Khabor Ekhon
কুপিয়ে খুন স্ত্রীকে, গ্রেফতার বিএলও স্বামী
![]()
সোমবার সন্ধ্যায় বাড়িতে আনাজ কাটার ছুরি দিয়ে স্ত্রীকে খুন করার অভিযোগে গ্রেফতার এক বিএলও। তার নাম রাজদীপ বড়ুয়া। পেশায় তিনি ওয়ার্ডের ১৭৭ নম্বর বুথের বিএলও ছিলেন। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের ১ নম্বর ওয়ার্ড শ্যামাপ্রসাদ পল্লিতে। মৃতার নাম অম্বালিকা সরকার বড়ুয়া (৩৫)। তাঁদের ১০ বছরের একটি পুত্রসন্তানও রয়েছে। স্থানীয় তৃণমূল নেতার দাবি, নির্বাচন কমিশনের কাজের চাপে মানসিক অশান্তিতে ভুগছিলেন রাজদীপ।
অভিযোগ, তাঁর ওয়ার্ডে অনেকের নামে নোটিশ এসেছিল। সেই কারণেই রাজদীপ বেশ চাপের মধ্যে ছিলেন। সোমবার দুপুরে মদ্যপ অবস্থায় তিনি বাড়ি ফেরেন। বাড়ির সামনে এসে রীতিমতো পড়েও যান। তখনই স্ত্রী গিয়ে তাঁকে ধরে ঘরে নিয়ে যান। এরপরই দু’জনের মধ্যে অশান্তি শুরু হয়। তারপরে সবজি কাটার ছুরি দিয়ে অম্বালিকার বুকে আঘাত করেন রাজদীপ। রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকেন মহিলা। বিষয়টি টের পেতেই স্থানীয়রা তাঁকে এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা অম্বালিকাকে মৃত বলে ঘোষণা করেন। অভিযুক্ত স্বামী রাজদীপ সেই সময়ে হাসপাতালে ছিলেন। পরে সেখান থেকেই কোতোয়ালি থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।
তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক রাকেশ চৌধুরী বলেন, রাজদীপ এই কাজ নিয়ে মানসিক চাপে ভুগছিলেন। বেশ কিছু স্থানীয় বাসিন্দা–সহ তাঁর নিজের মায়ের নামও বাদ পড়েছিল। এমনকি কাজ ছেড়ে দেওয়ার কথা বলেছিল। তবে এই ধরনের ঘটনার আসল কারণ কী তা এখনও স্পষ্ট নয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

