Khabor Ekhon
জল জীবন মিশনে ১২ হাজার কোটি বকেয়া, ঠিকাদাররা ঘেরাও করবেন সুপারিন্টেন্ডেন্টের অফিস

‘জল জীবন মিশন’ প্রকল্পের কাজ করে ঠিকাদাররা গত দেড় বছর ধরে বকেয়া টাকা পাচ্ছেন না। মঙ্গলবার রাজ্যের প্রতিটি সুপারিন্টেন্ডেন্ট ইঞ্জিনিয়ারের কার্যালয় ঘেরাওয়ের ডাক দিয়েছে ঠিকাদার সংস্থা। মুর্শিদাবাদে বকেয়া প্রায় ৭০০ কোটি, রাজ্যে ১২ হাজার কোটির বেশি।
ওয়েস্টবেঙ্গল পিএইচই কন্ট্রাক্টর্স অ্যাসোসিয়েশনের মুর্শিদাবাদ জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস বলেন, “জেলায় ৪০০ জন ঠিকাদার। ব্যাঙ্ক ঋণ, মহাজনের চড়া সুদে টাকা নিয়ে কাজ করেছি। ১৮ মাস হয়ে গেল টাকা নেই। দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। বাড়ি বেচতে হবে।”
হরপ্রসাদ দাস জানান, ২০২৪-২৫ ও ২০২৫-২৬-এর পাওনা ৪৭৪.৮৭ কোটি, অপারেশন-মেইন্টেন্যান্স ২১.৩৫ কোটি, লোকসভা নির্বাচনের পাওনা ১৪.৮১ কোটি, পঞ্চায়েত নির্বাচন ৭৫ লক্ষ, উপনির্বাচন ৭৯ লক্ষ, খরা জল সরবরাহ ৩.১১ কোটি, ‘পাড়ায় সমাধান’ ৩১ লক্ষ—মোট ৫৬৭.১৫ কোটি টাকা। বকেয়া না পাওয়ায় রক্ষণাবেক্ষণ বন্ধ, কর্মীদের বেতন দিতে পারছেন না ঠিকাদাররা।
বহরমপুরে ৭২ ঘণ্টার রিলে অনশন করেছিলেন তাঁরা। কোনও সমাধান না হওয়ায় আজ ঘেরাও। পিএইচই আধিকারিক বলেন, “কেন্দ্র ৫০ শতাংশ দেয় না বলে রাজ্য দিতে পারছে না। নতুন বাজেটে ৭০ হাজার কোটি বরাদ্দ হয়েছে। কেন্দ্র বকেয়া ৭ হাজার কোটি ছাড়লে সমস্যা মিটবে।”
প্রকল্পের কাজ বন্ধ হলে গ্রামে পানীয় জল সরবরাহ ব্যাহত হবে। ঠিকাদাররা বলছেন, আর ঋণ নিতে পারছেন না। এই সংকট দ্রুত সমাধান না হলে প্রকল্পই ভেস্তে যাবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

