Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

বিমানবন্দরে শ্রমিক সংগঠন গড়েই বেকায়দায় বিজেপি,এবার স্পষ্ট জানাল ‘আমাদের ইউনিয়ন নেই’

0 551,818

শ্রীতমা ব্যানার্জী :শ্রমিক সংগঠন তৈরির ঘোষণা ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছিল বিজেপি। কলকাতা বিমানবন্দর থেকে প্রথমবারের মতো নিজেদের শ্রমিক সংগঠনের যাত্রা শুরু করেছিল গেরুয়া শিবির। কিন্তু সেই ঘোষণার কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই অবস্থান বদল করল দল।স্পষ্ট জানিয়ে দেওয়া হল,পশ্চিমবঙ্গে বিজেপির নিজস্ব কোনও শ্রমিক সংগঠন বা ট্রেড ইউনিয়ন নেই। রয়েছে শুধুমাত্র ‘ট্রেড ইউনিয়ন রিলেশন সেল’। এই সেলের ব্যানারে কোনও শ্রমিক সংগঠন গড়ে তোলা বা পরিচালনার অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছে রাজ্য নেতৃত্ব.।সোমবার বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক তথা কার্যালয় প্রভারী শশী অগ্নিহোত্রী একটি লিখিত বিবৃতি প্রকাশ করেন। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের পক্ষে জারি করা ওই বিবৃতিতে দলের অবস্থান স্পষ্ট করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, বিজেপির সাংগঠনিক নীতি অনুযায়ী দলের নামে কোনও শ্রমিক সংগঠন পরিচালনার অনুমোদন নেই। দলের কর্মী, সদস্য ও নেতাদেরও এ ধরনের কোনও সংগঠনের সঙ্গে যুক্ত না হওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে।কিন্তু কেন এই অবস্থান পরিবর্তন?রাজনৈতিক মহলের নজর এখন সেই প্রশ্নেই। গত ৩১ অক্টোবর নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছিল ‘এনএসসিবিআই এয়ারপোর্ট কনট্রাক্টরস ওয়ার্কার্স মোর্চা’। বিমানবন্দরের চুক্তিভিত্তিক কর্মীদের স্বার্থরক্ষার লক্ষ্যেই এই সংগঠন গড়ার কথা ঘোষণা করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের একাধিক শীর্ষ নেতা।সেই অনুষ্ঠানে সুনীল বনসল সংগঠনটিকে বিজেপির প্রথম আনুষ্ঠানিক শ্রমিক সংগঠন হিসেবে বর্ণনা করেছিলেন।আগামী দিনে অন্যান্য ক্ষেত্রেও এই ধরনের সংগঠন গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন তিনি। শমীক ভট্টাচার্যও শ্রমিকদের ন্যায্য অধিকার এবং তাঁদের দাবি-দাওয়া তুলে ধরার প্রয়োজনীয়তার কথা বলেছিলেন। ফলে বিমানবন্দর থেকে শুরু হওয়া এই উদ্যোগকে বিজেপির শ্রমিক রাজনীতিতে নতুন অধ্যায় হিসেবেই দেখেছিল রাজনৈতিক মহল।তবে সংগঠন আত্মপ্রকাশের পর থেকেই বিতর্কের সূত্রপাত। অভিযোগ ওঠে, শ্রমিক সংগঠনের নাম ব্যবহার করে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া লিফলেট ছাপিয়ে তোলাবাজির চেষ্টা চলছে। এই অভিযোগ সামনে আসার পরই বিষয়টি নিয়ে অস্বস্তি বাড়ে বলে রাজনৈতিক মহলের একাংশের ধারণা। যদিও অভিযোগগুলির সত্যতা নিয়ে তদন্তের কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি, তবু দলীয় বিবৃতিতে এ ধরনের কর্মকাণ্ডকে সম্পূর্ণ বেআইনি এবং বিজেপির সাংগঠনিক নীতির পরিপন্থী বলে উল্লেখ করা হয়েছে।বিবৃতিতে আরও জানানো হয়েছে, ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের অধীনে বিভিন্ন ইউনিট কীভাবে কাজ করবে, তার কাঠামো ও কার্যপদ্ধতি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে। অর্থাৎ শ্রমিকদের সঙ্গে যোগাযোগ রাখার সাংগঠনিক ব্যবস্থা থাকলেও সরাসরি দলীয় ব্যানারে ট্রেড ইউনিয়ন চালানোর অনুমতি আপাতত দিচ্ছে না বিজেপি।তবে এই ঘোষণার পরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে।৩১অক্টোবর আত্মপ্রকাশ করা বিমানবন্দরের শ্রমিক সংগঠনটির ভবিষ্যৎ কী? সংগঠনের সঙ্গে ইতিমধ্যে যুক্ত হওয়া কর্মীদের অবস্থানই বা কী হবে? দলীয় বিবৃতিতে সংগঠনটির আনুষ্ঠানিক বিলুপ্তির কথা স্পষ্ট করে বলা হয়নি। ফলে বিজেপির এই নতুন অবস্থানের পরেও কিছুটা ধোঁয়াশা থেকেই যাচ্ছে।রাজ্যের শ্রমিক রাজনীতিতে দীর্ঘদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই প্রেক্ষাপটে বিজেপির নিজস্ব শ্রমিক সংগঠন তৈরির উদ্যোগ ছিল তাৎপর্যপূর্ণ।কিন্তু আত্মপ্রকাশের কয়েক সপ্তাহের মধ্যেই দলীয় অবস্থান বদল এবং তোলাবাজির অভিযোগ ঘিরে তৈরি হওয়া বিতর্ক নতুন করে প্রশ্ন তুলেছে বিজেপির শ্রমিক সংগঠন পরিচালনার কৌশল নিয়ে।বিমানবন্দরে যে সংগঠনকে একদিন ঐতিহাসিক সূচনা হিসেবে তুলে ধরা হয়েছিল, আজ সেই সংগঠন ঘিরেই দলের অবস্থান স্পষ্ট করতে হচ্ছে নেতৃত্বকে। শ্রমিকদের পাশে দাঁড়ানোর রাজনৈতিক বার্তা থেকে আপাতত সাংগঠনিক দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত, বিজেপির এই পদক্ষেপ রাজ্যের শ্রমিক রাজনীতিতে কতটা প্রভাব ফেলে,এখন সেটাই দেখার।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper