Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

আর আশ্বাস নয়,ঘাটাল মাস্টার প্ল্যানের হিসাব চাই

0 99,817

রাজনন্দিনী ঘোষ: বর্ষা এলেই বন্যার জলে ডুবে যায় ঘাটাল ও পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা। বছরের পর বছর ধরে বন্যার দুর্ভোগ থেকে মুক্তির আশায় তাকিয়ে রয়েছেন কয়েক লক্ষ মানুষ। দীর্ঘ প্রতীক্ষার পর ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নের ঘোষণা হলেও প্রকল্পের প্রথম পর্যায়ের কাজে আশানুরূপ অগ্রগতি না হওয়ায় এবার সরব হলেন স্থানীয় বাসিন্দারা। প্রকল্পের বর্তমান অবস্থা, খরচ এবং কাজের সময়সীমা স্পষ্ট করতে রাজ্য সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি জানালেন তাঁরা।বুধবার ঘাটালের ক্ষুদিরাম মূর্তির কাছে গণ অবস্থান কর্মসূচির আয়োজন করে ঘাটাল মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্টেশন অ্যাকশন কমিটি। তাঁদের অভিযোগ, প্রকল্পের কাজ শুরু করার নির্দেশ জারি হওয়ার প্রায় এক বছর হতে চললেও বাস্তবে উল্লেখযোগ্য অগ্রগতি চোখে পড়ছে না। বিশেষ করে শিলাবতী নদীর নিম্নপ্রবাহে পলি তোলার কাজ অত্যন্ত ধীরগতিতে চলছে। পাশাপাশি মাস্টার প্ল্যানের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজও কার্যত থমকে রয়েছে বলে দাবি আন্দোলনকারীদের।আন্দোলনকারীদের মূল দাবি, নভেম্বর মাসের মধ্যেই রাজ্য সরকারকে প্রকল্পের বিস্তারিত শ্বেতপত্র প্রকাশ করতে হবে। সেই শ্বেতপত্রে প্রকল্পের বর্তমান অগ্রগতি, আর্থিক বরাদ্দ, কাজের নির্দিষ্ট সময়সীমা এবং বাস্তবায়নের পরিকল্পনা স্পষ্টভাবে জানাতে হবে। পাশাপাশি প্রথম পর্যায়ের কাজ অবিলম্বে শুরু করার দাবিও জানিয়েছেন তাঁরা।শুধু তাই নয়, প্রকল্পের কাজের উপর নজরদারি চালানোর জন্য যে মনিটরিং কমিটি রয়েছে, সেখানে অ্যাকশন কমিটির অন্তত একজন প্রতিনিধিকে রাখার দাবিও তোলা হয়েছে। তাঁদের বক্তব্য, স্থানীয় মানুষের দীর্ঘদিনের আন্দোলন ও অভিজ্ঞতাকে গুরুত্ব না দিলে প্রকল্পের বাস্তব পরিস্থিতি বোঝা সম্ভব নয়।অ্যাকশন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক অভিযোগ করেন, শিলাবতী ও পলাশপাই নদীর সংস্কারের কাজ কিছু জায়গায় শুরু হলেও তার গতি অত্যন্ত হতাশাজনক। তাঁর দাবি, ২০২৫ সালের ডিসেম্বর মাসে শিলাবতী নদীর নিম্নপ্রবাহে পলি তোলার কাজের নির্দেশ জারি হয়েছিল। কিন্তু প্রায় ১০ মাস পেরিয়ে গেলেও ৫০০ মিটার নদীও সম্পূর্ণ সংস্কার করা সম্ভব হয়নি। মাস্টার প্ল্যানের অন্যান্য কাজের ক্ষেত্রেও একই ধরনের গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেন তিনি।চলতি বর্ষাতেও ঘাটাল মহকুমার একাধিক এলাকা তিনবার জলমগ্ন হয়েছে বলে দাবি আন্দোলনকারীদের। তাঁদের বক্তব্য, বারবার স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের আশ্বাস দেওয়া হলেও সাধারণ মানুষের দুর্ভোগ কমেনি। প্রতি বছর ঘরবাড়ি, চাষের জমি এবং যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে প্রকল্পের বাস্তবায়ন নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।সম্প্রতি বীরসিংহে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী দু’বছরের মধ্যে সম্পূর্ণ ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ করার আশ্বাস দিয়েছিলেন। প্রকল্পের জন্য ১২০০ কোটি টাকা বরাদ্দের কথাও ঘোষণা করা হয়েছে। কিন্তু শুধু আর্থিক বরাদ্দের ঘোষণা নয়, বাস্তবে কবে কাজ শুরু হবে এবং কোন পর্যায়ে কতটা অগ্রগতি হবে, তার নির্দিষ্ট হিসাব প্রকাশ করার দাবি তুলেছেন ঘাটালের বাসিন্দারা।ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্দেশ্য পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বন্যাপ্রবণ এলাকাগুলিকে দীর্ঘস্থায়ী জলযন্ত্রণা থেকে মুক্ত করা। কিন্তু বছরের পর বছর ধরে প্রকল্পের বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক প্রতিশ্রুতি ও প্রশাসনিক আশ্বাস শুনে আসছেন স্থানীয় মানুষ। এবার তাই আশ্বাস নয়, কাজের হিসাব এবং নির্দিষ্ট সময়সীমা দেখতে চাইছেন তাঁরা।বুধবারের অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক দেবাশিস মাইতি, নারায়ণচন্দ্র নায়েক, শিক্ষাবিদ গৌরীশঙ্কর বাগ-সহ বিভিন্ন নদী ও সেতু সংস্কার আন্দোলনের প্রতিনিধিরা।ঘাটালের মানুষের প্রশ্ন একটাই, আর কত বর্ষা অপেক্ষা করতে হবে? বন্যার স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি বাস্তবে কবে রূপ পাবে,এখন সেই উত্তরই চাইছেন তাঁরা।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper