Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

৮বি-তে বেপরোয়া গাড়ির তাণ্ডব, আহত একাধিক

0 5,536

শ্রীতমা ব্যানার্জী :ফের বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে উত্তপ্ত দক্ষিণ কলকাতা। মঙ্গলবার রাতে যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি দ্রুতগতির চারচাকা গাড়ির ধাক্কায় আহত হলেন একাধিক পথচারী। একটি রিকশাকেও সজোরে ধাক্কা মারে গাড়িটি। গুরুতর জখম হন রিকশাচালক ও তাঁর মহিলা যাত্রী। দুর্ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাত নাগাদ ৮বি বাসস্ট্যান্ডের কাছে রাস্তার বাঁক নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। অভিযোগ, প্রথমে কয়েক জন পথচারীকে ধাক্কা মারে গাড়িটি। এরপর একটি রিকশায় সজোরে ধাক্কা লাগে। ধাক্কার অভিঘাতে রিকশাচালক এবং মহিলা যাত্রী রাস্তায় ছিটকে পড়েন। তাঁদের আঘাত গুরুতর হওয়ায় দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের কেপিসি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে। আরও কয়েক জনের সামান্য আঘাত লাগার খবরও সামনে এসেছে।তবে দুর্ঘটনার ভয়াবহতা এখানেই শেষ হয়নি। স্থানীয়দের অভিযোগ, রিকশায় ধাক্কা মারার পর গাড়িটি রাস্তার পাশে থাকা রাজীব গান্ধীর মূর্তির বেদিতেও ধাক্কা মারে। ক্ষতিগ্রস্ত হয় বেদির একাংশ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। ঘাতক গাড়িটিকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালায়। গাড়ির চালককেও মারধর করা হয় বলে অভিযোগ।স্থানীয়দের একাংশের দাবি, গাড়িতে থাকা যুবকেরা মত্ত অবস্থায় ছিলেন। চালক মদ্যপ ছিলেন কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও এই অভিযোগের সত্যতা এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বিক্ষুব্ধ জনতার হাত থেকে গাড়ির চালককে উদ্ধার করে আটক করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। দুর্ঘটনা ও পরবর্তী বিক্ষোভের জেরে ৮বি সংলগ্ন এলাকায় যান চলাচলও ব্যাহত হয়। বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় রাস্তায়।ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঠিক কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, চালকের গাফিলতি ছিল কি না এবং তিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন কি না, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনায় আহতদের শারীরিক অবস্থার দিকেও নজর রাখা হচ্ছে।শহরের ব্যস্ত রাস্তায় রাতের অন্ধকারে বেপরোয়া গাড়ি চালানোর ঘটনা নতুন নয়। কিন্তু যাদবপুরের এই ঘটনা ফের সামনে এনে দিল পথচারীদের নিরাপত্তার প্রশ্ন। কয়েক মুহূর্তের অসতর্কতা কিংবা দায়িত্বজ্ঞানহীন ড্রাইভিং যে কতগুলি পরিবারের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে, ৮বি-র এই দুর্ঘটনা তারই আরেকটি উদ্বেগজনক উদাহরণ।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper