Khabor Ekhon
বল নরম,বিতর্ক গরম,মুখোমুখি গিল-ল্যাথাম
ওয়েব ডেস্ক : ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের আগে ক্রিকেটের বলের মান নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ভারত অধিনায়ক শুভমন গিলের অভিযোগের জবাবে এবার নিজের অবস্থান স্পষ্ট করলেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। তাঁর বক্তব্য, বলের গুণগত মান নিয়ে আলোচনা থাকতেই পারে, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই আসল চ্যালেঞ্জ।ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পর ক্রিকেট বলের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভমন গিল। ভারত অধিনায়কের অভিযোগ ছিল, ডিউকস কিংবা কুকাবুরা, দুই ধরনের বলই ২৫-৩০ ওভার পর অস্বাভাবিকভাবে নরম হয়ে যাচ্ছে। ফলে বলের কার্যকারিতা কমে যাচ্ছে এবং বোলারদের পক্ষে উইকেট তুলে নেওয়া কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে পিচ থেকে সাহায্য না পাওয়া গেলে সমস্যাটা আরও বাড়ছে।গিলের মতে, বল দ্রুত নরম হয়ে যাওয়ার কারণে ব্যাটের কানায় লেগে আসা বলও অনেক সময় উইকেটকিপার পর্যন্ত পৌঁছচ্ছে না। ফলে ক্যাচ আউটের সম্ভাবনা কমে যাচ্ছে। পাশাপাশি কোভিড পরবর্তী সময়ে বলে থুতু ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষেও সওয়াল করেছিলেন ভারত অধিনায়ক। তাঁর যুক্তি, বলের উজ্জ্বলতা ও কার্যকারিতা ধরে রাখতে থুতু ব্যবহারের অনুমতি দেওয়া প্রয়োজন।তবে দ্বিতীয় টেস্টের আগে ল্যাথাম বুঝিয়ে দিলেন, শুধু বলের মানকে দায়ী করলে চলবে না। তাঁর মতে, পিচের চরিত্রের উপরেও বলের স্থায়িত্ব অনেকটাই নির্ভর করে। পিচ যদি বেশি সমতল হয় কিংবা তুলনামূলক বেশি ঘর্ষণযুক্ত হয়, তাহলে বল দ্রুত তার স্বাভাবিক গুণাগুণ হারাতে পারে। ডিউকস হোক বা কুকাবুরা, কোনও বলই এর বাইরে নয়।ল্যাথামের কথায়, প্রতিটি সিরিজে কিংবা মরশুমে বলের মান একরকম থাকে না। কখনও বল ভালো থাকে, কখনও প্রত্যাশা অনুযায়ী কার্যকারিতা ধরে রাখতে পারে না। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটারদের সেই পরিস্থিতির মধ্যেই নিজেদের সেরাটা দিতে হয়। তাঁর স্পষ্ট বক্তব্য, বল ভালো থাকুক কিংবা খারাপ, ক্রিকেটারদের নিজেদের পথ খুঁজে নিতে হবে।এদিকে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের উইকেট নিয়ে আশাবাদী নিউজিল্যান্ড অধিনায়ক। তাঁর ধারণা, সবুজ ঘাসে ঢাকা পিচ এবং সাম্প্রতিক সময়ে মাঠে তুলনামূলক কম ক্রিকেট হওয়ার কারণে দ্বিতীয় টেস্টে বলের অবস্থা দীর্ঘক্ষণ ভালো থাকতে পারে।ওয়েলিংটনের ব্যাটিং সহায়ক পিচে দুই দলের বোলাররাই সমস্যায় পড়েছিলেন। এবার ক্রাইস্টচার্চে পরিস্থিতি কতটা বদলায়, সেদিকেই নজর ক্রিকেট মহলের। বলের মান নিয়ে গিলের প্রশ্নের সরাসরি বিরোধিতা না করলেও ল্যাথামের বক্তব্যে স্পষ্ট, অভিযোগের চেয়ে মাঠের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াকেই বেশি গুরুত্ব দিচ্ছে নিউজিল্যান্ড শিবির।এখন দেখার, হ্যাগলি ওভালে নতুন বলে ভারতীয় বোলাররা কতটা সুবিধা পান, আর গিলের অভিযোগের বাস্তব প্রতিফলন মাঠে কতটা দেখা যায়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

