Khabor Ekhon
ভোপালের ইজতেমা ঘিরে পুলিশের তৎপরতা,জেলায় জেলায় শুরু তথ্য সংগ্রহ
শ্রীতমা ব্যানার্জী :মধ্যপ্রদেশের ভোপালে আসন্ন তবলিগি জামাতের ইজতেমাকে ঘিরে তৎপর পশ্চিমবঙ্গ পুলিশ। ধর্মীয় সমাবেশে যোগ দিতে রাজ্য থেকে কতজন যাচ্ছেন, কোন কোন সংগঠন বা জামাত অংশ নিচ্ছে, কীভাবে তাঁরা ভোপালে পৌঁছবেন এবং সেখানে কোথায় থাকবেন, এবার তার বিস্তারিত তথ্য চেয়ে পাঠাল পুলিশ সদর দফতর। এই নির্দেশ ঘিরে রাজ্যের প্রশাসনিক মহলে শুরু হয়েছে তৎপরতা।আগামী ৪ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চার দিন ধরে ভোপালে অনুষ্ঠিত হওয়ার কথা তবলিগি জামাতের এই ধর্মীয় সমাবেশ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ থেকে যাঁরা এই অনুষ্ঠানে যোগ দিতে যাবেন, তাঁদের সম্পর্কে আগাম তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার রাতে রাজ্যের বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার, জেলার পুলিশ সুপার এবং অন্যান্য পদস্থ আধিকারিকদের কাছে এই সংক্রান্ত নির্দেশ পাঠানো হয়েছে। আগামী ২৭ নভেম্বরের মধ্যে সমস্ত তথ্য সংগ্রহ করে পুলিশ সদর দফতরে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
কী কী তথ্য জানতে চেয়েছে পুলিশ?
প্রতিটি জেলা থেকে কতগুলি জামাত বা সংগঠন ভোপালের উদ্দেশে রওনা দেবে, সেই সংগঠনগুলির সদস্যসংখ্যা কত, মোট কতজন এই সমাবেশে যোগ দেবেন, তাঁদের যাতায়াতের মাধ্যম কী এবং ভোপালে তাঁদের থাকার ব্যবস্থা কোথায় হয়েছে, এই সমস্ত তথ্য জানতে চাওয়া হয়েছে।এমনকী, সমাবেশে অংশগ্রহণকারীদের নিয়ে যাওয়ার জন্য কোনও বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে কি না, অথবা বিশেষ ট্রেনের আবেদন জানানো হয়েছে কি না, তাও যাচাই করতে বলা হয়েছে।ইতিমধ্যেই আসানসোল-সহ রাজ্যের একাধিক জেলায় স্থানীয় থানা ও গোয়েন্দা বিভাগ তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুল রিপোর্ট তৈরির জন্য সংশ্লিষ্ট এলাকায় যাতায়াতের পরিকল্পনাও যাচাই করা হচ্ছে।প্রশাসনিক সূত্রের বক্তব্য, বড় ধর্মীয় সমাবেশে বিপুল সংখ্যক মানুষের যাতায়াতের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যাতায়াতের সমন্বয় নিশ্চিত করতেই এই আগাম তথ্য সংগ্রহের উদ্যোগ। পুলিশের তরফে একে নিয়মিত সতর্কতামূলক প্রশাসনিক পদক্ষেপ হিসেবেই ব্যাখ্যা করা হচ্ছে।উল্লেখ্য, ভোপালের তবলিগি ইজতেমা, যা আলমি তবলিগি ইজতেমা নামেও পরিচিত, বিশ্বের অন্যতম বৃহৎ বার্ষিক ইসলামিক ধর্মীয় সমাবেশগুলির মধ্যে একটি। দেশ-বিদেশ থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মানুষ এই অনুষ্ঠানে অংশ নেন।সব মিলিয়ে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভোপালের ধর্মীয় সমাবেশকে কেন্দ্র করে আগাম প্রস্তুতি শুরু করেছে বাংলার পুলিশ প্রশাসন। আগামী ২৭ নভেম্বরের মধ্যে জেলা থেকে আসা রিপোর্টে রাজ্য থেকে কতজন অংশগ্রহণ করবেন, কোন পথে তাঁদের যাত্রা এবং কীভাবে এই যাতায়াতের সমন্বয় করা হচ্ছে, তার বিস্তারিত চিত্র সামনে আসার সম্ভাবনা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

