Khabor Ekhon
পুলিশের কাজ কি বন্দুক পকেটে রাখা, আক্রমণ হলে জবাব মিলবেই’, কড়া বার্তা শুভেন্দুর
শিবনাথ দাস: উত্তর দিনাজপুরের রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্তের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর ঘটনায় রাজ্য জুড়ে তোলপাড় শুরু হয়েছে। গত পাঁচ মাসে রাজ্যে এটি চতুর্থ এনকাউন্টার। এই প্রেক্ষাপটে সোমবার বিরোধীদের সমস্ত সমালোচনা উড়িয়ে দিয়ে কড়া ভাষায় পুলিশের ভূমিকার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিঘায় এক অনুষ্ঠানে দাঁড়িয়ে আক্রমণাত্মক মেজাজে মুখ্যমন্ত্রী স্পষ্ট প্রশ্ন তোলেন, ‘‘পুলিশের কাজ কি বন্দুক পকেটে রাখা? পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হলে তারা কি হাত গুটিয়ে বসে থাকবে? আক্রমণ হলে পুলিশ তো পাল্টা জবাব দেবেই।’’পূর্ব মেদিনীপুরের দিঘায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্যবসায়ী সমিতি আয়োজিত কালীপুজোয় প্রতিমা দর্শনে উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রী প্রশাসনিক বার্তা দেওয়ার পাশাপাশি তীব্র আক্রমণ শানান পূর্বতন সরকারের বিরুদ্ধে। তিনি জানান, বিজেপি-শাসিত অন্যান্য রাজ্যের মতোই এ রাজ্যেও শক্ত হাতে আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে। অপরাধী এবং সমাজবিরোধীদের স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘ধর্ষক-খুনি, মাদক কারবারি এবং অবৈধ অনুপ্রবেশকারীদের এ রাজ্যে কোনও ঠাঁই হবে না। এদের বিরুদ্ধে পুলিশকে কয়েকটি বিশেষ ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা এবং খোলা ছাড় দেওয়া হয়েছে। এই ধরনের সমাজবিরোধীদের নিকেশ করতে অফিসারদের উপরমহলের অনুমতির অপেক্ষায় বসে থাকতে হবে না। আমাদের অবস্থান সম্পূর্ণ জ়িরো টলারেন্স।’’একই সঙ্গে বাম ও তৃণমূল কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, ‘‘এখনও কিছু আরশোলা, ছারপোকা, দিমাগি নকশাল, জামাতি ও জঙ্গি বাংলার শান্ত পরিবেশ নষ্ট করতে চিমটি কাটছে। ৩৪ বছরের নাস্তিক কমিউনিস্ট এবং ১৫ বছরের জামাতি তৃণমূলের শাসন বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যকে ধ্বংস করেছিল। রাষ্ট্রবাদীদের এই সমস্ত শক্তির থেকে সাবধানে থাকতে হবে।’’ নন্দীগ্রাম ও ভবানীপুর দুই কেন্দ্র থেকেই জয়ী হওয়া মুখ্যমন্ত্রী নিজের জেলার রাজনৈতিক সমীকরণ মনে করিয়ে দিয়ে জানান, পূর্ব মেদিনীপুরে ৫৬ শতাংশ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন, ১৬ জন বিধায়ক জয়ী হয়েছেন। লক্ষ্য এখন ৭০ শতাংশ মানুষের মন জয় করা।তোলাবাজি এবং সিন্ডিকেট রাজ নিয়ে তীব্র সতর্কবার্তা জারি করে মুখ্যমন্ত্রী জানান, তৃণমূল আমলের সেই পুরনো রোগ বরদাস্ত করা হবে না। জমি কেনাবেচায় কাটমানি নেওয়ার খবর পেলেই কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। তাজপুর বন্দর প্রসঙ্গে কটাক্ষ করে শুভেন্দু বলেন, তাজপুরের নামে জমিহীন ভুয়ো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বর্তমান সরকার দাদনপাত্রবাড়ে ১৭০০ একর জমিতে গভীর সমুদ্রবন্দর গড়ার কাজ শুরু করেছে। তাঁর স্পষ্ট বক্তব্য, রাজ্যের মানুষ মুখের বদল চাননি, তাঁরা চেয়েছেন ব্যবস্থার বদল; সেই প্রতিশ্রুতিই পূরণ করা হচ্ছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

