Khabor Ekhon
১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুঁশিয়ারি অর্জুনের,ঘিরে তীব্র বিতর্ক
শ্রীতমা ব্যানার্জী :বাংলাদেশের মাটিতে হিন্দুদের উপর অত্যাচার ও হত্যার অভিযোগ ঘিরে এবার বিস্ফোরক মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং। মঙ্গলবার ভাটপাড়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখল করবে ভারত। প্রতিবেশী দেশে হিন্দুদের হত্যার বদলা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে।অর্জুন সিংয়ের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এল, যখন প্রাক্তন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে ভারত-বাংলাদেশের সম্পর্কে নতুন করে টানাপোড়েন তৈরি হয়েছে। হাসিনার মুখপাত্র জানিয়েছেন, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসের দিন দিল্লি থেকে ঢাকায় ফিরতে চান তিনি। বাংলাদেশের জাতীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে দেশে ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন হাসিনা।কিন্তু হাসিনার প্রত্যাবর্তন নিয়ে আপত্তি রয়েছে ঢাকার বর্তমান সরকারের। বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বক্তব্য, হাসিনা দেশে ফিরতে পারবেন কেবল প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমে। এমনকী তাঁকে হাতকড়া পরিয়ে এবং কড়া নিরাপত্তার মধ্যে ফিরিয়ে আনার কথাও বলেছেন তিনি।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ অগস্ট ছাত্র আন্দোলনের জেরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতেই রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন হাসিনা।সব মিলিয়ে ১৬ ডিসেম্বরকে কেন্দ্র করে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক কোন দিকে মোড় নেয়,এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

