Khabor Ekhon
শুধু ছুটি নয়, ২৬ নভেম্বর স্কুলে পড়ুয়াদের জন্য বিশেষ কর্মসূচি
শ্রীতমা ব্যানার্জী :শুধু পাঠ্যবইয়ের পাতায় নয়, দেশের সংবিধানের আদর্শ এবার আরও নিবিড়ভাবে পৌঁছে দিতে হবে ছাত্রছাত্রীদের মনে। গণতন্ত্র, সাম্য, স্বাধীনতা ও ন্যায়বিচারের মূল্যবোধ সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে উদ্যোগী হল রাজ্য স্কুল শিক্ষা দফতর। আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবস উপলক্ষে রাজ্যের সমস্ত স্কুলে বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়েছে।রাজ্য স্কুল শিক্ষা দফতরের অধীনস্থ সমগ্র শিক্ষা মিশনের তরফে ইতিমধ্যেই সমস্ত জেলার জেলা শিক্ষা আধিকারিকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। সেই নির্দেশ অনুযায়ী, সরকারি, সরকার পোষিত এবং বেসরকারি স্কুলগুলিতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে সংবিধান দিবস পালন করতে হবে।কর্মসূচির অন্যতম প্রধান আকর্ষণ হবে প্রাতঃকালীন সমাবেশে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা পাঠ। দিনের শুরুতেই একসঙ্গে সংবিধানের প্রস্তাবনা পাঠের মাধ্যমে পড়ুয়াদের সামনে তুলে ধরা হবে রাষ্ট্রের মৌলিক আদর্শ ও নাগরিক হিসেবে তাঁদের দায়িত্বের কথা।শুধু আনুষ্ঠানিকতা নয়, ইতিহাসের সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ থাকছে পড়ুয়াদের সামনে। নিজেদের জেলা কিংবা রাজ্য থেকে গণপরিষদে যাঁরা প্রতিনিধিত্ব করেছিলেন, তাঁদের সম্পর্কে তথ্য সংগ্রহ করতে উৎসাহিত করা হবে ছাত্রছাত্রীদের। সেই সমস্ত সদস্যের জীবন, অবদান ও সংবিধান নির্মাণে তাঁদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখা এবং আলোচনার আয়োজনের কথাও বলা হয়েছে।পড়ুয়াদের সৃজনশীল অংশগ্রহণ বাড়াতে পোস্টার তৈরি, অঙ্কন প্রতিযোগিতা, বুকমার্ক, ব্যাজ এবং কোলাজ তৈরির মতো কর্মসূচিরও প্রস্তাব রয়েছে নির্দেশিকায়। অর্থাৎ সংবিধানের বিষয়টি শুধু মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ না রেখে শিল্প, অনুসন্ধান ও আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।কর্মসূচির বাস্তবায়ন ও নজরদারির জন্য প্রতিটি জেলায় একজন করে নোডাল অফিসার মনোনীত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি লোকসভা ও রাজ্যসভার সাংসদদেরও নিজেদের এলাকায় ২৬ থেকে ৩০ নভেম্বরের মধ্যে সংবিধান দিবস উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানানো হয়েছে।উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে গৃহীত হয়েছিল ভারতের সংবিধান।পরবর্তীতে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তা কার্যকর হয়। সেই ঐতিহাসিক দিনটির স্মরণেই প্রতি বছর ২৬ নভেম্বর সংবিধান দিবস পালন করা হয়।সময়ের সঙ্গে বদলাচ্ছে সমাজ, বদলাচ্ছে নতুন প্রজন্মের ভাবনা। সেই পরিবর্তনের আবহে সংবিধানের মূল্যবোধকে ছাত্রছাত্রীদের কাছে আরও সহজ ও জীবন্ত করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। কারণ সংবিধান কেবল রাষ্ট্র পরিচালনার দলিল নয়, দেশের নাগরিকদের অধিকার, মর্যাদা ও দায়িত্বেরও ভিত্তি। আর সেই বোধের প্রথম পাঠ শুরু হোক স্কুলের শ্রেণিকক্ষ থেকেই।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

