Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

মুম্বইয়ের উড়ান অধরাই, বিমানবন্দরেই পুলিশের জালে তৃণমূল বিধায়ক

0 44,407

শ্রীতমা ব্যানার্জী :কলকাতা বিমানবন্দরে পুলিশের অভিযানে গ্রেফতার হলেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশ রাম দাস। সোমবার মুম্বই যাওয়ার জন্য বিমানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ঠিক সেই সময় বিমানবন্দর থেকেই তাঁকে আটক করে বারুইপুর জেলা পুলিশের বিশেষ দল। ধর্ষণ, তোলাবাজি এবং ভোট-পরবর্তী হিংসা-সহ একাধিক অভিযোগের তদন্তে এই গ্রেফতার বলে পুলিশ সূত্রে খবর।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরেই বিধায়কের খোঁজ চলছিল। তিনি তদন্তকারীদের নাগালের বাইরে ছিলেন বলে অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর জেলা পুলিশের স্পেশাল অপারেশনস গ্রুপ কলকাতা বিমানবন্দরে পৌঁছয়। বিধাননগর পুলিশ কমিশনারেটের সহযোগিতায় তাঁকে গ্রেফতার করা হয়।

কী অভিযোগ রয়েছে বিধায়কের বিরুদ্ধে?

পুলিশের দাবি, ক্যানিং থানায় দায়ের হওয়া একটি মামলায় ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৩, ৪২০, ১২০বি এবং ৫০৬ ধারায় মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। ধর্ষণ, মারধর, প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং হুমকির মতো গুরুতর অভিযোগ রয়েছে এই মামলায়। পাশাপাশি ভোট-পরবর্তী হিংসা এবং পঞ্চায়েত নির্বাচন ঘিরে সংঘর্ষের অভিযোগেও তাঁর নাম উঠে এসেছে।গ্রেফতারের পর তাঁকে বারুইপুর জেলা পুলিশ দফতরে নিয়ে যাওয়ার কথা জানানো হয়েছে। জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার আদালতে পেশ করার কথা পুলিশের।

গ্রেফতারি ঘিরে তৃণমূলের অন্দরেও প্রশ্ন

এই গ্রেফতারিকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ নিয়েও শুরু হয়েছে বিতর্ক। দলের নেতা কুণাল ঘোষ গ্রেফতারের সময় নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, পরেশ রাম দাস যতদিন বিদ্রোহী শিবিরের সঙ্গে ছিলেন, ততদিন পুলিশ সক্রিয় হয়নি। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফেরার ইচ্ছা প্রকাশের পরেই পুলিশ তৎপর হয়েছে বলে অভিযোগ তাঁর।তবে পুলিশের বক্তব্য, একাধিক মামলার তদন্তের সূত্র ধরেই এই গ্রেফতারি। অভিযোগগুলির সত্যতা নির্ধারণ করবে তদন্ত ও বিচারপ্রক্রিয়া। আপাতত বিমানবন্দর থেকে বিধায়কের গ্রেফতারি রাজ্য রাজনীতিতে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper