Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

দেবতার চরণে অর্পিত ফুলেই ফিরবে রোজগার,নতুন উদ্যোগ আসানসোলে

0 5,547

শ্রীতমা ব্যানার্জী :পুজোর পর ফুল কোথায় ফেলবেন, তা নিয়ে আর চিন্তা করতে হবে না। বাড়ির ঠাকুরঘর থেকে মন্দির, পুজোয় ব্যবহৃত ফুল এবার আর জলাশয় কিংবা আবর্জনার স্তূপে ফেলার প্রয়োজন হবে না। সেই ফুল সংগ্রহ করে তা থেকেই তৈরি হবে ধূপকাঠি ও আবির। পরিবেশ দূষণ রোধ এবং বর্জ্যকে সম্পদে পরিণত করার লক্ষ্যে অভিনব উদ্যোগ নিতে চলেছে আসানসোল পুরনিগম। পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো বাড়ি বাড়ি গিয়ে সাপ্তাহিক ফুলের বর্জ্য সংগ্রহের এই বিশেষ পরিষেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এই পরিকল্পনার কথা জানিয়েছেন। রবিবার দুর্গাপুর নগর নিগমে প্রশাসনিক বৈঠকের পর তিনি জানান, নির্দিষ্ট দিনে বিশেষভাবে সাজানো গাড়ি বিভিন্ন এলাকায় ঘুরে বাড়ি বাড়ি থেকে পুজোয় ব্যবহৃত ফুল সংগ্রহ করবে। প্রাথমিকভাবে আসানসোল থেকেই এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।পরিকল্পনা অনুযায়ী, আসানসোল পুরনিগমের ১০৬টি ওয়ার্ডেই সপ্তাহে একদিন করে এই বিশেষ গাড়ি পৌঁছবে। গাড়িগুলিতে থাকবে হিন্দু দেবদেবীর ছবি। পাশাপাশি বাজবে ভক্তিমূলক গান। সেই গান শুনেই বাসিন্দারা বুঝতে পারবেন, ফুল সংগ্রহের গাড়ি তাঁদের এলাকায় এসে গিয়েছে। বাড়ির পুজোর ফুল একটি প্যাকেটে ভরে সারা সপ্তাহ জমিয়ে রাখার পর নির্দিষ্ট দিনে সেই গাড়িতে তুলে দিতে হবে।মন্ত্রী জানিয়েছেন, সংগৃহীত ফুল থেকে সুগন্ধি ধূপকাঠি এবং ভেষজ আবির তৈরি করা হবে। অর্থাৎ, যে ফুল একসময় পুকুর বা নদীতে ফেলে দেওয়া হত, সেই ফুলই এবার পুনর্ব্যবহার করে বাজারজাত পণ্য তৈরির কাঁচামাল হয়ে উঠবে।এই প্রকল্পের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল কর্মসংস্থান। ফুল সংগ্রহের পর সেগুলি প্রক্রিয়াকরণ এবং উৎপাদনের কাজে যুক্ত করা হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। এর ফলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয় মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার সুযোগও তৈরি হবে।উল্লেখ্য, বাড়ি বাড়ি ফুল সংগ্রহের পরিকল্পনার আগে বিভিন্ন মন্দির থেকে ব্যবহৃত ফুল সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছিল। কল্যাণেশ্বরী মন্দির, ঘাঘর বুড়ি মাতা মন্দির এবং আসানসোল ও বার্নপুরের বিভিন্ন পুজো মণ্ডপ থেকে ফুল সংগ্রহের কাজকে এই বৃহত্তর প্রকল্পের ভিত্তি হিসেবে দেখা হচ্ছে। পরবর্তী পর্যায়ে দক্ষিণেশ্বর, কালীঘাট এবং নৈহাটির বড়মা মন্দির থেকেও ফুল সংগ্রহের পরিকল্পনা রয়েছে।পরিবেশ দূষণ রোধে এই উদ্যোগ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ ধর্মীয় আবেগের কারণে অনেকেই পুজোর ফুল সাধারণ আবর্জনার সঙ্গে ফেলতে চান না। ফলে সেই ফুল অনেক সময় জলাশয়ে বিসর্জন দেওয়া হয়। এতে জলদূষণের আশঙ্কা তৈরি হয়। পুরনিগমের এই নতুন ব্যবস্থা চালু হলে সেই সমস্যার মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন।সব মিলিয়ে, আসানসোলের এই উদ্যোগ শুধু বর্জ্য ব্যবস্থাপনার নতুন দৃষ্টান্ত নয়, ধর্মীয় ভাবাবেগকে সম্মান জানিয়ে পরিবেশ রক্ষা এবং মহিলাদের কর্মসংস্থান তৈরিরও একটি অভিনব প্রয়াস।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper