Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

ঝরঝরে ভাত পাতায় মোড়া স্বাদ

0 5,623

বাঙালির কাছে শুধু আনন্দ মানে রসনাতৃপ্তিরও এক মহোৎসব। সকাল থেকেই মা-দিদিমাদের হাতে ঘি-মাখানো চালের গন্ধ, ভাজা কাজু-কিশমিশের ঝলকানি, আর কেশরের সোনালি রং যেন উৎসবকে অন্য মাত্রা দেয়। পাশের উনুনে পাতায় মোড়া ভেটকি যখন ধীরে ধীরে ভাপে সেদ্ধ হয়, তখন তার মশলা-ভরা গন্ধে ভরে ওঠে সারা বাড়ি।

কেশর কাজু কিশমিশ পোলাও

এই পোলাও বাঙালির ভোজের টেবিলে অমোঘ আবেদন রাখে। প্রজন্ম বদলেছে, রেসিপিতে এসেছে ছোটখাটো নতুন সংযোজন, কিন্তু স্বাদের টান একেবারে চিরন্তন। হয়তো দিদিমার হাতের ঝরঝরে পোলাও আর মায়ের বানানো পাতুরি আজকের রান্নাঘরে নেই, কিন্তু পুজোর প্লেটে এ দুটো পদ এলেই মন ফিরে যায় সেই শিকড়ের কাছে। তাই চলুন জেনে নেওয়া যাক বিখ্যাত কেশর কাজু কিশমিশ পোলাও এবং হলুদ পাতায় ভেটকি পাতুরির চটজলদি রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ (১ জনের জন্য):

গোবিন্দভোগ চাল-১২০ গ্রাম (ধুয়ে ভিজিয়ে রাখা),ঘি- ২৫ গ্রাম, গরম মশলা- ৫ গ্রাম (বাড়িতে বাটা), তেজপাতা- ১টি, লবণ- ৫ গ্রাম(স্বাদমতো),চিনি- ৫ গ্রাম, কেশর- ৮ টুকরো সোনালি রেশমি সুতোর মতো স্তর,কাজুবাদাম-২০ গ্রাম (ভিজিয়ে রাখা), কিশমিশ- ১৫ গ্রাম (ভিজিয়ে রাখা), ফুলকপি- ৫০ গ্রাম (ভেজে রাখা), কড়াইশুঁটি- ৫০ গ্রাম (ভেজে রাখা)

রান্নার পদ্ধতি:

প্রথমে ফুলকপি আর কড়াইশুঁটি তেলে হালকা বাদামি করে ভেজে তুলে রাখুন। একটি মোটা তল যুক্ত হাঁড়িতে জল গরম করে তাতে দিন গরম মশলা, তেজপাতা, ঘি, লবণ ও চিনি। এই পর্যায়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর জল ফুটে উঠলে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল আস্তে আস্তে হাঁড়ির মধ্যে দিয়ে দিন। এবার যোগ করুন কেশর, ভেজানো কাজুবাদাম আর কিশমিশ। চাল অর্ধেক সেদ্ধ হলে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর কড়াইশুঁটি ভালো করে মিশিয়ে দিন। ঢাকনা দিয়ে একেবারে হালকা আঁচে রান্না হতে দিন। যখন ভাত ঝরঝরে হয়ে যাবে আর গন্ধে চারপাশ ভরে উঠবে, তখন নামিয়ে নিন। পোলাও নামানোর পর চাইলে ওপর থেকে গাওয়া ঘি ছড়িয়ে দিতে পারেন।

পরিবেশন:

গরম গরম পোলাও সাজিয়ে পরিবেশন করুন পাতুরি, রেজালা কিংবা চাপের সাথে। চাইলে কাশ্মীরি আলুর দম বা ছানার কোফতার মতো নিরামিষ পদের সাথেও পরিবেশন করতে পারেন। পুজোর দিনকার দুপুরবেলায় এই পদ আপনার ভোজের আসরে এনে দেবে এক স্বর্ণময় আনন্দ।

হলুদ পাতায় ভেটকি পাতুরি

শতাব্দী আগে, নদীমাতৃক বাংলার গ্রামে যখন রান্নাঘর মানেই ছিল মাটির উনুন আর ধোঁয়া ওঠা ভাতের হাঁড়ি, তখন জন্ম নিল এক অদ্ভুত সহজ অথচ সুস্বাদু পদ-পাতুরি। কলাপাতা, কচুপাতা বা হলুদের পাতা সেই সময় গ্রামে সর্বত্র পাওয়া যেত। বুদ্ধিমতী গৃহিণীরা ভেবেছিলেন, যদি মাছ বা শাকপাতা পাতার ভেতর মুড়ে আগুনে বা ভাপে দেওয়া যায়, তবে খাবার শুধু সেদ্ধই হবে না, পাতার গন্ধে ভরে উঠবে এক অন্যরকম স্বাদ এবং সময়ও লাগবে কম। তখন থেকেই পাতুরি বাঙালির পাতে পাকাপাকি একটা জায়গা দখল করে নিল। পূর্ববঙ্গের নদীপাড়ে সরষে বাটা দিয়ে মাছের পাতুরি, পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চলে নারকেল বা শাকপাতার পাতুরি-সব জায়গায় এর আলাদা আলাদা রূপ। সরষে ভেটকি পাতুরি অবশ্যই সবচেয়ে জনপ্রিয়, কারণ এতে মিশে আছে বাঙালির প্রিয় মাছ আর প্রিয় সরষের স্বাদ।

প্রয়োজনীয় উপকরণ (১ জনের জন্য):

ভেটকি মাছের ফিলে-২৪০ গ্রাম (টাটকা, ধুয়ে কাটা), সরষের তেল-৫০ গ্রাম, সরষের বাটা(কালো ও হলুদ সরষে ভিজিয়ে বাটা)-৭০ গ্রাম, রসুন- ৫ গ্রাম (বাটা), আদা-৫ গ্রাম(রসুনের সঙ্গে বাটা), কাঁচা লঙ্কা বাটা-১০ গ্রাম, শুকনো হলুদ-৫ গ্রাম (ভিজিয়ে বাটা),কালোজিরে- ২ গ্রাম, কলাপাতা ও হলুদ পাতা- ২০ গ্রাম (ধোয়া),নুন- পরিমাণমতো, গোটা কাঁচা লঙ্কা- ১টা (ধোয়া ও চেরা)

প্রস্তুত প্রণালী:

একটি বাটিতে সরষে বাটা, হলুদ বাটা, আদা-রসুন বাটা, কাঁচা লঙ্কার বাটা, কালোজিরে, সরষের তেল ও নুন সবক’টিকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর মিশ্রণটিকে মাছের ফিলেতে ভালোভাবে মাখিয়ে, অন্তত ৩০ মিনিট ম্যারিনেট করে রাখতে হবে।কলাপাতা ও হলুদ পাতা হালকা আগুনে গরম করে নরম করে নেওয়ার পর ম্যারিনেট করা মাছটি পাতার মাঝখানে রেখে তার ওপর একটি কাঁচা লঙ্কা ও সামান্য সরষের তেল ছড়িয়ে পাতাটি মুড়ে সুতো বা টুথপিক দিয়ে বেঁধে দিতে হবে।প্রথমে কড়াই বা তাওয়াতে অল্প অয়েল ব্রাশ করে কম আঁচে মাছটিকে রান্না করে নিতে হবে।৫ মিনিটের মধ্যে মাছের অপরের পাতাটি কালচে রং ধারণ করলে আরও একটি পাতার দ্বিতীয় লেয়ার দিয়ে মাছটিকে ভাপে আরও ১০ মিনিট রাখতে হবে।টুথপিক বা হাতের মাধ্যমে দেখে নিতে হবে যেন মাছটি কাঁচা না থাকে।ব্যস, তৈরি হয়ে গেল হলুদ পাতায় ভেটকি পাতুরি।যার সুগন্ধে ভরে উঠবে গোটা রান্নাঘর। গরম গরম পরিবেশন করুন, পোলাওয়ের সাথে।

 

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper