Khabor Ekhon
পারদ নামল ১৭.৪ ডিগ্রিতে,কলকাতায় শীতের জোরালো বার্তা
শ্রীতমা ব্যানার্জী :দীর্ঘ অপেক্ষার অবসান। ঘূর্ণিঝড় ও বৃষ্টির প্রভাব কাটতেই এবার ধীরে ধীরে শীতের পথে এগোচ্ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ। গত কয়েক দিনের আবহাওয়ার পরিবর্তনে স্পষ্ট হচ্ছে শীতের আগমনী বার্তা। বিশেষ করে রাত ও ভোরের দিকে ঠান্ডার অনুভূতি ক্রমশ বাড়ছে। কলকাতার তাপমাত্রার দ্রুত পতন সেই ইঙ্গিতকেই আরও জোরালো করেছে।আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, গত ৭২ ঘণ্টায় রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা প্রায় ৫ ডিগ্রি পর্যন্ত কমেছে। কলকাতাতেও এক ধাক্কায় বেশ কিছুটা নেমেছে পারদ। সোমবার রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তা কমে দাঁড়ায় ১৯ ডিগ্রিতে। বুধবার রাতে আরও কমে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছয় ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসে। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে প্রায় পাঁচ ডিগ্রি পারদপতন হয়েছে।বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার আকাশ ছিল মূলত পরিষ্কার। রোদের দেখা মিললেও বাতাসে শীতের হালকা আমেজ অনুভূত হয়েছে। বিশেষ করে সকালবেলা বাইরে বেরোলেই ঠান্ডা হাওয়ার উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। সন্ধ্যা নামার পর সেই অনুভূতি আরও বাড়তে পারে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহের শেষের দিকে দিনের তাপমাত্রাতেও আরও কিছুটা পতন হতে পারে। ফলে রাতের পাশাপাশি দিনের আবহাওয়াতেও শীতের প্রভাব ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা রয়েছে।শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও ঠান্ডার অনুভূতি বাড়ছে। উত্তুরে হাওয়ার প্রভাব বাড়লে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে শীতের দাপট আরও বেশি অনুভূত হতে পারে। সব মিলিয়ে নভেম্বরের শেষ সপ্তাহেই শীতের যে ছবিটা এতদিন অধরা ছিল, এবার তা ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে।তবে এখনই কনকনে শীতের আমেজ শুরু হয়ে গিয়েছে, এমনটা বলার সময় আসেনি। আবহাওয়ার এই পরিবর্তন কতটা স্থায়ী হয়, সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা। আপাতত কলকাতার পারদপতন শীতপ্রেমীদের মনে নতুন আশার সঞ্চার করেছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

