Khabor Ekhon
বিশ্বকাপ প্রস্তুতিতে নতুন সমস্যা! জার্মানির অনুশীলন শিবিরে বিষাক্ত সাপের আতঙ্ক, উদ্বেগে কিমিখরা
FIFA World Cup 2026-এর মঞ্চে শিরোপার লড়াইয়ের প্রস্তুতি চলছে জোরকদমে। তবে মাঠের প্রতিপক্ষ নয়, এবার জার্মান ফুটবল দলের অনুশীলন শিবিরে নতুন আতঙ্কের কারণ হয়ে উঠেছে সাপ। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনার উইনস্টন-সেলেমে জার্মান দলের ট্রেনিং ক্যাম্পে বিষাক্ত সাপের দেখা মেলার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে দলের মধ্যে।
জার্মান অধিনায়ক জোশুয়া কিমিখ জানিয়েছেন, অনুশীলনের সময় তাঁর সতীর্থরা একটি সাপ দেখতে পান। পরে তাদের জানানো হয়, সেটি বিষাক্ত ছিল। কিমিখ বলেন, “আমরা গতকাল একটি সাপ দেখেছিলাম। আমাদের বলা হয়েছে এটি বিষাক্ত। কামড়ালে হাসপাতালে যেতে হবে। হয়তো প্রাণহানি হবে না, তবে এটি যথেষ্ট বিপজ্জনক।”
নর্থ ক্যারোলিনায় প্রায় ৩৭ প্রজাতির সাপ পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে পরিচিত বিষাক্ত সাপ হল কপারহেড, এবং জার্মান দল এই সাপেরই মুখোমুখি হয়েছে বলে জানা গিয়েছে। বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টের প্রস্তুতির মাঝেই এমন পরিস্থিতি দলটির জন্য বাড়তি চাপ তৈরি করেছে।
৩১ বছর বয়সি কিমিখ বলেন, “আমরা বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে এসেছি, অথচ এখন খেলোয়াড়দের প্রতিটি পদক্ষেপের আগে মাটির দিকে তাকাতে হচ্ছে।”
শুধু জার্মানিই নয়, নর্থ ক্যারোলিনায় থাকা নরওয়ে দলও একই সমস্যার মুখে পড়েছে। আর্লিং হল্যান্ডদের দলকে গ্রিনসবরোর ট্রেনিং ক্যাম্পে সাপ সম্পর্কে সতর্ক করা হয়েছে। নরওয়ের মিডফিল্ডার ক্রিস্টিয়ান থরস্টভেড্ট এই খবর শুনে অসন্তোষ প্রকাশ করে বলেন, “এটা শুনে আমি মোটেও খুশি নই।”
অন্যদিকে, সুইজারল্যান্ড দলও সাপের আতঙ্কে ভুগছে। তাদের বিশ্বকাপ বেস ক্যাম্পের সংলগ্ন এলাকাকে ‘স্নেক এরিয়া’ বলে চিহ্নিত করে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত সুইস দলের কোনও সদস্য মাঠে সাপের মুখোমুখি হননি। অস্ট্রিয়ার সান্তা বারবারা ক্যাম্পে খেলোয়াড় ও কর্মীদের সাপের ঝুঁকি এড়াতে সাইকেল চালানো নিষিদ্ধ করা হয়েছে। তবে জার্মানি, নরওয়ে এবং সুইজারল্যান্ড এখনও পর্যন্ত এমন কোনও কড়া নিয়ম জারি করেনি।
বিশ্বকাপ চলাকালীন এই অপ্রত্যাশিত সমস্যা নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। আগামী ম্যাচে সুইজারল্যান্ড খেলবে বসনিয়া ও হার্জেগোভিনার বিরুদ্ধে, জার্মানি মুখোমুখি হবে আইভরি কোস্টের এবং নরওয়ে খেলবে সেনেগালের বিরুদ্ধে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

