Khabor Ekhon
শুধু শাড়ি নয়, ভারতীয় বস্ত্র ঐতিহ্যের প্রতি ভালোবাসার বার্তা কঙ্গনা রানাউতের; প্রচারে উঠে এল দেশের নানা প্রান্তের হস্তশিল্প
রূপসা দাস : নিজের ফ্যাশন নির্বাচনের মাধ্যমে বারবার ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরেছেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত। সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ভারত ভাগ্য বিধাতা’ (Bharat Bhhagya Viddhaata)-র প্রচার পর্বেও তার ব্যতিক্রম ঘটেনি। গোটা প্রচার সফরে তিনি পরেছিলেন ভারতের বিভিন্ন রাজ্যের ঐতিহ্যবাহী শাড়ি, যা একদিকে যেমন তাঁর রুচির পরিচয় দেয়, তেমনই তুলে ধরে দেশের সমৃদ্ধ বস্ত্রশিল্পের ইতিহাস।
কাঞ্জিভরমে দক্ষিণ ভারতের ঐতিহ্যের ছোঁয়া
প্রচার অভিযানের শুরুতেই কঙ্গনাকে দেখা যায় ডিজাইনার গৌরাঙ্গ শাহ-এর তৈরি বেগুনি ও হাতির দাঁতের রঙের অনবদ্য কাঞ্জিভরম শাড়িতে। শাড়ির উজ্জ্বল বেগুনি পাড়, সূক্ষ্ম জরির কাজ এবং মন্দির স্থাপত্য থেকে অনুপ্রাণিত নকশা ছিল নজরকাড়া।
ডিজাইনার গৌরাঙ্গ শাহের লেবেলের তৈরি মোচি এমব্রয়ডারিতে সজ্জিত কাঞ্জিভরম শাড়িতে কঙ্গনা রানাউত।
এই শাড়ির বিশেষ আকর্ষণ ছিল গুজরাটের কচ্ছ অঞ্চলের বিখ্যাত মোচি এমব্রয়ডারি। ‘আরি’ নামের বিশেষ সূঁচ দিয়ে তৈরি সূক্ষ্ম চেইন-স্টিচের এই শিল্প বহু প্রাচীন এবং মোচি সম্প্রদায়ের দক্ষ কারিগরদের হাত ধরে আজও বেঁচে রয়েছে।
ওড়িশার কোটপাড শাড়িতে উপজাতীয় ঐতিহ্য
এরপর কঙ্গনা বেছে নেন ওড়িশার ঐতিহ্যবাহী কোটপাড শাড়ি। সাদা-লাল রঙের এই শাড়ির সৌন্দর্যের পাশাপাশি এর পিছনে রয়েছে শতাব্দীপ্রাচীন হস্ততাঁত শিল্পের ইতিহাস।
কোটপাড ভারতের অন্যতম বিরল উপজাতীয় বস্ত্রশিল্প। ‘আল’ গাছের শিকড় ও ছালের নির্যাস থেকে প্রাকৃতিক রং তৈরি করে সুতো রাঙানো হয়, যার ফলে মেরুন, বাদামি, কালচে ও গাঢ় লাল রঙের অনন্য ছাপ তৈরি হয়।

ভানি ঋত্তি (Vani Vritti) লেবেলের তৈরি ঐতিহ্যবাহী কোটপাড শাড়িতে কঙ্গনা রানাউত।
ওড়িশার কোটপাড অঞ্চলের মিরগান তাঁতি সম্প্রদায় প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শাড়ি বুনে আসছেন। কাঁকড়া, মাছ, পাখি ও উপজাতীয় নকশাগুলি শুধু অলঙ্করণ নয়, বরং স্থানীয় সংস্কৃতির প্রতিচ্ছবি।
মহারাষ্ট্রের ঐশ্বর্যবাহী পৈঠানিতে কঙ্গনা
মহারাষ্ট্রের বিখ্যাত পৈঠানি শাড়িও কঙ্গনার সংগ্রহে বিশেষ জায়গা করে নেয়। ডিজাইনার নীতা লুল্লার দলের তৈরি গেরুয়া সোনালি ও লাল রঙের এই শাড়িতে ছিল ঐতিহ্যবাহী ‘মোর-ফুল’ নকশা।

নীতা লুল্লার তৈরি বিলাসবহুল পৈঠানি শাড়িতে কঙ্গনা রানাউত।
রেশম ও জরি দিয়ে তৈরি পৈঠানি শাড়ির বিশেষত্ব হল, এর নকশা আলাদা করে বসানো হয় না; বরং বুননের সময়ই হাতে তৈরি করা হয়। একটি নিখুঁত পৈঠানি শাড়ি তৈরি করতে কখনও কখনও কয়েক মাস সময় লাগে।
গুজরাটের পাটন পাটোলায় রাজকীয় লুক
যোধপুরে ছবির প্রচারে কঙ্গনাকে দেখা যায় গাঢ় লাল রঙের পাটন পাটোলা সিল্ক শাড়িতে। গুজরাটের অন্যতম মূল্যবান বস্ত্র ঐতিহ্য এই শাড়ি বিরল ডাবল ইকাত পদ্ধতিতে তৈরি করা হয়।
এর সঙ্গে তিনি পরেছিলেন কাঁচা রেশমের ব্লাউজ, যেখানে মুক্তো ও পুঁতির সাহায্যে ঐতিহ্যবাহী পাটন নকশা ফুটিয়ে তোলা হয়েছিল।

ফ্রন্টিয়ার রাস (Frontier Raas)-এর তৈরি ঐতিহ্যবাহী পাটন পাটোলা শাড়িতে কঙ্গনা রানাউত।
কঙ্গনার এই পোশাক নির্বাচন শুধু ফ্যাশনের প্রদর্শন নয়, বরং ভারতের শতাব্দীপ্রাচীন তাঁতশিল্প ও কারিগরদের প্রতি এক বিশেষ শ্রদ্ধার্ঘ্য। আধুনিক ফ্যাশনের ঝোঁকের মাঝেও তিনি মনে করিয়ে দিলেন, ভারতের প্রকৃত বিলাসিতা লুকিয়ে আছে তার ঐতিহ্য, তাঁতি ও শিল্পীদের অসাধারণ দক্ষতার মধ্যে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

