Khabor Ekhon
নিউটাউনে গড়ে উঠবে নতুন বিধানসভা ও হাইকোর্ট, একই ক্যাম্পাসে প্রশাসনিক ভবন,ঘোষণা মুখ্যমন্ত্রীর
শ্রীতমা ব্যানার্জী :কলকাতার প্রশাসনিক মানচিত্রে বড়সড় পরিবর্তনের পরিকল্পনা। এবার নিউ টাউনকে কেন্দ্র করে রাজ্যের নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। সেখানে তৈরি হবে বিধানসভা ও কলকাতা হাই কোর্টের নতুন ভবন। একই ক্যাম্পাসে থাকবে প্রশাসনিক দফতর, বিচারপতিদের আবাসন,মন্ত্রীদের বাসভবন এবং রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের শীর্ষ আধিকারিকদের থাকার ব্যবস্থা।রবিবার কলকাতার ময়দানে পূর্ত দফতরের তাঁবুতে সাংবাদিক বৈঠক করে এমনই বড় পরিকল্পনার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।শুভেন্দু অধিকারী জানিয়েছেন,নিউটাউনে ইতিমধ্যেই এই বৃহৎ প্রকল্পের জন্য একটি বিস্তীর্ণ এলাকা চিহ্নিত করা হয়েছে।সরকারের লক্ষ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠানকে একই ক্যাম্পাসের আওতায় নিয়ে আসা। এর ফলে প্রশাসনিক কাজকর্মে সমন্বয় বাড়বে এবং রাজ্যের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলির জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা সম্ভব হবে।এই পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে বিধানসভার নতুন ভবন।বর্তমানে পশ্চিমবঙ্গ বিধানসভার আসনসংখ্যা ২৯৪। ভবিষ্যতে তা বেড়ে ৪০০-র বেশি হতে পারে, এমন সম্ভাবনার কথা মাথায় রেখেই নতুন ভবনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে আসনসংখ্যা বৃদ্ধির বিষয়টি সম্পূর্ণভাবে নির্ভর করবে সংশ্লিষ্ট সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার উপর।অন্যদিকে, কলকাতা হাই কোর্টের বর্তমান ভবনেও জায়গার সমস্যা রয়েছে। ক্রমবর্ধমান প্রশাসনিক ও বিচারবিভাগীয় প্রয়োজনের কথা বিবেচনা করে নতুন ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। একই ক্যাম্পাসে বিচারপতি,মন্ত্রী এবং বিভিন্ন সরকারি দফতরের প্রধান আধিকারিকদের আবাসনও তৈরি করা হবে।বিধায়কদের জন্য পৃথক আবাসন নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।তবে এই প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ জমি সংগ্রহ। নিউ টাউনের সম্প্রসারণের জন্য ভাঙড় এবং সংলগ্ন গ্রাম পঞ্চায়েত এলাকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, জমি অধিগ্রহণের নামে কোনও জোরজবরদস্তি করা হবে না। যাঁরা স্বেচ্ছায় জমি বিক্রি করতে চাইবেন, তাঁদের কাছ থেকেই নির্ধারিত মূল্য দিয়ে জমি কেনা হবে। এ ক্ষেত্রে ২০১৩ সালের ল্যান্ড পারচেজ স্কিম অনুসরণের কথাও জানিয়েছেন তিনি।শুধু প্রশাসনিক পরিকাঠামো নয়, নিউ টাউনকে ঘিরে আরও কয়েকটি বড় প্রকল্পের পরিকল্পনা রয়েছে সরকারের। সেখানে মেডিক্যাল কলেজ, নার্সিং কলেজ, হাসপাতাল এবং রোগীদের পরিজনদের থাকার জন্য হোটেল-সহ একটি মেডি সিটি গড়ে তোলার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ১৭ একর জমিতে তিরুপতি মন্দিরের আদলে বালাজি মন্দির তৈরির পরিকল্পনার কথাও সামনে এসেছে।সব মিলিয়ে নিউ টাউনকে রাজ্যের অন্যতম প্রধান প্রশাসনিক,চিকিৎসা ও পরিকাঠামোগত কেন্দ্রে পরিণত করার রূপরেখা তুলে ধরেছে রাজ্য সরকার। এখন দেখার, ঘোষিত এই বৃহৎ পরিকল্পনা কত দ্রুত বাস্তবায়নের পথে এগোয় এবং জমি সংগ্রহ থেকে নির্মাণকাজ, প্রতিটি ক্ষেত্রে কতটা স্বচ্ছতা ও গতি বজায় রাখা সম্ভব হয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

