Khabor Ekhon
ভ্যাজাইনাইটিস! এটি লজ্জা নয়, বরং সচেতনতাতেই রয়েছে সুস্থতার চাবিকাঠি
খবর এখন:নারীর স্বাস্থ্যের সঙ্গে জড়িত অন্যান্য সমস্যার মধ্যে ভ্যাজাইনাইটিসও একটি সমস্যা। অত্যন্ত সাধারণ কিন্তু অনেক ক্ষেত্রে অবহেলিত রোগ। এটি যোনির অস্বাভাবিক প্রদাহ বা সংক্রমণকে বোঝায়। সামাজিক সংকোচ, লজ্জা বা অজ্ঞতার কারণে বহু মহিলাই এই সমস্যার কথা প্রকাশ্যে বলতে পারেন না। ফলে প্রথম অবস্থায় চিকিৎসা না হওয়ায় ধীরে ধীরে জটিলতা বাড়ে। অথচ সময়মতো সচেতনতা ও সঠিক চিকিৎসার মাধ্যমে ভ্যাজাইনাইটিস সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণযোগ্য।
ভ্যাজাইনাইটিস কী?
ভ্যাজাইনাইটিস বলতে বোঝায় মূলত যোনিপথের প্রদাহ বা সংক্রমণকে। স্বাভাবিক বাস্তুতন্ত্রের ভারসাম্যহীনতা, ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও প্রভাব, হরমোনের পরিবর্তন, দুর্বল স্বাস্থ্যবিধি, অস্বাস্থ্যকর যৌন কার্যকলাপ ইত্যাদি ফলস্বরূপ এই রোগের সৃষ্টি হয়। এতে যোনিতে চুলকানি, জ্বালা, অস্বাভাবিক স্রাব, দুর্গন্ধ, ব্যথা কিংবা প্রস্রাবের সময় অস্বস্তি দেখা দিতে পারে। এই সমস্যা যে কোনও বয়সের নারীর হতে পারে—কিশোরী থেকে শুরু করে গর্ভবতী নারী কিংবা মেনোপজ-পরবর্তী নারীরাও এর শিকার হতে পারেন।
ভ্যাজাইনাইটিসের প্রকারভেদ:
ভ্যাজাইনাইটিসকে সাধারণ ভাবে বেশ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে—
ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস-
সব ক্ষেত্রেই ভালো ও খারাপ একসঙ্গে বিরাজমান। এই ক্ষেত্রেও যোনিতে স্বাভাবিক উপকারী ব্যাকটেরিয়া থাকে। সেই ব্যাকটেরিয়ার স্বাভাবিক ভারসাম্য নষ্ট হলে ক্ষতিকর ব্যাকটেরিয়া বেড়ে যায়। যার ফলে এই ধরনের সমস্যার সৃষ্টি হয়। এটি সবচেয়ে সাধারণ ধরন।
ইস্ট ইনফেকশন বা ক্যান্ডিডিয়াসিস-
যোনিতে ক্যান্ডিডা নামক একধরনের ক্ষতিকারক ছত্রাকের অতিরিক্ত বৃদ্ধির ফলে এই রোগটি হয়ে থাকে। এতে সাদা, ঘন স্রাব এবং তীব্র চুলকানি, জ্বালাপোড়া দেখা যায়।
ট্রাইকোমোনিয়াসিস-
এটি একটি যৌনবাহিত সংক্রমণ, যা ট্রাইকোমোনাস নামক পরজীবীর মাধ্যমে ছড়িয়ে পড়ে।
অ্যাট্রফিক ভ্যাজাইনাইটিস-
সাধারণত মহিলাদের মেনোপজের পর ইস্ট্রোজেন হরমোন কমে যাওয়ার ফলে যোনি শুষ্ক হয়ে পড়ে। ফলস্বরূপ প্রচণ্ড প্রদাহ সৃষ্টি হয়।
অ্যালার্জিক বা ইরিটেন্ট ভ্যাজাইনাইটিস-
বিভিন্ন কেমিক্যাল যুক্ত পণ্য যেমন সাবান, ডিওডোরেন্ট, পারফিউম থেকেও এই ধরনের রোগ হতে পারে। এছাড়াও মহিলাদের মাসিক ক্ষেত্রে ব্যবহৃত স্যানিটারি ন্যাপকিনের কারণে হতে পারে।
ভ্যাজাইনাইটিসের প্রধান লক্ষণ:
ভ্যাজাইনাইটিসের লক্ষণ ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। তবে সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে—যোনিতে চুলকানি বা জ্বালা, অস্বাভাবিক রঙের বা দুর্গন্ধযুক্ত স্রাব, যোনিতে ব্যথা বা অস্বস্তি, প্রস্রাবের সময় জ্বালা, সহবাসের সময় ব্যথা এবং যোনি লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া।
ভ্যাজাইনাইটিসের কারণ—
ভ্যাজাইনাইটিস হওয়ার পেছনে অনেক ধরনের কারণ কাজ করে। অপরিচ্ছন্নতা বা অতিরিক্ত পরিষ্কার করার অভ্যাস, যে রোগ হলে অ্যান্টিবায়োটিকের অতিমাত্রায় ব্যবহার, অস্বাস্থ্যকর যৌন সম্পর্ক, শারীরিক হরমোনের ভারসাম্যহীনতা, ডায়াবেটিস, রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে দুর্বল। এছাড়াও ভেজা বা টাইট পোশাক দীর্ঘক্ষণ পরে থাকার কারণে এই রোগের জীবাণু সংক্রমণ হয়ে থাকে।
এখন প্রশ্ন কীভাবে এই রোগ নির্ণয় করা সম্ভব হবে?
এই ভ্যাজাইনাইটিস অতি সাধারণ একটি রোগ। কিন্তু অবহেলার কারণে বড় আকার ধারণ করে। তাই অতি দ্রুত এই রোগ নির্ণয় করা জরুরি।
প্রথমত, রোগীর উপসর্গ সম্পর্কে জানতে হবে। যোনি স্রাবের বিভিন্ন পরীক্ষা করতে হবে। তবে বিশেষ প্রয়োজনে ল্যাব টেস্ট বা প্যাপ স্মিয়ার করাতে হবে।
নিজে নিজে ওষুধ খাওয়ার প্রবণতা বিপজ্জনক হতে পারে, কারণ ভ্যাজাইনাইটিসের ধরন অনুযায়ী চিকিৎসা ভিন্ন পদ্ধতি অবলম্বনে হয়।
চিকিৎসা পদ্ধতি—
ভ্যাজাইনাইটিসের চিকিৎসা সম্পূর্ণভাবে এর কারণের ওপর নির্ভর করে—
ব্যাকটেরিয়াল সংক্রমণ: বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যাচাই করে এই রোগের অ্যান্টিবায়োটিক সেবন করা উচিত।
ইস্ট ইনফেকশন: এই ক্ষেত্রে বিশেষজ্ঞরা অ্যান্টিফাঙ্গাল ওষুধ বা ক্রিম ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন।
অ্যাট্রফিক ভ্যাজাইনাইটিস: এই ক্ষেত্রে ইস্ট্রোজেন থেরাপি করা হয়ে থাকে।
অ্যালার্জিক ভ্যাজাইনাইটিস: উত্তেজক উপাদান এড়িয়ে চলা উচিত। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বা ক্রিম ব্যবহার করা উচিত নয়।
ভ্যাজাইনাইটিসে ঘরোয়া যত্ন—
বিশেষজ্ঞদের চিকিৎসার পাশাপাশি যদি কিছু সাধারণ অভ্যাস মেনে চলা যায় তাহলে দ্রুত আরোগ্য সম্ভব হবে।
যোনি পরিষ্কারে ক্ষেত্রে ক্ষার জাতীয় সাবান ব্যবহার করা থেকে বিরত থাকুন। প্রয়োজনে খুব হালকা সাবান ব্যবহার করুন। সুতির অন্তর্বাস পরার অভ্যাস করুন, ভেজা কাপড় ব্যবহার করলে তা দ্রুত পরিবর্তন করা উচিত। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে জল পান করা প্রয়োজন। কারণ খুব স্বাভাবিক ভাবেই জলের ঘাটতি হলে শরীর শুকিয়ে যায় এবং এই ধরনের রোগের সৃষ্টি হয়।
প্রতিরোধের উপায়:
ভ্যাজাইনাইটিস প্রতিরোধের ক্ষেত্রে সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণ জীবনযাত্রায় যদি কিছু কিছু বিষয়ে নজর দেওয়া যায় তাহলে এই রোগ থেকে অনেকটাই রেহাই পাওয়া সম্ভব হবে। নিরাপদ যৌন আচরণ, নিয়মিত ব্যক্তিগত পরিচ্ছন্নতা, অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা, মাসিকের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া।
সামাজিক সচেতনতার প্রয়োজন:
ভ্যাজাইনাইটিস লজ্জার বিষয় নয়—এটি একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা। নারীর স্বাস্থ্য নিয়ে খোলাখুলি আলোচনা এবং পরিবার ও সমাজের সহযোগিতা অত্যন্ত জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠান ও গণমাধ্যমের মাধ্যমে সচেতনতা বাড়ানো গেলে বহু নারী এই সমস্যার থেকে মুক্তি পেতে পারেন।
ভ্যাজাইনাইটিস সাধারণ রোগ বলে নীরবে কষ্ট দিয়ে অবহেলা করার মতো রোগ নয়। সঠিক জ্ঞান, সচেতনতা এবং সময়মতো চিকিৎসাই পারে এই সমস্যা থেকে নারীদের সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে। লজ্জা নয়, সচেতনতার পথেই রয়েছে সুস্থতার চাবিকাঠি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

