Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ফের চাঞ্চল্য,সুজিত বসুর শ্যালককে তলব করল সিবিআই

0 44,395

রাজনন্দিনী ঘোষ :পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে আরও এক ধাপ এগোল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এবার তদন্তকারীদের নজরে রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুর শ্যালক। বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই। তদন্তকারীদের সন্দেহ, পুরসভায় বেআইনি নিয়োগের ঘটনায় শুধু সুজিত বসুই নন, তাঁর পরিবারের সদস্যদেরও কোনও না কোনও ভূমিকা থাকতে পারে। সেই সূত্র ধরেই এবার তাঁর শ্যালককে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত।সিবিআই সূত্রের দাবি, সুজিত বসুর শ্যালককে বেআইনি উপায়ে পুরসভায় চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল।তদন্তকারীরা জানতে চাইছেন, কীভাবে এই নিয়োগ হয়েছিল, কার সুপারিশে চাকরি মিলেছিল এবং এই গোটা প্রক্রিয়ায় সুজিত বসুর আর্থিক বা অন্য কোনও সুবিধা হয়েছিল কি না। দুর্নীতির টাকা কীভাবে সংগ্রহ ও লেনদেন করা হয়েছিল, সেই বিষয়টিও খতিয়ে দেখতে চাইছেন গোয়েন্দারা।এর আগে গত শনিবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সুজিত বসুকে প্রায় তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। আদালতের অনুমতি নিয়েই এই জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে তদন্তকারী সংস্থার সূত্রের দাবি, প্রাক্তন মন্ত্রীর উত্তরে তাঁরা পুরোপুরি সন্তুষ্ট নন। ফলে তাঁকে ফের জিজ্ঞাসাবাদের সম্ভাবনাও রয়েছে।পুর নিয়োগ দুর্নীতির তদন্তে দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় সংস্থার নজরে রয়েছেন সুজিত বসু। অভিযোগ, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার নাম করে একাধিক চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল। তদন্তকারীদের দাবি, অন্তত ৩৪০ জনের কাছ থেকে গড়ে প্রায় ৬ লক্ষ টাকা করে সংগ্রহ করা হয়েছিল। তাঁদের মধ্যে ২৮৪ জন বেআইনি উপায়ে পুরসভায় চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ।এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তদন্তেও উঠে এসেছে বিপুল আর্থিক লেনদেনের অভিযোগ। ইডির দাবি, রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতির মাধ্যমে প্রায় ২৫০ কোটি টাকা সরানো হয়েছে। সুজিত বসুর বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগও খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা।উল্লেখ্য, গত ১১ মে সুজিত বসুকে গ্রেফতার করেছিল ইডি। তার আগে বিধানসভা নির্বাচনের সময় তাঁকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠানো হয়েছিল। নির্বাচনী প্রচারের ব্যস্ততার কারণ দেখিয়ে তিনি হাজিরার জন্য অতিরিক্ত সময় চেয়েছিলেন। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে ইডির দফতরে হাজিরাও দেন তিনি। তদন্তের পর তাঁকে গ্রেফতার করা হয়।শুধু সুজিত বসু নন, এই মামলায় তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তাঁর মেয়েকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল বলে জানা গিয়েছে। এবার শ্যালককে সিবিআইয়ের তলব তদন্তের পরিধি আরও বাড়াল।তদন্তকারীদের মূল লক্ষ্য, বেআইনি নিয়োগের গোটা চক্রের আর্থিক লেনদেন, সুপারিশের পদ্ধতি এবং প্রত্যেকের ভূমিকা চিহ্নিত করা। বিশেষ করে দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ সংক্রান্ত অনিয়মের বিষয়টি সিবিআইয়ের তদন্তে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।তবে তদন্তকারী সংস্থার অভিযোগ এখনও আদালতে প্রমাণিত নয়। সুজিত বসু এর আগে তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। এবার তাঁর শ্যালককে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা কী নতুন তথ্য পান, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper