Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ডিগ্রি প্রদানের অনুষ্ঠানে এবার দেশীয় সাজ,গাউন-টুপি তুলে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

0 55,397

শ্রীতমা ব্যানার্জী:শিক্ষার মঞ্চে এবার পোশাকেও বদলের হাওয়া।বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান মানেই এতদিন কালো গাউন, মাথায় বিশেষ টুপি আর আনুষ্ঠানিকতার পরিচিত ছবি। সেই দীর্ঘদিনের প্রচলিত রীতিতেই এবার দাঁড়ি টানতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। ঔপনিবেশিক আমলের পোশাক সরিয়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তনে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ডিগ্রি প্রদানের মঞ্চে এবার গুরুত্ব পেতে চলেছে দেশীয় সংস্কৃতি ও পরম্পরা।রাজ্যের উচ্চশিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে ঘিরে ইতিমধ্যেই শিক্ষামহলে শুরু হয়েছে আলোচনা। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের কাছে প্রথমে জানতে চাওয়া হয়েছিল, প্রচলিত গাউন ও টুপির পরিবর্তে ভারতীয় পোশাক এবং উত্তরীয় চালু করতে গেলে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আইন বা বিধিতে কোনও পরিবর্তনের প্রয়োজন হবে কি না। প্রয়োজন হলে সেই অনুযায়ী সংশোধনের প্রস্তাবও দিতে বলা হয়েছিল। এরপরই রাজ্য সরকারের তরফে নতুন পোশাকবিধি কার্যকর করার সিদ্ধান্ত সামনে আসে।সরকারের যুক্তি, সমাবর্তনের মতো গুরুত্বপূর্ণ শিক্ষানুষ্ঠানে ব্রিটিশ আমলের পোশাকের পরিবর্তে ভারতীয় সংস্কৃতির নিজস্ব পরিচয় তুলে ধরা উচিত।ধুতি-পাঞ্জাবি, শাড়ি কিংবা দেশীয় তাঁতের পোশাকের সঙ্গে উত্তরীয়, এমন ভাবনাই গুরুত্ব পাচ্ছে।তবে ঠিক কী ধরনের পোশাক পরতে হবে,তার চূড়ান্ত নকশা ও রীতি এখনও নির্ধারিত হয়নি।এই ভাবনার পিছনে রয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনেরও একাধিক পরামর্শ। ২০১৫, ২০১৯ এবং ২০২৪ সালে ইউজিসি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিকে সমাবর্তনের পোশাকে ভারতীয় হ্যান্ডলুম ও ঐতিহ্যবাহী বস্ত্র ব্যবহারের পরামর্শ দিয়েছিল। দেশীয় তাঁতশিল্পকে উৎসাহ দেওয়া এবং ঔপনিবেশিক পোশাকের পরিবর্তে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরাই ছিল সেই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।তবে এই সিদ্ধান্ত ঘিরে একেবারে বিতর্কহীন পরিবেশ নেই। বিশেষ করে ঐতিহ্যবাহী কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের পোশাক পরিবর্তনের বিষয়টি নিয়ে শিক্ষামহলে মতভেদ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের ঐতিহ্য, ইতিহাস ও নিজস্ব পরিচয়ের সঙ্গে সমাবর্তনের গাউনের সম্পর্ক রয়েছে বলে মনে করছেন শিক্ষকদের একাংশ। অন্যদিকে, দেশীয় পোশাকের ব্যবহারকে স্বাগত জানালেও প্রতিষ্ঠানের নিজস্ব ঐতিহ্য অক্ষুণ্ণ রাখার পক্ষে মত রয়েছে অনেকের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে বিষয়টি নিয়ে আলোচনার কথাও রয়েছে। সব মিলিয়ে রাজ্যের উচ্চশিক্ষার আঙিনায় এবার শুধু পাঠক্রম বা প্রশাসনিক সংস্কার নয়, বদলের ছোঁয়া লাগতে চলেছে দীর্ঘদিনের আনুষ্ঠানিক পোশাকেও। ডিগ্রি হাতে নেওয়ার মুহূর্তে কালো গাউন ও টুপির বদলে যদি ধুতি-পাঞ্জাবি,শাড়ি আর উত্তরীয় জায়গা করে নেয়, তাহলে তা নিছক পোশাকের পরিবর্তন থাকবে না, হয়ে উঠবে সংস্কৃতি ও শিক্ষার মেলবন্ধনের নতুন পরিচয়।তবে এই পরিবর্তন কতটা সর্বজনগ্রাহ্য হয়, সেটাই এখন দেখার।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper