Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

হলফনামা ঘিরে তোলপাড়, এবার আইনি চাপে দুই তৃণমূল বিধায়ক?

0 99,313

শ্রীতমা ব্যানার্জী :বাংলার রাজনীতিতে ক্ষমতার পালাবদলের পরও যেন লড়াইয়ের শেষ নেই তৃণমূলের অন্দরে। একদিকে দলের নাম, অন্যদিকে প্রতীক, সংগঠনের নিয়ন্ত্রণ থেকে রাজনৈতিক কর্তৃত্ব, সবকিছু ঘিরেই ক্রমশ জটিল হচ্ছে দুই শিবিরের সংঘাত। এবার সেই সংঘাত পৌঁছে গেল সরাসরি থানার দরজায়। জাল হলফনামা তৈরি করে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার অভিযোগে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল শিবির।রবিবার এই অভিযোগ ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি। তৃণমূলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী কলকাতার কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে শুধু দুই বিধায়কের নামই নয়, নানুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সঞ্জয় সরকার, সাব-ইনস্পেক্টর গোলক ঘোষ এবং সংশ্লিষ্ট থানার অন্যান্য পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধেও ষড়যন্ত্রে যুক্ত থাকার অভিযোগ তোলা হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছে নির্বাচন কমিশনের কাছে জমা পড়া একাধিক হলফনামা। তৃণমূলের মমতা-অনুগামী শিবিরের দাবি, ২৩ থেকে ২৭ অক্টোবরের মধ্যে পরিকল্পিতভাবে একাধিক নথি তৈরি করা হয়েছিল। সেই নথির মাধ্যমে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবিরের সাংগঠনিক শক্তি এবং অরূপ রায়ের নেতৃত্বের পক্ষে সাধারণ মানুষের সমর্থন রয়েছে বলে প্রমাণ করার চেষ্টা করা হয়।অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, পার্শ্ববর্তী গ্রামের ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে স্ট্যাম্প পেপারে আগে থেকে তৈরি করা বয়ান বসানো হয়েছিল। সংশ্লিষ্ট ব্যক্তিদের অজান্তেই তাঁদের স্বাক্ষর নকল করা হয় বলে অভিযোগ। এমনকী হলফনামাকে বিশ্বাসযোগ্য করে তুলতে নোটারির সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগও তুলেছে মমতা-অনুগামী শিবির। এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করে বিস্তারিত তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী।অন্যদিকে, এই বিতর্কে আগেই সরব হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, হলফনামায় স্বাক্ষরের সময় নোটারি উপস্থিত ছিলেন না এবং অন্যত্র গিয়ে নোটারিকরণের ব্যবস্থা করা হয়েছিল। এমনকী পুলিশ স্টেশনের ভিতরে ঋতব্রতর হলফনামা পূরণের একটি ভিডিও তাঁর কাছে রয়েছে বলেও দাবি করেছেন অভিষেক। সেই ভিডিও সুপ্রিম কোর্ট ও নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়ার পাশাপাশি সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করার কথাও জানিয়েছেন তিনি।তবে অভিযোগ অস্বীকার করেছে বিরোধী শিবির। অরূপ রায় জানিয়েছেন, অভিযোগ দায়ের করা তাঁদের প্রতিপক্ষের অধিকার। তাঁদের জমা দেওয়া হলফনামা দলীয় কর্মীরাই দিয়েছেন বলে দাবি করেছেন তিনি। ফলে দুই পক্ষের বক্তব্যে স্পষ্ট, রাজনৈতিক সংঘাতের পাশাপাশি এখন নথির সত্যতা নিয়েও শুরু হয়েছে পাল্টাপাল্টি লড়াই। সব মিলিয়ে তৃণমূলের নাম ও প্রতীকের অধিকার নিয়ে যে সংঘাত শুরু হয়েছিল, তা এখন আর শুধু রাজনৈতিক মঞ্চে সীমাবদ্ধ নেই। নির্বাচন কমিশন থেকে সুপ্রিম কোর্ট, এবার পুলিশের তদন্তের দাবিও সেই লড়াইয়ের অংশ হয়ে উঠল। শেষ পর্যন্ত কার দাবি সত্য, কার নথি বৈধ, আর জোড়াফুলের প্রকৃত অধিকার কার হাতে থাকবে, তার উত্তর এখন নির্ভর করছে তদন্ত ও সাংবিধানিক প্রক্রিয়ার উপর।রাজনৈতিক লড়াইয়ে এবার প্রশ্ন শুধু ক্ষমতার নয়, হলফনামার সত্যতা নিয়েও।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper