Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ভালোবাসার অধিকারে আদালতের সিলমোহর,হুমকিদাতাদের কড়া বার্তা

0 554,401

শ্রীতমা ব্যানার্জী : ভালোবাসার সম্পর্ক, বিয়ের সিদ্ধান্ত,আর সেই সিদ্ধান্তকে ঘিরে নিরাপত্তাহীনতা।ধর্মের পরিচয় কি ঠিক করে দেবে একজন মানুষ কাকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেবেন?এই প্রশ্নেই এবার গুরুত্বপূর্ণ বার্তা দিল কলকাতা হাইকোর্ট।স্পষ্ট জানিয়ে দিল, নিজের জীবনসঙ্গী বেছে নেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার।কোনওভাবেই সেই অধিকারে হস্তক্ষেপ করা যায় না।ধর্মীয় পরিচয়ের কারণে কোনও দম্পতিকে ভয় দেখানো বা তাঁদের ব্যক্তিগত জীবনে বাধা দেওয়ার অধিকার কারও নেই।এক আন্তঃধর্মীয় বিবাহিত দম্পতির নিরাপত্তা সংক্রান্ত মামলায় এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে কলকাতা হাইকোর্ট।বিচারপতি সৌগত ভট্টাচার্য দম্পতি এবং তাঁদের পরিবারের সদস্যদের উপযুক্ত পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।আদালতে দম্পতির অভিযোগ,তাঁদের বিয়ের নোটিস একটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত অনলাইন পোর্টালে প্রকাশিত হওয়ার পর কয়েকটি হিন্দু সংগঠনের সদস্যদের হাতে সেই তথ্য পৌঁছে যায়। অভিযোগ,এরপর ওই নোটিসের তথ্য সংগঠনের সদস্যদের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়। শুরু হয় দম্পতি এবং তাঁদের পরিবারের সদস্যদের উপর চাপ সৃষ্টি ও হেনস্থা।এমনকী বিয়ে ভেঙে না দিলে প্রাণনাশের হুমকি এবং বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাঁরা। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে নিজেদের নিরাপত্তার পাশাপাশি পরিবারের সদস্যদের সুরক্ষা চেয়ে শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে হয় দম্পতিকে।মামলায় ওই মহিলার আরও অভিযোগ, এক পুলিশকর্মী তাঁকে ফোন করে জানান, তাঁর মা স্বামীর বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছেন। তাঁকে স্বামীকে ছেড়ে পৈতৃক বাড়িতে ফিরে যাওয়ার পরামর্শও দেওয়া হয় বলে দাবি তাঁর।দম্পতির বক্তব্য, একাধিকবার পুলিশের কাছে নিরাপত্তা চেয়েও তাঁরা প্রয়োজনীয় সাহায্য পাননি। ফলে বাধ্য হয়েই আদালতের শরণাপন্ন হতে হয়েছে।দম্পতির হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। তিনি জানান, স্বামী-স্ত্রী হিসেবে তাঁরা একসঙ্গেই সংসার করছেন। তাঁদের একমাত্র চাওয়া, ভয়ভীতি ছাড়া স্বাভাবিক জীবনযাপন করার নিশ্চয়তা।এদিন মামলার শুনানিতে ওই মহিলা হলফনামা দিয়ে জানান, তিনি নিজের বিবাহিত জীবন চালিয়ে যেতে চান। তাঁর বক্তব্য এবং হলফনামা বিবেচনা করেই আদালত দম্পতির সিদ্ধান্তের স্বতঃস্ফূর্ততা সম্পর্কে সন্তুষ্ট হয় এবং তাঁদের পাশাপাশি পরিবারের সদস্যদেরও উপযুক্ত পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেয়।আদালতের পর্যবেক্ষণ, ভারতীয় সংবিধানের তৃতীয় ভাগে স্বীকৃত মৌলিক অধিকারের আওতায় প্রত্যেক নাগরিকের নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার রয়েছে। সেই অধিকার কোনওভাবেই খর্ব করা যায় না।এই পর্যবেক্ষণ শুধু একটি দম্পতির নিরাপত্তার প্রশ্নেই সীমাবদ্ধ নয়। বরং ব্যক্তিগত স্বাধীনতা, সাংবিধানিক অধিকার এবং ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে ব্যক্তির নিজস্ব সিদ্ধান্তের গুরুত্বকে আরও একবার সামনে নিয়ে এল।একটি বিয়ের সিদ্ধান্তকে কেন্দ্র করে যদি কোনও দম্পতিকে প্রাণনাশের আশঙ্কায় দিন কাটাতে হয়, তাহলে তা শুধু তাঁদের ব্যক্তিগত জীবনের সংকট নয়, নাগরিকের নিরাপত্তা ও স্বাধীনতার প্রশ্নও। কলকাতা হাইকোর্টের এই নির্দেশ সেই জায়গাতেই গুরুত্বপূর্ণ।ধর্ম আলাদা হতে পারে, বিশ্বাস আলাদা হতে পারে, কিন্তু জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার কোনও ধর্মীয় গোষ্ঠীর অনুমতির উপর নির্ভরশীল নয়। সংবিধান যে ব্যক্তিস্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে, তা রক্ষা করার দায়িত্ব রাষ্ট্রেরই।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper