Khabor Ekhon
বারবার নিশানায় বিশ্বকবি,বাংলাদেশে কারা মুছতে চাইছে রবীন্দ্রনাথকে?
ফজলুর রহমান :বাংলাদেশে ফের আক্রান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি। একবার নয়, পুনরুদ্ধারের পর দ্বিতীয়বারের জন্য কালো কালি দিয়ে বিকৃত করা হল বিশ্বকবির দেওয়ালচিত্র। ঘটনাকে কেন্দ্র করে নতুন করে ক্ষোভ ছড়িয়েছে বাংলাদেশের সাংস্কৃতিক মহলে। প্রশ্ন উঠছে, বাংলা সংস্কৃতির অন্যতম প্রধান প্রতীক রবীন্দ্রনাথের প্রতি এমন বিদ্বেষের কারণ কী?ঘটনাটি খুলনা রেলস্টেশন সংলগ্ন এলাকার। শহরের সৌন্দর্যায়ন প্রকল্পের অংশ হিসেবে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে একটি দেওয়ালে বাংলার বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতিকৃতি আঁকা হয়েছিল।সেই দেওয়ালে জায়গা পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, লোকসংগীত সাধক ফকির লালন শাহ, শিল্পী এস এম সুলতান এবং কবি মাইকেল মধুসূদন দত্ত।কিন্তু বারবার নিশানা করা হচ্ছে শুধু রবীন্দ্রনাথের প্রতিকৃতিকেই।গত ৫ নভেম্বর রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা প্রথমবার রবীন্দ্রনাথের মুখে কালো কালি মাখিয়ে দেয়। ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও সাংস্কৃতিক কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়।খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে পরে প্রতিকৃতিটি নতুন করে আঁকা হয়। কিন্তু সেই সংস্কারের কয়েক দিনের মধ্যেই ফের একই ঘটনার পুনরাবৃত্তি।খুলনা সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক লোকমান হোসেন জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে এবং কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত দুই ঘটনার কোনও অভিযুক্তকে চিহ্নিত করা যায়নি।ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তাঁর বক্তব্য, এই ধরনের কাজের মধ্য দিয়ে সংকীর্ণ মানসিকতার পরিচয় পাওয়া যায়।সাংস্কৃতিক কর্মী শরিফুল ইসলাম সেলিমের আশঙ্কা, এর পিছনে সংগঠিত কোনও গোষ্ঠীর হাত থাকতে পারে। তাঁর দাবি, ঢাকাতেও একই ধরনের ঘটনা ঘটেছে। রবীন্দ্রনাথের পর অন্য বিশিষ্ট ব্যক্তিত্বদেরও নিশানা করা হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।উল্লেখযোগ্যভাবে, গত অক্টোবর মাসে ঢাকার বাংলাদেশ শিল্পকলা অ্যাকাডেমির বাইরের দেওয়ালে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতেও কালি লাগানোর ঘটনা ঘটেছিল। সেই ঘটনার পর বাংলাদেশের অন্তত ৩৭ জন বিশিষ্ট নাগরিক উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেন। তাঁদের আশঙ্কা, এই ধরনের ঘটনা ধর্মীয় উগ্রপন্থাকে উৎসাহিত করতে পারে এবং সাম্প্রদায়িক উত্তেজনা বাড়াতে পারে।রবীন্দ্রনাথ কোনও একটি দেশের সীমানায় আবদ্ধ নন। তাঁর সাহিত্য, গান ও দর্শন দুই বাংলার সাংস্কৃতিক উত্তরাধিকারের অবিচ্ছেদ্য অংশ। তাই বারবার তাঁর প্রতিকৃতিতে কালির দাগ শুধু একটি দেওয়ালচিত্রের ক্ষতি নয়, তা বাংলা সংস্কৃতির সহাবস্থান ও মুক্তচিন্তার পরিসর নিয়েও নতুন করে প্রশ্ন তুলে দিচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

