Khabor Ekhon
কলকাতার ঘরে বসেই বিদেশে প্রতারণার সাম্রাজ্য
শ্রীতমা ব্যানার্জী :শহর কলকাতা থেকে দক্ষিণ ২৪ পরগনা, ভুয়ো কল সেন্টারের আড়ালে আন্তর্জাতিক সাইবার প্রতারণার জাল বিস্তারের অভিযোগ। বিদেশি নাগরিকদের নিশানা করে চলছিল প্রতারণার কারবার। বিশেষ করে ব্রিটেন ও আমেরিকার প্রবীণ নাগরিকদের টার্গেট করত এই চক্র। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে কলকাতার ট্যাংরা এবং দক্ষিণ ২৪ পরগনার রসপুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও একাধিক ডিজিটাল সরঞ্জাম উদ্ধার করল কলকাতা পুলিশ। গত এক সপ্তাহে এই ধরনের অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্যাংরা এলাকায় প্রথমে অভিযান চালিয়ে গিরিশ সামতারি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, এই চক্রের আর্থিক লেনদেনের গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই দক্ষিণ ২৪ পরগনার রসপুঞ্জে একটি বেআইনি কল সেন্টারের সন্ধান মেলে বলে খবর। এরপর সেখানে অভিযান চালিয়ে আরও একটি প্রতারণা চক্রের হদিস পান তদন্তকারীরা। পুলিশি অভিযানের সময় ওই কল সেন্টারে ন’জনকে উপস্থিত অবস্থায় পাওয়া যায়। তাঁদের ভূমিকা এবং এই প্রতারণা চক্রের সঙ্গে যোগাযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
উদ্ধার বিপুল ডিজিটাল সরঞ্জাম ও নগদ টাকা
দুই জায়গায় অভিযান চালিয়ে মোট ১৩টি ডেস্কটপ কম্পিউটার, আটটি ল্যাপটপ, ১৪টি মোবাইল ফোন, একটি রাউটার এবং ১৫টি হেডফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুধু তাই নয়, ট্যাংরা থেকে উদ্ধার হয়েছে ৫ লক্ষ ২০ হাজার টাকা নগদ। এই সমস্ত ডিজিটাল সরঞ্জাম ও নথি পরীক্ষা করে প্রতারণার পদ্ধতি এবং চক্রের বিস্তৃতি সম্পর্কে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা।
বিদেশের প্রবীণ নাগরিকরাই ছিল নিশানা
তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, এই চক্রের মূল নিশানায় ছিলেন ব্রিটেন ও আমেরিকার নাগরিকরা। বিশেষ করে প্রবীণদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ রয়েছে। উদ্ধার হওয়া ডিজিটাল তথ্যের মধ্যে বিদেশি নাগরিকদের সঙ্গে সম্পর্কিত তথ্যও মিলেছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।তদন্তকারীরা এখন জানার চেষ্টা করছেন, বিদেশে বসে থাকা প্রতারকদের সঙ্গে এই চক্রের সরাসরি যোগাযোগ ছিল কি না, আর্থিক লেনদেন কীভাবে পরিচালিত হত এবং এই নেটওয়ার্কের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে।পুলিশের দাবি, গত এক সপ্তাহে ভুয়ো কল সেন্টারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে মোট ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে ৫৬টি ডিজিটাল ডিভাইস এবং প্রায় ২০ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে।তবে এই চক্রের নেপথ্যে আরও বড় কোনও সংগঠিত সাইবার অপরাধী নেটওয়ার্ক রয়েছে কি না, তা এখনও তদন্তসাপেক্ষ। ধৃতদের জিজ্ঞাসাবাদ এবং বাজেয়াপ্ত সামগ্রী পরীক্ষা করে সেই রহস্যের কিনারা করতে চাইছে পুলিশ।কলকাতা ও সংলগ্ন এলাকায় একের পর এক ভুয়ো কল সেন্টারের পর্দাফাঁস নতুন করে সাইবার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। শহরের বুকে বসে বিদেশের নাগরিকদের প্রতারণার অভিযোগ প্রমাণ করছে, সাইবার অপরাধের জাল এখন আর কোনও নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে আটকে নেই।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

