Khabor Ekhon
পুর নিয়োগ দুর্নীতির জাল আরও গভীরে,সুজিত বসুকে ফের জেরার প্রস্তুতি সিবিআইয়ের
শ্রীতমা ব্যানার্জী :পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত যত এগোচ্ছে, ততই নতুন করে জটিল হচ্ছে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর আইনি পরিস্থিতি। কোটি কোটি টাকার নিয়োগ দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি তিনি। এবার তাঁকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তদন্তে অসহযোগিতার অভিযোগ উঠতেই নতুন করে তাঁকে জেরার সিদ্ধান্ত বলে তদন্তকারী সূত্রের খবর।সোমবার এই খবর সামনে আসতেই রাজ্য রাজনীতিতে নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। সিবিআই সূত্রের দাবি, আগের দফার জিজ্ঞাসাবাদে সুজিত বসুর কাছ থেকে বেশ কিছু প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি। সেই কারণেই তদন্তকারীরা ফের তাঁর মুখোমুখি হতে চান। চলতি সপ্তাহেই প্রেসিডেন্সি জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।তদন্তের পরিধি অবশ্য এখন আর শুধু নিয়োগের সুপারিশে সীমাবদ্ধ নেই। আর্থিক লেনদেনের সূত্র ধরে এবার নজর পড়েছে একাধিক ব্যাঙ্কের উপরেও। সিবিআই সূত্রে জানা গিয়েছে, দুটি ব্যাঙ্কের আধিকারিককে ইতিমধ্যেই তলব করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেন, নথিপত্র এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা। নিয়োগ দুর্নীতির অর্থ কোন পথে ঘুরেছে, কোথায় জমা পড়েছে, সেই সূত্র খুঁজতেই এই তৎপরতা বলে মনে করা হচ্ছে।এই মামলায় সুজিত বসুর বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযোগও যথেষ্ট গুরুতর। ইডির দাবি, পুরসভায় চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অন্তত ৩৪০ জনের কাছ থেকে মাথাপিছু প্রায় ৬ লক্ষ টাকা করে নেওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ২৮৪ জন বেআইনি উপায়ে নিয়োগপত্র পেয়েছিলেন বলে তদন্তকারী সংস্থার অভিযোগ। এই লেনদেনের অঙ্ক ২০ কোটি টাকারও বেশি বলে দাবি ইডির। পাশাপাশি রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতির সঙ্গে প্রায় ২৫০ কোটি টাকার আর্থিক লেনদেনের যোগ রয়েছে বলেও দাবি করেছে কেন্দ্রীয় সংস্থাটি।গত ১১ মে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি রয়েছেন তিনি। প্রায় সাড়ে ছয় মাস ধরে চলা এই তদন্তে এবার আরও গভীরে পৌঁছতে চাইছে সিবিআই।নিয়োগের তালিকা থেকে আর্থিক লেনদেন, একের পর এক সূত্র ধরে তদন্তের জাল বিস্তৃত হচ্ছে। এবার দ্বিতীয় দফার জেরায় কী নতুন তথ্য উঠে আসে, সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

