Khabor Ekhon
কালো ধোঁয়ায় ঢাকল মল্লিকবাজার,আগুন নেভাতে পাঁচ ইঞ্জিন
শ্রীতমা ব্যানার্জী :কলকাতার মল্লিকবাজার এলাকায় বুধবার দুপুরে একটি বহুতল ভবনে আগুন লাগাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এজেসি বোস রোড সংলগ্ন ওই ভবনে আগুনের সূত্রপাত হতেই গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু হয় জোরদার তৎপরতা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবনের দোতলায় একটি পোশাকের গুদাম রয়েছে। বুধবার সকালে সেখান থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে ভবনের অন্য অংশেও। পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠায় আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে বাইরে বেরিয়ে আসেন।ঘটনাস্থলে পৌঁছে দমকলকর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন।তবে সরু গলির মধ্যে ভবনটি অবস্থিত হওয়ায় দমকলের গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌঁছতে যথেষ্ট সমস্যার মুখে পড়তে হয় কর্মীদের।বাইরে থেকে দীর্ঘ পাইপ নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হয়।পুলিশ ও দমকলকর্মীদের তৎপরতায় ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়।প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে অনুমান দমকল আধিকারিকদের।যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর গোটা ঘটনার তদন্ত করা হবে।পাশাপাশি গুদাম ও ভবনে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কি না,তাও খতিয়ে দেখা হবে।এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি পোশাকের গুদামে আগুন লাগার ঘটনায় ফের একবার শহরের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

