Khabor Ekhon
রাসের মঞ্চে কৃষ্ণনাম, মুখে পুরভোটের রণডঙ্কা,নবদ্বীপে প্রার্থী নিয়ে নামবে বিজেপি
রমিত সরকার :রাসের উৎসব, রাধাকৃষ্ণের লীলা আর শ্রীচৈতন্যের স্মৃতিবিজড়িত নবদ্বীপের আধ্যাত্মিক আবহ। কিন্তু সেই ধর্মীয় ও সাংস্কৃতিক মঞ্চ থেকেই আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ের সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। রাস উৎসবে যোগ দিয়ে তাঁর ঘোষণা, আগামী পুর নির্বাচনে প্রার্থী নিয়ে ফের নবদ্বীপের অলিগলি, পাড়ায় পাড়ায় পৌঁছে যাবেন তাঁরা। মানুষের কাছে গিয়ে চাইবেন জনসমর্থন।সোমবার নবদ্বীপের রাস উৎসবের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই কৃষ্ণের রাসলীলা এবং শ্রীচৈতন্যের আধ্যাত্মিক উত্তরাধিকারের কথা তুলে ধরেন শমীক। নবদ্বীপের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের কথা স্মরণ করিয়ে দেন তিনি। তবে বক্তব্যের এক পর্যায়ে উৎসবের মঞ্চ থেকেই রাজনৈতিক বার্তা স্পষ্ট হয়ে ওঠে। আগামী পুর নির্বাচনকে সামনে রেখে দলের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আবার প্রার্থীদের নিয়ে শহরের গলি ও অলিগলিতে পৌঁছবেন তাঁরা। মানুষের কাছে গিয়ে ভোট চাইবেন।শমীকের এই মন্তব্যে স্পষ্ট, আগামী পুর নির্বাচনকে ঘিরে এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। নবদ্বীপে দলের সাংগঠনিক ভিত আরও মজবুত করার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানোর কৌশলেই জোর দিতে চাইছে গেরুয়া শিবির।এদিন নবদ্বীপের বিজেপি বিধায়ক শ্রুতিশেখর গোস্বামীর ভূমিকাও তুলে ধরেন শমীক।তাঁর কথায়, রাজনীতির ময়দানে তুলনামূলক নতুন হলেও মানুষের কাছে পৌঁছনো, তাঁদের অভাব-অভিযোগ শোনা এবং এলাকার উন্নয়নের জন্য কাজ করার চেষ্টা করছেন বিধায়ক। সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যা, ছোট ছোট প্রত্যাশা এবং অপূর্ণ চাহিদার সমাধান করাই রাজনীতির অন্যতম উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি।একই সঙ্গে নবদ্বীপের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রসঙ্গও উঠে আসে তাঁর বক্তব্যে।শ্রীচৈতন্য, কৃষ্ণভক্তি এবং বৈষ্ণব পরম্পরার সঙ্গে এই জনপদের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে শমীক বলেন, নবদ্বীপ বাংলার ইতিহাস ও সংস্কৃতিতে এক বিশেষ স্থান অধিকার করে রয়েছে।এই ঐতিহ্যকে বুঝতে চৈতন্যচরিতামৃত এবং হরিদাস সিদ্ধান্তবাগীশের রচনাগুলি পড়ার পরামর্শও দেন তিনি।ধর্মীয় উৎসবের মঞ্চে রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি উৎসবের নিজস্ব মর্যাদা বজায় রাখার কথাও বলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে দলীয় রাজনীতির দৃষ্টিভঙ্গিতে বিচার করা উচিত নয়। উৎসবের আসল তাৎপর্য রাধা-কৃষ্ণের লীলা ও আধ্যাত্মিক চেতনার মধ্যেই নিহিত।অনুষ্ঠানে পার্থসারথি পুজোর প্রসঙ্গও টানেন শমীক। কৃষ্ণের সারথিরূপের সঙ্গে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় সিংয়ের উপস্থিতির যোগসূত্র টেনে রসিকতাও করেন তিনি।তবে রাস উৎসবের আবহে দেওয়া শমীকের রাজনৈতিক বার্তাই দিনের শেষে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। নবদ্বীপের মাটিতে ধর্মীয় ঐতিহ্যের পাশাপাশি আগামী পুর নির্বাচনের প্রস্তুতিকেও সামনে আনল বিজেপি। উৎসবের আলো নিভে যাওয়ার পরেও রাজনৈতিক ময়দানে সেই বার্তার প্রতিধ্বনি কতটা জোরালো হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

