Khabor Ekhon
সদ্যোজাতের চোখের আলো কেড়ে নেওয়ার অভিযোগ,বিচার অধরা তিন বছর
শ্রীতমা ব্যানার্জী :চিকিৎসায় গাফিলতির অভিযোগে সদ্যোজাত শিশুর দৃষ্টিশক্তি হারানোর ঘটনায় তিন বছর পেরিয়ে গেলেও অভিযুক্ত বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এখনও কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। অথচ স্বাস্থ্য দফতরের তদন্ত কমিটির রিপোর্টেই হাসপাতালের একাধিক গুরুতর ত্রুটি, অসহযোগিতা এবং চিকিৎসার নথিতে জালিয়াতির অভিযোগ উঠে এসেছে। প্রশাসনিক তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পরেও কেন ব্যবস্থা নেওয়া হল না, সেই প্রশ্নেই নতুন করে সরব হয়েছেন আক্রান্ত শিশুর বাবা-মা।ন্যায়বিচারের দাবিতে এবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শরদ্বত মুখোপাধ্যায়ের দ্বারস্থ হয়েছেন বর্ধমানের বাসিন্দা হিতেশ চৌধুরী ও করিশ্মা চৌধুরী। তাঁদের অভিযোগ, হাসপাতালের গাফিলতির কারণেই তাঁদের সদ্যোজাত সন্তানের চোখের স্থায়ী ক্ষতি হয়েছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক দফতরে অভিযোগ জানিয়েও কোনও কার্যকর পদক্ষেপ না হওয়ায় এবার সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা।পরিবারের অভিযোগের সূত্রপাত ২০২৩ সালে। তাঁদের শিশুটি অপরিণত অবস্থায় জন্মানোর পর বর্ধমানের একটি বেসরকারি মাল্টিস্পেশালিটি হাসপাতালে ৪৩ দিন চিকিৎসাধীন ছিল। অভিযোগ, এতদিন হাসপাতালের নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি থাকা সত্ত্বেও শিশুটির প্রয়োজনীয় রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি পরীক্ষা করা হয়নি। অপরিণত অবস্থায় জন্মানো শিশুদের চোখের রেটিনার রক্তনালির অস্বাভাবিক বৃদ্ধির সমস্যা শনাক্ত করতে এই পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়মতো রোগ ধরা না পড়লে স্থায়ীভাবে দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।তদন্তে উঠে এসেছে, শুধু হিতেশ চৌধুরীর সন্তান নয়, আরও এক শিশুও প্রয়োজনীয় স্ক্রিনিং থেকে বঞ্চিত হয়েছিল।মনোজকুমার ঘোষের সন্তানের ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ সামনে আসে। তদন্ত কমিটির পর্যবেক্ষণ অনুযায়ী, ঝুঁকিপূর্ণ দুই শিশুর ক্ষেত্রেই বাধ্যতামূলক পরীক্ষা করা হয়নি।স্বাস্থ্য দফতরের তদন্তে আরও গুরুতর অভিযোগ সামনে এসেছে। ২০২৩ সালের ২৬ ডিসেম্বর জমা পড়া তদন্ত রিপোর্টে চিকিৎসার নথি বিকৃত করার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়।করিশ্মা চৌধুরীর সন্তানের বেড হেড টিকিট পরীক্ষা করতে গিয়ে একটি পাতা পরে ঢোকানো হয়েছিল বলে তদন্তকারীদের দাবি।ওই পাতায় ৯ থেকে ১১ জুলাইয়ের মধ্যে চিকিৎসকদের সঙ্গে পরিবারের রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি পরীক্ষা নিয়ে আলোচনার উল্লেখ ছিল। কিন্তু তদন্ত কমিটি দেখতে পায়, পাতাটিতে আশপাশের মূল নথির মতো বাঁধাইয়ের ছিদ্র নেই।সেই ভিত্তিতে কমিটির সিদ্ধান্ত, পরিবারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছিল বলে প্রমাণ করতে পাতাটি পরে তৈরি করে নথিতে যুক্ত করা হয়েছিল।তদন্তের দায়িত্বে থাকা তৎকালীন পূর্ব বর্ধমানের ডেপুটি চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথ-২ ডাঃ সুবর্ণা গোস্বামীর তত্ত্বাবধানে এই অনুসন্ধান হয়েছিল।পরে কালনা মহকুমা হাসপাতালের চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাঃ আবু মোয়াজ্জেম পারভেজ এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ সঞ্জয় সাহিশ সংশোধিত রিপোর্ট জমা দেন। সেই রিপোর্ট পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দফতরেও পৌঁছয়।এত গুরুতর অভিযোগ সামনে আসার পরেও কেন এতদিন কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি,তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিশুর বাবা হিতেশ চৌধুরী। তাঁর দাবি,নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটেতে প্রয়োজনীয় রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি পরীক্ষা না করে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার ১৫ দিন পর পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছিল।তাঁর আরও অভিযোগ,নিউনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে কোনও রেসিডেন্ট মেডিক্যাল অফিসার ছিলেন না এবং সেখানে কর্মরত নার্সদের বৈধ রেজিস্ট্রেশন নিয়েও প্রশ্ন রয়েছে।উচ্চঝুঁকির গর্ভাবস্থা তদারকির দায়িত্বেও উপযুক্ত বিশেষজ্ঞ ছিলেন না বলে অভিযোগ করেছেন তিনি।এদিকে, বিষয়টি নতুন করে খতিয়ে দেখতে উদ্যোগী হয়েছে পূর্ব বর্ধমানের স্বাস্থ্য দফতর। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়রাম হেমব্রম জানিয়েছেন, পুরনো ফাইলটি নতুন করে রাজ্য স্বাস্থ্য দফতরে পাঠানো হয়েছে। পাশাপাশি গোটা বিষয়টি বিশেষজ্ঞদের দিয়ে পৃথকভাবে যাচাই করার সুপারিশ করা হয়েছে।অন্যদিকে, হাসপাতালের মালিক ডাঃ সৌমেন্দ্র সাহা সিকদার অভিযোগের বিষয়ে জানিয়েছেন, রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশন সম্প্রতি বিষয়টি নিয়ে তাঁদের কাছে ব্যাখ্যা চেয়েছিল এবং হাসপাতালের তরফে সেই ব্যাখ্যা দেওয়া হয়েছে।তিন বছর ধরে চলা এই ঘটনায় এখন একাধিক প্রশ্ন সামনে এসেছে। অপরিণত শিশুদের জন্য অত্যন্ত জরুরি পরীক্ষা কেন করা হয়নি? চিকিৎসার নথিতে সংশ্লিষ্ট পাতাটি কীভাবে যুক্ত হল? হাসপাতালের চিকিৎসা ও নার্সিং পরিকাঠামো যথাযথ ছিল কি না? আর সবথেকে বড় প্রশ্ন, তদন্ত কমিটির রিপোর্টে গুরুতর ত্রুটির উল্লেখ থাকার পরেও কেন এখনও কোনও শাস্তিমূলক পদক্ষেপ হয়নি?একদিকে শিশুর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ, অন্যদিকে ন্যায়বিচারের দীর্ঘ প্রতীক্ষা। এবার রাজ্য স্বাস্থ্য দফতরের পরবর্তী পদক্ষেপের দিকেই তাকিয়ে আক্রান্ত দুই পরিবার।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

