Khabor Ekhon
ভাইপোর জন্মদিনে গুন্ডামি বরদাস্ত নয়, কড়া শাস্তি পাবে তৃণমূলের সমাজবিরোধীরা’, হুঙ্কার শুভেন্দুর
শিবনাথ দাস: প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক কালীঘাটের হরিশ চ্যাটার্জি স্ট্রিটে দাঁড়িয়ে এ বার তৃণমূলের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার একাধিক কালীপুজো মণ্ডপ পরিদর্শনের পাশাপাশি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডবে সর্বস্বান্ত হওয়া স্থানীয় মৃৎশিল্পী ও ব্যবসায়ীদের পাশে দাঁড়াতে সেখানে যাচ্ছেন তিনি। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের পরিবারের জন্মদিন উদ্যাপনকে কেন্দ্র করে কালীঘাটের মতো ঐতিহ্যবাহী এলাকায় যে অরাজকতা চালানো হয়েছে, তার তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, ভাইপোর জন্মদিনের নামে গুণ্ডামি ও তোলাবাজি এ রাজ্যে আর বরদাস্ত করা হবে না।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত ৬ ও ৭ নভেম্বর রাতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনের অছিলায় একদল মত্ত যুবক এলাকায় ব্যাপক তাণ্ডব চালায়। হরিশ চ্যাটার্জি স্ট্রিট এবং সংলগ্ন পটুয়াপাড়ায় গভীর রাত পর্যন্ত বাজি ফাটানো, মদ্যপান ও দৌরাত্ম্য চলে বলে অভিযোগ। দুষ্কৃতীদের এই তাণ্ডবের জেরে পটুয়াপাড়ার বহু মৃৎশিল্পীর তৈরি প্রতিমা ও অন্যান্য সামগ্রী ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত হন এলাকার ছোট ছোট পুজোর সামগ্রী বিক্রেতারা। তৃণমূলের এই সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় ব্যবসায়ী ও মৃৎশিল্পীরা সরাসরি ভবানীপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রীর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগপত্র হাতে পাওয়ার পরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার। ইতিমধ্যেই এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকার অভিযোগে তৃণমূল নেতা শ্রীদীপ দাস, মহম্মদ তৌকির আলম এবং মহম্মদ এরশাদকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, কেবল চুনোপুঁটি ধরে এই তদন্ত থামবে না; নেপথ্যে থাকা বড় মাথাদেরও চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে। রাজনৈতিক মহলের মতে, খাস মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় ঢুকে তৃণমূলের দুর্নীতির ও পেশিশক্তির রাজনীতির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ বিরোধীদের বড়সড় বার্তা দিল।মঙ্গলবার হরিশ চ্যাটার্জি স্ট্রিটে গিয়ে মুখ্যমন্ত্রী নিজে ক্ষতিগ্রস্ত কারিগর ও পুজো ব্যবসায়ীদের সঙ্গে দেখা করবেন। তাঁদের ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখে সরাসরি আর্থিক ক্ষতিপূরণ তুলে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়ে বলেছেন, তৃণমূল কংগ্রেস গত দেড় দশক ধরে গোটা রাজ্যকে তোলাবাজ আর গুণ্ডাদের মুক্তাঞ্চলে পরিণত করেছিল। কালীঘাটের শান্ত এলাকাকেও তারা রেহাই দেয়নি। কিন্তু বিজেপির শাসনে সাধারণ মেহনতি মানুষের গায়ে হাত দিলে কাউকে রেয়াত করা হবে না। বাংলার বুক থেকে তৃণমূলের এই জঙ্গলরাজ চিরতরে উপড়ে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

