Khabor Ekhon
একবালপুরের লোকেরা কালীঘাটে কী করতে গেছিল? কাউকে ছাড় দেব না: শুভেন্দু
শিবনাথ দাস: কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ নিগ্রহের ঘটনায় কড়া অবস্থানের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত শুক্রবার গভীর রাত থেকে শনিবার দিনভর অভিষেকের জন্মদিন পালনকে কেন্দ্র করে কালীঘাটের হরিশ মুখার্জি রোড চত্বরে উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে কর্তব্যরত পুলিশকর্মীদের উপর চড়াও হন বেশ কিছু ব্যক্তি। অভিযোগ ওঠে কর্তব্যরত পুলিশকে চড় মারার। সেই ঘটনার প্রেক্ষিতে আজ দিঘায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিলেন, আইনের ঊর্ধ্বে কেউ নন এবং পুলিশের গায়ে হাত দিলে প্রশাসন এক চুলও রেয়াত করবে না।মুখ্যমন্ত্রী দাবি করেন, গোলমালের মূলে কালীঘাট বা হরিশ চ্যাটার্জি স্ট্রিটের স্থানীয় বাসিন্দারা ছিলেন না। তাঁর বক্তব্য, অশান্তি পাকাতে গভীর রাতে একবালপুর এলাকা থেকে বহিরাগতদের ভাড়া করে আনা হয়েছিল। মাঝরাতে একবালপুরের বিশেষ কিছু লোক সেখানে কী উদ্দেশ্যে জড়ো হয়েছিল, সেই প্রশ্ন তোলেন তিনি। পুলিশমন্ত্রী হিসেবে তাঁর বার্তা, সরকারি কাজে বাধা দেওয়া এবং আইনভঙ্গকারীদের চিহ্নিত করতে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। যাঁদের বিরুদ্ধে প্রমাণ মিলবে, তাঁদের সকলের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় কড়া পদক্ষেপ করা হবে। চার্জশিট পেশের পাশাপাশি দ্রুত কাস্টডি ট্রায়াল নিশ্চিত করার নির্দেশও পুলিশকে দেওয়া হয়েছে।ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে দুটি মামলা দায়ের করেছে, যার একটিতে অভিষেকের নাম রয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে দু’জনকে। ধৃতদের কালীঘাট এলাকার তৃণমূল কর্মী বলে দাবি করে কেন এই পদক্ষেপ, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ। প্রশাসনিক এই সক্রিয়তা নিয়ে বিজেপি ও রাজ্য পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী সাফ জানান, পুলিশকে চোখ রাঙানো বা হুমকি দেওয়ার ঘটনায় কোনও রাজনৈতিক রং দেখা হবে না। প্রশাসনিক স্তরে সম্পূর্ণ ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

