Khabor Ekhon
ন্যানোর স্মৃতি পেরিয়ে সিঙ্গুরে নতুন শিল্পের হাতছানি,এবার অশোক লেল্যান্ড,বার্তা মুখ্যমন্ত্রীর
শ্রীতমা ব্যানার্জী :সিঙ্গুর কি ফের শিল্পের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে? প্রায় দুই দশক আগে যে মাটিতে শিল্পায়নের স্বপ্ন ভেঙে গিয়েছিল, সেই সিঙ্গুরেই এবার নতুন করে শিল্পের সম্ভাবনা দেখছে রাজ্য সরকার। বাণিজ্যিক গাড়ি নির্মাতা সংস্থা অশোক লেল্যান্ডের সম্ভাব্য কারখানা ঘিরে সেই আশায় নতুন মাত্রা যোগ হয়েছে। আর এই আবহেই মুখ খুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর স্পষ্ট বার্তা, সিঙ্গুরে কিছু একটা হবেই।সোমবার পিডব্লিউডি টেন্টে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সিঙ্গুরে শিল্প স্থাপনের জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে উদ্যোগী। তবে অতীতের ভুলের পুনরাবৃত্তি করতে চান না তাঁরা। তাঁর কথায়, এলাকার যে জমি বর্তমানে চাষের উপযোগী নয়, সেখানে শিল্পের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। কৃষকদের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই শিল্পায়নের পথ তৈরি করতে চায় সরকার।সিঙ্গুরের প্রসঙ্গ উঠলেই বাংলার রাজনৈতিক ইতিহাসের এক দীর্ঘ অধ্যায় ফিরে আসে। ২০০৬ সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের উদ্যোগে টাটা মোটরসের ন্যানো কারখানা তৈরির জন্য জমি অধিগ্রহণকে কেন্দ্র করে শুরু হয়েছিল তীব্র আন্দোলন। অনিচ্ছুক কৃষকদের জমি ফেরতের দাবিতে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ সংঘাতের পর ২০০৮ সালে সিঙ্গুর থেকে প্রকল্প সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় টাটা মোটরস। পরবর্তীতে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে জমি ফেরতের পথ প্রশস্ত হয়।সেই সিঙ্গুরেই এবার অশোক লেল্যান্ডের সম্ভাব্য ভারী বাণিজ্যিক গাড়ি নির্মাণ ইউনিট ঘিরে নতুন করে শিল্পের আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও সংস্থাটির বিনিয়োগের কথা জানিয়েছেন। ফলে দীর্ঘদিনের শিল্পহীনতার অভিযোগে বিদ্ধ সিঙ্গুরে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছে শিল্পমহলের একাংশ।মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শিল্পের জন্য জমি সহজলভ্য করতে রাজ্য সরকার ল্যান্ড ব্যাঙ্ক তৈরি করবে। জমি অধিগ্রহণের ক্ষেত্রে জোরজবরদস্তির কোনও জায়গা থাকবে না। কৃষকদের ভয় দেখিয়ে কিংবা বলপ্রয়োগ করে জমি নেওয়ার নীতিতে সরকার বিশ্বাসী নয়। ২০১৩ সালের জমি অধিগ্রহণ, পুনর্বাসন ও পুনর্বিন্যাস আইনের বিধান মেনেই এগোতে চায় প্রশাসন।একই সঙ্গে আগের সরকারগুলির জমি নীতি নিয়েও সমালোচনা করেছেন তিনি। তাঁর বক্তব্য, একদিকে যেমন জোর করে জমি অধিগ্রহণ করা যাবে না, অন্যদিকে শিল্পপতিদের নিজেদের মতো জমি খুঁজে নেওয়ার দায়িত্ব দিয়েও সরকার হাত গুটিয়ে বসে থাকতে পারে না। বিনিয়োগের উপযোগী জমি চিহ্নিত করে শিল্প স্থাপনের পরিবেশ তৈরি করাই তাঁদের লক্ষ্য।সূত্রের খবর, সিঙ্গুরে জমি চিহ্নিত করার জন্য সমীক্ষার কাজ শুরু হয়েছে। পাশাপাশি নতুন জমি নীতি ঘোষণার প্রস্তুতিও চলছে। তবে প্রস্তাবিত অশোক লেল্যান্ড প্রকল্পের বিনিয়োগের পরিমাণ, কর্মসংস্থানের সংখ্যা এবং নির্মাণ শুরুর নির্দিষ্ট সময়সীমা এখনও বিস্তারিতভাবে ঘোষণা করা হয়নি।সিঙ্গুরের মাটি একদিন শিল্পের স্বপ্ন দেখেছিল, আবার সেই স্বপ্ন ভাঙার সাক্ষীও থেকেছে। এবার সেই ইতিহাসের উপর দাঁড়িয়েই নতুন অধ্যায় লেখার চেষ্টা রাজ্য সরকারের। রাজনৈতিক প্রতিশ্রুতি থেকে বাস্তব শিল্পায়ন, এই দীর্ঘ পথ কতটা পেরোতে পারে প্রশাসন, তার উত্তর দেবে আগামী দিন। তবে আপাতত মুখ্যমন্ত্রীর বার্তা একটাই, সিঙ্গুরে কিছু একটা হবেই।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

