Khabor Ekhon
অরণ্যকে ফিরিয়ে এনে কৃষির নতুন দিশা দেখালেন পদ্মশ্রী দেবকী আম্মা

শহরের মানচিত্র যত দ্রুত বদলায়, সবুজের মানচিত্র তত দ্রুত সঙ্কুচিত হয়। এই বাস্তবতায় দাঁড়িয়ে বন মানে আজ স্মৃতি। আর কৃষি মানে বাজারনির্ভর এক যান্ত্রিক ব্যবস্থা। তবে ঠিক এই সময়েই কেরালার আলাপুঝা জেলার এক নিরিবিলি প্রান্ত থেকে উঠে আসে এক অন্যরকম গল্প। কোনও শোরগোল নেই। নেই উন্নয়নের বিজ্ঞাপন। আছে শুধু এক নারীর দীর্ঘশ্বাসের মতো ধৈর্য। আর মাটির সঙ্গে গড়ে ওঠা আজীবনের সম্পর্ক।
তিনি কোল্লাক্কাল দেবকী আম্মা। যাঁর জীবনের গল্প কোনও পরিকল্পিত আন্দোলনের নয়। বরং নিঃশব্দ সাধনার। যেখানে অনেকেই জমিকে পরিত্যক্ত বলে ছেড়ে দেন, সেখানে তিনি দেখেছেন সম্ভাবনা। যেখানে শরীর তাঁকে থামতে বলেছিল, সেখানে মন তাঁকে মাটির দিকে টেনে নিয়েছে। সেই টান থেকেই জন্ম নিয়েছে এক বন। গাছের বন শুধু নয়। একটি সম্পূর্ণ জীবন্ত বাস্তুতন্ত্র। ২০২৬ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়া দেবকী আম্মা আজ শুধু কেরালার নন। ভারতের কৃষি ও পরিবেশচিন্তার এক গুরুত্বপূর্ণ নাম। কিন্তু তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি প্রমাণ করেছেন, প্রকৃতির সঙ্গে লড়াই নয়। প্রকৃতির সঙ্গে সহাবস্থানই ভবিষ্যতের একমাত্র পথ। তিনি নিজেই একটি আস্ত ‘বাস্তুতন্ত্র’ (ইকোসিস্টেম) গড়ে তুলেছেন।
দেবকী আম্মার জীবনের মোড় ঘুরে যায় আশির দশকে। একটি পথ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হয়ে তাঁকে দীর্ঘদিন শয্যাশায়ী থাকতে হয়।ওই সময় চিকিৎসকদের স্পষ্ট নির্দেশ ছিল, চলাফেরা করা যাবে না। ভারী কাজ তো দূরের কথা। কিন্তু যাঁর জীবনের শিরায় শিরায় মাটির টান, তাঁকে কি চার দেওয়ালে আটকে রাখা যায়! শরীর ধীরে ধীরে সেরে উঠলে তিনি বাড়ির পেছনের পতিত জমিতে চোখ রাখেন। অনাবাদি, অবহেলিত সেই জমিই হয়ে ওঠে তাঁর নতুন স্বপ্নের ঠিকানা। প্রথমে কয়েকটি চারা। তারপর আরও কিছু। এইভাবে ধীরে ধীরে গড়ে ওঠে এক আস্ত অরণ্য। যেখানে কোনও তাড়াহুড়ো ছিল না। কোনও পরিকল্পনার চাপ নেই। বরং ছিল শুধু ধৈর্য আর ভালোবাসা। সেই ছোট্ট সূচনা আজ পরিণত হয়েছে পাঁচ একরেরও বেশি বিস্তৃত এক গভীর অরণ্যে।
দেবকী আম্মা নিজেই বলেন,“আমি শুধু গাছ লাগাইনি, আমি একটা জীবন তৈরি করেছি।” তাঁর বনে ভিতর প্রবেশ করলে বোঝা যায় কথাটার আসল মানে। এখানে রয়েছে শত শত প্রজাতির আয়ুর্বেদিক গাছ। রয়েছে বহু দুর্লভ ভেষজ উদ্ভিদ। যেগুলোর অনেকই কেরালার মাটি থেকে প্রায় হারিয়ে যেতে বসেছিল।
এই বনে আলাদা করে কিছু চাষ করা হয় না। পাহাড়ি ফল, স্থানীয় সবজি, নানা ধরনের লতা–গুল্ম–সবই এখানে প্রকৃতির নিজস্ব নিয়মে বেড়ে ওঠে।আধুনিক কৃষিতে যেখানে রাসায়নিক সার আর কীটনাশকের দাপট, সেখানে দেবকী আম্মার কৃষিভাবনা একেবারেই আলাদা। তাঁর জমিতে কোনও রাসায়নিক সার ব্যবহার হয় না। বনের ঝরাপাতা, পচা ডালপালা এই সব থেকেই তৈরি হয় প্রাকৃতিক জৈব সার। যেন মাটি নিজেই নিজের যত্ন নেয়। এই পদ্ধতিকে তিনি বলেন কৃষি আর বনের মিলন। তাঁর বিশ্বাস, বন আর কৃষি একে অপরের প্রতিদ্বন্দ্বী নয়। বরং তাঁরা একে অপরের পরিপূরক। এই দর্শন থেকেই জন্ম নিয়েছে তাঁর শেখানো ‘ফরেস্ট ফার্মিং’।
দেবকী আম্মার কাজ কেবল তাঁর নিজের জমির মধ্যেই সীমাবদ্ধ নয়। তিনি বছরের পর বছর ধরে গ্রামীণ নারীদের হাতে–কলমে শিখিয়েছেন কীভাবে বনভিত্তিক কৃষিকাজ করা যায়। কীভাবে অল্প জমিতেও খাদ্য, ওষুধ আর পরিবেশ তিনটিরই যত্ন নেওয়া সম্ভব। এই কাজে নারীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন হয়েছে চোখে পড়ার মতো। অনেকেই নিজেদের ছোট বন গড়ে তুলেছেন। কেউ কেউ আয়ুর্বেদিক গাছ চাষ করে জীবিকা গড়েছেন। দেবকী আম্মা হয়ে উঠেছেন তাঁদের কাছে পথপ্রদর্শক।
দেবকী আম্মার ভাবনায় কৃষি কোনও পরীক্ষাগারের বিষয় নয়। তাঁর কৃষি জন্ম নিয়েছে অভিজ্ঞতা থেকে। প্রকৃতির সঙ্গে দীর্ঘ কথোপকথন থেকে। যখন কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাঁর সঙ্গে মতবিনিময় করেন, তখন তৈরি হয় এক অনন্য সংলাপ। যাকে এক কথায় বলে প্রথাগত লোকজ জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের মিলন।
এই ধারাকেই বলা হচ্ছে ‘এথনো এগ্রিকালচার’। যা আগামী দিনে জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় বড় ভূমিকা নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
দেবকী আম্মা কোনও মঞ্চে দাঁড়িয়ে বড় বক্তৃতা দেন না। সংবাদমাধ্যমের আলোও তিনি এড়িয়ে চলেন। তবু তাঁর কাজ আজ আন্তর্জাতিক পরিবেশপ্রেমীদের আলোচনায়। কারণ তিনি প্রমাণ করে দিয়েছেন, একজন সাধারণ মানুষও বিশেষ করে একজন নারী চাইলে একাই জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই শুরু করতে পারেন। পদ্মশ্রী সম্মান তাঁর জীবনের দীর্ঘ সাধনার একটি চিহ্নমাত্র। আসল পুরস্কার বোধহয় সেই বন। যেখানে প্রতিটি গাছ, প্রতিটি পাখি, প্রতিটি পাতায় লেখা আছে এক নিঃশব্দ বিপ্লবের গল্প।
যে সময়ে আমরা উন্নয়নের সংজ্ঞা খুঁজতে গিয়ে প্রকৃতিকে ভুলে যাচ্ছি, সেই সময়ে কোল্লাক্কাল দেবকী আম্মা আমাদের মনে করিয়ে দেন, প্রকৃতির সঙ্গে হাত মিলিয়েই ভবিষ্যৎ গড়তে হয়। তিনি কোনও নায়িকা নন। কোনও কিংবদন্তিও নন। তিনি একজন সাধারণ নারী। যিনি মাটির কথা শুনেছেন। আর সেই মাটিই আজ তাঁর কণ্ঠে কথা বলছে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon Web Desk , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon Web Desk হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

