসভা নির্বাচনে দুটি আসনে লড়াইয়ের অভিজ্ঞতার পুনরাবৃত্তি লোকসভাতেও করতে চান তিনি। তাঁর কথায়, এই পরিকল্পনা দীর্ঘদিনের।উল্লেখযোগ্য, গত ৭ অক্টোবর রেজিনগর বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্কের জন্ম দিয়েছিলেন হুমায়ুন। ওই নির্বাচনে তাঁর ছেলে গোলাম নবী আজাদ প্রার্থী ছিলেন। ভোটের সময় পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। এমনকী, নির্বাচনে তাঁদের পরিকল্পিতভাবে হারানো হয়েছে বলেও দাবি করেছিলেন নওদার বিধায়ক।সেই সময় আবেগপ্রবণ হয়ে সক্রিয় রাজনীতি থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছিলেন হুমায়ুন। জানিয়েছিলেন, রাজনীতি ছেড়ে দুবাইয়ে চলে যাবেন। এমনকী, মুখ্যমন্ত্রী সুদীপ্ত অধিকারী পদে থাকা পর্যন্ত বিধানসভায় না যাওয়ার কথাও বলেছিলেন। কিন্তু সময়ের সঙ্গে তাঁর সেই অবস্থানে পরিবর্তন এসেছে।মঙ্গলবার সাংবাদিকদের তিনি জানান, উপনির্বাচন ঘিরে যে ক্ষোভ ও অভিমান তৈরি হয়েছিল, তা এখন অনেকটাই প্রশমিত হয়েছে। জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়িত্বের কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। নওদার মানুষ তাঁকে এলাকার উন্নয়নের জন্য নির্বাচিত করেছেন, তাই তাঁদের প্রতি দায়বদ্ধতা থেকে কাজ করে যেতে চান বলে জানিয়েছেন।মুখ্যমন্ত্রীর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন উন্নয়নমূলক কাজে বাধা হয়ে দাঁড়াবে কি না, সেই প্রশ্নের উত্তরে হুমায়ুনের বক্তব্য, প্রয়োজন হলে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং কথা বলবেন। রাজ্যের প্রশাসনিক প্রধানকে এড়িয়ে এলাকার উন্নয়ন সম্ভব নয় বলেও মনে করেন তিনি। অর্থাৎ, সাম্প্রতিক রাজনৈতিক সংঘাতের পর প্রশাসনের সঙ্গে কাজের সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিতও দিয়েছেন নওদার বিধায়ক।এদিকে আগামী ৪ ডিসেম্বর পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিন উপস্থিত থাকার কথাও জানিয়েছেন তিনি। অধিবেশনের প্রথম দিন যোগ দিয়ে সেদিনই মুর্শিদাবাদে ফিরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।সব মিলিয়ে, রেজিনগর উপনির্বাচনের পর রাজনীতি ছাড়ার ঘোষণা থেকে ২০২৯ সালের লোকসভা নির্বাচনে দুটি আসনে লড়াইয়ের পরিকল্পনা, হুমায়ুন কবীরের এই ইউ-টার্ন রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বহরমপুর ও মুর্শিদাবাদকে সামনে রেখে তাঁর এই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper