Khabor Ekhon
অতীতের বিক্ষোভের রেশ বর্তমানেও, মমতার বাড়িতে পৌঁছে গেল দিল্লি পুলিশের নোটিস
শ্রীতমা ব্যানার্জী :রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু। ১৩ বছর আগের একটি মামলার তদন্তের সূত্র ধরে এবার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল দিল্লি পুলিশ। সোমবার তাঁর বাড়িতে গিয়ে নোটিস ধরালেন দিল্লি পুলিশের আধিকারিকরা। পুরনো সেই মামলায় মমতাকে সাক্ষ্য দেওয়ার জন্য তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।ঘটনার সূত্রপাত ২০১৩ সালের এপ্রিল মাসে। তৎকালীন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী অমিত মিত্রের উপর এসএফআই কর্মীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রতিবাদ জানাতে দিল্লিতে পৌঁছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের একাধিক মন্ত্রী ও সাংসদ। দিল্লির তৎকালীন যোজনা কমিশনের দফতরের কাছে সংসদ মার্গে প্রতিবাদ কর্মসূচি ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।অভিযোগ, তৃণমূলের প্রতিনিধি দলের চলাচল নিয়ন্ত্রণ করতে গেলে দিল্লি পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘাত বাধে। নিরাপত্তার কারণ এবং নিষেধাজ্ঞার কথা জানিয়ে পুলিশ তাঁদের আটকে দেওয়ার চেষ্টা করেছিল বলে জানা যায়। সেই ঘটনাকে কেন্দ্র করেই পার্লামেন্ট স্ট্রিট থানায় মামলা দায়ের হয়।দীর্ঘ ১৩ বছর পর সেই মামলার তদন্তেই নতুন করে সক্রিয় দিল্লি পুলিশ। সোমবার কালীঘাটের বাড়িতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নোটিস দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ফৌজদারি কার্যবিধির ১৬০ নম্বর ধারায় এই নোটিস পাঠানো হয়েছে। মামলায় সরকারি কর্মচারীর কাজে বাধা, কর্তব্যরত পুলিশ আধিকারিকের উপর বলপ্রয়োগ, দাঙ্গা এবং বেআইনি জমায়েতের মতো অভিযোগের উল্লেখ রয়েছে।তবে এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় অভিযুক্ত হিসেবে নয়, বরং সাক্ষী হিসেবেই জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে বলে পুলিশ সূত্রে স্পষ্ট করা হয়েছে। তদন্তের প্রয়োজনে তাঁর বক্তব্য রেকর্ড করতে চায় দিল্লি পুলিশ।২০১৩ সালের সেই রাজনৈতিক সংঘাতের স্মৃতি ফের একবার সামনে চলে এল ২০২৬ সালে। পুরনো মামলার তদন্তে এই নোটিস আগামী দিনে রাজ্য রাজনীতিতে কী প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

