Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চিকিৎসায় চরম গাফিলতির অভিযোগ, বসিরহাটে শিশুমৃত্যু ঘিরে রণক্ষেত্র হাসপাতাল

0 6,678

শিবনাথ দাস– ফের সরকারি হাসপাতালের জরুরি চিকিৎসা পরিষেবা নিয়ে মারাত্মক প্রশ্ন তুলে দিল পাঁচ মাসের একরত্তির অকালমৃত্যু। চিকিৎসক ও নার্সদের চরম উদাসীনতা এবং কর্তব্যে অবহেলার অভিযোগে সোমবার সকালে কার্যত রণক্ষেত্রের চেহারা নিল বসিরহাট জেলা হাসপাতাল চত্বর।জানা গিয়েছে, হাসনাবাদ থানার রামেশ্বরপুরের খুরুল গ্রামের বাসিন্দা পাঁচ মাসের শিশুকন্যা রাইসা পারভিনকে তীব্র জ্বর ও প্রবল শ্বাসকষ্ট নিয়ে সোমবার ভোর পৌনে চারটে নাগাদ বসিরহাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরিবারের অভিযোগ, ভর্তির পর থেকেই শিশুটির শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হলেও দীর্ঘক্ষণ কোনও চিকিৎসক তাকে দেখতে আসেননি। এমনকী কর্তব্যরত নার্সরাও বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গিয়ে ঘুমিয়ে ছিলেন বলে অভিযোগ। বারবার কাকুতিমিনতি করা সত্ত্বেও মেলেনি ন্যূনতম চিকিৎসা পরিষেবা। বিনা চিকিৎসায় ওয়ার্ডের বেডে ছটফট করতে করতে ভর্তির মাত্র ৪০-৪৫ মিনিটের মাথায় মৃত্যুর কোলে ঢলে পড়ে শিশুটি। পরিবারের দাবি, মৃত্যুর পরেই কেবল চিকিৎসকের দেখা মেলে।এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন স্বজনেরা। চিকিৎসায় গাফিলতির অভিযোগে হাসপাতালের ওয়ার্ডে টেবিল, প্রয়োজনীয় নথিপত্র ও ওষুধপত্র ফেলে ব্যাপক তাণ্ডব চালানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী। মৃতার মামা সোহেল রানা জানান, দায়িত্বপ্রাপ্তদের চরম গাফিলতিতেই শিশুটির প্রাণ গিয়েছে। এই ঘটনায় স্বাস্থ্য দপ্তরের কাছে লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি নিরপেক্ষ তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে পরিবার। যদিও গাফিলতির অভিযোগ প্রসঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper