Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর

মিছিলে পুলিশের আপত্তি,ফের উত্তপ্ত চিকিৎসক মহল

0 55,498

শ্রীতমা ব্যানার্জী :কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকদের উপর হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদের আঁচ এবার আরও ছড়াল। ঘটনার প্রতিবাদে সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের একাংশ মেডিক্যাল কলেজ থেকে বউবাজার থানা পর্যন্ত মিছিল করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেই মিছিলে অনুমতি দিল না পুলিশ। বৃহস্পতিবার, ২৬ নভেম্বর পুলিশের তরফে মিছিল না করার জন্য আবেদন জানানো হয়েছে।সূত্রের খবর, বউবাজার থানার পক্ষ থেকে ইমেল পাঠিয়ে জানানো হয়েছে, থানা পর্যন্ত মিছিল হলে চলতি তদন্ত প্রক্রিয়া এবং আইনি কাজে বিঘ্ন ঘটতে পারে। পাশাপাশি সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, কলকাতা মেডিক্যাল কলেজে আট জন ইন্টার্নকে শোকজ করার প্রতিবাদে সম্প্রতি আন্দোলনে নামেন জুনিয়র চিকিৎসকদের একাংশ। চোরবাগানের পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে আহতদের চিকিৎসার জন্য বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওই চিকিৎসকেরা। সরকারি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা পরিকাঠামো থাকা সত্ত্বেও কেন আহতদের বেসরকারি হাসপাতালে পাঠানো হল, তা নিয়ে সরব হয়েছিলেন তাঁরা। এরপরই আট ইন্টার্নকে শোকজ নোটিস দেওয়া হয়।এই ঘটনাকে কেন্দ্র করে মেডিক্যাল কলেজ চত্বরে বিক্ষোভ চলাকালীন বহিরাগতদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে। যদিও অভিযুক্ত সংগঠনের তরফে পাল্টা হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।এদিকে, এই ঘটনায় তিন জুনিয়র চিকিৎসককে বউবাজার থানায় হাজিরার জন্য তলব করা হয়েছিল। সেই প্রেক্ষিতেই সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের একাংশ মিছিল করে থানায় যাওয়ার পরিকল্পনা করেন। কিন্তু পুলিশের আপত্তিতে আপাতত সেই কর্মসূচি অনিশ্চিত হয়ে পড়েছে।চিকিৎসকদের অভিযোগ, তাঁদের সহকর্মীদের উপর হামলার ঘটনায় এখনও পর্যন্ত দৃশ্যমান পদক্ষেপ হয়নি। অন্যদিকে, পুলিশের বক্তব্য, তদন্তের স্বার্থেই মিছিল না করার আবেদন জানানো হয়েছে। ফলে চিকিৎসকদের প্রতিবাদ এবং পুলিশের আপত্তিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কলকাতার চিকিৎসক মহলে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper