Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

রূপের নেশায় সর্বনাশ,কিডনিতে বিষ ঢালল ফর্সা হওয়ার ক্রিম

0 32,731

শ্রীতমা ব্যানার্জী-সৌন্দর্যের হাতছানি, আর সেই প্রলোভনের আড়ালেই লুকিয়ে ভয়ংকর বিপদ! ফর্সা হওয়ার পাশাপাশি মুখের ব্রণ, কালো দাগ ও পিগমেন্টেশন দূর করার প্রতিশ্রুতি দিয়েছিল একটি অনলাইন প্রসাধনী সংস্থা। সমাজমাধ্যমের প্রভাবশালীদের প্রচারে বিশ্বাস করে সেই ক্রিম ব্যবহার শুরু করেছিল কেরলের ১৭ বছরের এক কিশোরী। কিন্তু ত্বকের সৌন্দর্য বাড়ানোর চেষ্টাই শেষ পর্যন্ত তাকে ঠেলে দিল গুরুতর কিডনির অসুখের দিকে।চিকিৎসকদের দাবি, ওই ক্রিমে বিপজ্জনক মাত্রায় পারদ বা মার্কারি পাওয়া গিয়েছে। মালাপ্পুরমের অ্যাস্টার এমআইএমএস মাদার হাসপাতালে চিকিৎসাধীন ওই কিশোরীর শরীরে পরীক্ষায় অত্যধিক পারদের উপস্থিতি ধরা পড়ে। চিকিৎসকদের মতে, এর জেরেই তার শরীরে দেখা দিয়েছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, যা কিডনির একটি গুরুতর রোগ।জানা গিয়েছে, ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দেখেই ক্রিমটি কেনার সিদ্ধান্ত নেয় ওই কিশোরী। বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল, নিয়মিত রাতে এই ক্রিম ব্যবহার করলে ব্রণ, কালো দাগ এবং ত্বকের পিগমেন্টেশন দূর হবে। বিজ্ঞাপনের প্রতিশ্রুতিতে বিশ্বাস করে ইনস্টাগ্রামে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ক্রিমটি অর্ডার করে সে। প্রথম দিকে ফল ভালো মনে হওয়ায় পরবর্তী এক বছরে একাধিক বোতল কেনে।কিন্তু ধীরে ধীরে শরীরে দেখা দিতে শুরু করে অস্বাভাবিক উপসর্গ। হঠাৎ রক্তচাপ কমে যাওয়া, বারবার অজ্ঞান হয়ে পড়া এবং পায়ে মারাত্মক ফোলা ভাব দেখা দেয়। এমনকী হাঁটাচলা এবং সিঁড়ি দিয়ে ওঠানামা করাও কঠিন হয়ে পড়ে তার পক্ষে। পরিস্থিতি গুরুতর হওয়ায় চিকিৎসকদের দ্বারস্থ হয় পরিবার।পরীক্ষার পর চিকিৎসকেরা জানতে পারেন, কিশোরীর রক্ত ও শরীরে বিপজ্জনক মাত্রায় পারদ জমেছে। আরও উদ্বেগের বিষয়, পরীক্ষাগারে ওই ক্রিমের নমুনা পরীক্ষা করে প্রতি মিলিয়নে ১২,৫০০ অংশ পারদ পাওয়া গিয়েছে বলে চিকিৎসকদের দাবি। যেখানে প্রসাধনীতে পারদের অনুমোদিত মাত্রা প্রতি মিলিয়নে এক অংশেরও কম।চিকিৎসক গৌরী এস জানিয়েছেন, পারদ কিডনির রক্ত পরিশোধনকারী সূক্ষ্ম অংশগুলিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। এর ফলে কিডনির কার্যক্ষমতা বিপর্যস্ত হওয়ার আশঙ্কা থাকে। তিনি অবিলম্বে ফল পাওয়ার প্রতিশ্রুতি দেওয়া প্রসাধনী ব্যবহারের বিষয়ে সতর্ক করেছেন। ত্বকের সমস্যা হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।এদিকে, নিজের শারীরিক সমস্যার কথা সংশ্লিষ্ট সংস্থাকে জানিয়েও কোনও সদর্থক উত্তর পাননি বলে অভিযোগ কিশোরীর। প্রথমে আশ্বাস দেওয়া হলেও পরে সংস্থার তরফে যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় বলে দাবি। এবার ওই সংস্থার বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে আইনি পদক্ষেপের পথে হাঁটতে চলেছে তার পরিবার। এই ঘটনার পর নতুন করে প্রশ্নের মুখে সমাজমাধ্যমে প্রসাধনীর প্রচার, অনলাইন পণ্যের গুণমান এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা। কয়েক মুহূর্তের বিজ্ঞাপন, কয়েকটি আকর্ষণীয় প্রতিশ্রুতি, আর তার মাশুল দিতে হচ্ছে এক কিশোরীকে নিজের শরীর দিয়ে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper