Khabor Ekhon
কোচবিহারে নতুন মেডিক্যাল কলেজ,জমি খুঁজতে নির্দেশ শুভেন্দুর
রাজনন্দিনী ঘোষ :শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও উন্নত করতে কোচবিহারে একাধিক নতুন প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন কলেজ, আধুনিক মেডিক্যাল কলেজ ও হাসপাতাল তৈরির জন্য প্রয়োজনীয় জমি চিহ্নিত করতে জেলাশাসক জিতিন যাদবকে নির্দেশ দিয়েছেন তিনি।বুধবার কোচবিহারের ঐতিহ্যবাহী রাসমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর বক্তব্য, কোচবিহারে হাসপাতাল থাকলেও প্রয়োজনীয় পরিকাঠামোর অভাব রয়েছে।সাধারণ মানুষের উন্নত চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল গড়ে তোলার প্রয়োজন রয়েছে।সেই লক্ষ্যেই জেলাশাসককে উপযুক্ত জমি চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।শিক্ষাক্ষেত্রেও কোচবিহারের পিছিয়ে থাকা এলাকাগুলির উন্নয়নে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে সিতাই বিধানসভা এলাকায় এখনও কোনও কলেজ না থাকায় সেখানে নতুন কলেজ তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। তাঁর স্পষ্ট বক্তব্য, সিতাইয়ে একটি কলেজ প্রতিষ্ঠা করা জরুরি। পাশাপাশি ঠাকুর পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোগত ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু। বিশ্ববিদ্যালয়ের নাম থাকলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব রয়েছে বলে মন্তব্য করে, সেখানে প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার আশ্বাস দেন তিনি।শুধু শিক্ষা ও স্বাস্থ্য নয়, কোচবিহারকে পর্যটন মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রী। জেলার ঐতিহাসিক স্থাপত্য, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে ২৯টি সম্পত্তি সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি। এই তালিকায় রামকৃষ্ণ মিশন, ইসকন এবং মতুয়া সম্প্রদায়ের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রতিষ্ঠানও রয়েছে।কোচবিহার শহরের পরিকাঠামো উন্নয়ন এবং বিমানবন্দর চালুর বিষয়েও আশাবাদ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, একদিন কোচবিহারে বিমানবন্দর চালু হবে। একই সঙ্গে গ্রামকে শহরে এবং শহরকে আরও বড় নগরে পরিণত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।রাসমেলাকে শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, কোচবিহারের ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যাখ্যা করেন শুভেন্দু। তাঁর মতে, এই মেলাকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডেরও প্রসার ঘটে। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের হাতে সহায়তা তুলে দেওয়া হয়।মহিলাদের নিরাপত্তার লক্ষ্যে দুর্গা বাহিনীর জন্য ৩০টি স্কুটারও প্রদান করা হয়। পাশাপাশি লোকশিল্পীদের মধ্যে ৫০০টি ডোতারা,২,০০০টি খোল এবং ২,০০০টি করতাল বিতরণ করা হয়।অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ, শিক্ষামন্ত্রী দীপক বর্মন, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী নিশীথ প্রামাণিক-সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক উপস্থিত ছিলেন।সব মিলিয়ে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন এবং যোগাযোগ ব্যবস্থাকে সামনে রেখে কোচবিহারের উন্নয়নে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তবে ঘোষিত প্রকল্পগুলির বাস্তবায়ন, জমি চিহ্নিতকরণ এবং পরিকাঠামো নির্মাণের কাজ কত দ্রুত শুরু হয়, এখন সেদিকেই নজর জেলার বাসিন্দাদের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

