Khabor Ekhon
গাড়ির বকেয়া করের জরিমানা মকুব,৩১ ডিসেম্বর পর্যন্ত বড় সুযোগ
শ্রীতমা ব্যানার্জী :গাড়ির নথি নবীকরণ করতে গিয়ে দীর্ঘদিনের বকেয়া কর ও জরিমানার বোঝায় যাঁরা জেরবার, তাঁদের জন্য বড়সড় স্বস্তির খবর। মেয়াদ উত্তীর্ণ গাড়ির ফিটনেস সার্টিফিকেট (সিএফ) নবীকরণ এবং বকেয়া মোটরযান কর মেটানোর ক্ষেত্রে এককালীন বিশেষ ছাড়ের ঘোষণা করল পশ্চিমবঙ্গের পরিবহণ দফতর। এই নতুন উদ্যোগে বকেয়া মোটরযান করের উপর জমে থাকা জরিমানায় মিলবে ১০০ শতাংশ ছাড়। পাশাপাশি, ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণের ক্ষেত্রেও অতিরিক্ত ফি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।পরিবহণ দফতরের এই সিদ্ধান্তে ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ির মালিকদের একাংশের আর্থিক চাপ অনেকটাই কমতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এই সুবিধা পাওয়ার জন্য রয়েছে নির্দিষ্ট সময়সীমা। আগামী ৩১ ডিসেম্বর, ২০২৬-এর মধ্যে প্রয়োজনীয় কর ও ফি জমা দিয়ে নবীকরণের প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।দফতরের ঘোষণা অনুযায়ী, কোনও গাড়ির মালিকের মোটরযান কর দীর্ঘদিন ধরে বকেয়া থাকলে এবং তার সঙ্গে জরিমানা জমতে থাকলে, নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ বকেয়া মূল কর মিটিয়ে দিলে সেই জরিমানার পুরো অর্থই মকুব করা হবে। অর্থাৎ, মূল করের টাকা জমা দিতে হবে, কিন্তু তার উপর জমে থাকা জরিমানা দিতে হবে না। এই সুবিধা পেতে ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ বকেয়া কর পরিশোধ বাধ্যতামূলক।অন্যদিকে, যাঁদের গাড়ির ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে, তাঁদের জন্যও বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। ফিটনেস সার্টিফিকেট নবীকরণে ৩০ দিনের কম বিলম্ব হলে অতিরিক্ত ফি-র ক্ষেত্রে প্রতিদিন ৫০ টাকা ধার্য করা হবে। আর বিলম্বের সময়সীমা ৩০ দিন বা তার বেশি হলে এককালীন ১,৫০০ টাকা অতিরিক্ত ফি দিয়ে নবীকরণের সুযোগ মিলবে।তবে শুধু টাকা জমা দিলেই হবে না। নির্ধারিত সময়ের মধ্যে ফিটনেস সার্টিফিকেট পুনর্নবীকরণের সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে হবে। অর্থাৎ, ৩১ ডিসেম্বরের পরে এই বিশেষ ছাড়ের সুবিধা আর পাওয়া যাবে না।নতুন প্রকল্প কার্যকর করতে প্রযুক্তিগত ব্যবস্থাতেও পরিবর্তনের উদ্যোগ নিয়েছে পরিবহণ দফতর। গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট, রোড ট্যাক্স, পারমিট এবং অন্যান্য পরিবহণ সংক্রান্ত তথ্য সংরক্ষণ ও পরিচালনার জন্য ব্যবহৃত “বাহন”সফটওয়্যারে প্রয়োজনীয় পরিবর্তন আনার নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজের জন্য ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের পশ্চিমবঙ্গ রাজ্য কেন্দ্রের ডিরেক্টরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে দফতর।পাশাপাশি, রাজ্যের সমস্ত আঞ্চলিক পরিবহণ দফতর (আরটিও) এবং সহকারী আঞ্চলিক পরিবহণ দফতরগুলিকেও (এআরটিও) এই ছাড় কার্যকর করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।পরিবহণ দফতরের এই সিদ্ধান্তের পিছনে রয়েছে গাড়ির মালিকদের উপর জমে থাকা আর্থিক বোঝা কমানো এবং যানবাহনের প্রয়োজনীয় নথিপত্র নিয়মিত করার লক্ষ্য। দীর্ঘদিন ধরে কর বকেয়া থাকা কিংবা ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে অনেক গাড়ির মালিককে অতিরিক্ত অর্থ গুনতে হয়। নতুন এককালীন ছাড়ের ফলে তাঁদের সেই চাপ কিছুটা লাঘব হবে।তবে গাড়ির ফিটনেস সার্টিফিকেট কেবল একটি প্রশাসনিক নথি নয়, রাস্তায় যানবাহনের নিরাপত্তা ও চলাচলের বৈধতার সঙ্গেও এর সরাসরি সম্পর্ক রয়েছে।তাই ছাড়ের সুযোগকে কাজে লাগিয়ে সময়ের মধ্যে নথি নবীকরণ করিয়ে নেওয়াই এখন গাড়ির মালিকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।বছর শেষ হওয়ার আগে পরিবহণ দফতরের এই বিশেষ উদ্যোগ কতটা সাড়া ফেলে, এখন সেটাই দেখার। যাঁদের গাড়ির কর বকেয়া কিংবা ফিটনেস সার্টিফিকেটের মেয়াদ পেরিয়ে গিয়েছে, তাঁদের জন্য হাতে সময় রয়েছে ৩১ ডিসেম্বর পর্যন্ত।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

