AB Live News
নিমকি প্যাকেট খুলতেই চমক! পাখির পালক পাওয়ার দাবি
শ্রীতমা ব্যানার্জী : মিষ্টির দোকানে হানা দিয়ে এবার খাদ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল খাদ্য সুরক্ষা দফতরের অভিযান। বৃহস্পতিবার গোলপার্কের গাঙ্গুরাম সুইটসে অভিযান চালান দফতরের আধিকারিকরা। দোকানের পাশাপাশি মিষ্টি তৈরির কারখানাতেও চলে পরিদর্শন। অভিযান ঘিরে উঠে এসেছে একাধিক অনিয়মের অভিযোগ। খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকদের দাবি, মিষ্টি তৈরির কারখানার পরিবেশ স্বাস্থ্যসম্মত নয়। এমনকি কারখানার প্রয়োজনীয় লাইসেন্স নিয়েও প্রশ্ন রয়েছে বলে জানিয়েছেন তাঁরা। তবে অভিযানের সময় সবচেয়ে বেশি নজর কাড়ে একটি নিমকির প্যাকেট। সিল করা ওই প্যাকেটের ভিতর পাখির পালক পাওয়া গিয়েছে বলে জানানো হয়েছে। ফলে প্যাকেটজাত খাবারের মান ও সংরক্ষণ ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।খাদ্য সুরক্ষা দফতরের এই অভিযান এমন এক সময়ে হল, যখন রাজ্যজুড়ে খাবারের গুণমান ও স্বাস্থ্যবিধি নিয়ে ধারাবাহিক নজরদারি চলছে। বিভিন্ন খাবারের দোকান, রেস্তোরাঁ ও কারখানায় গিয়ে নমুনা সংগ্রহ থেকে শুরু করে রান্নাঘরের পরিবেশ, লাইসেন্স ও খাদ্য সংরক্ষণের পদ্ধতি খতিয়ে দেখা হচ্ছে। গোলপার্কের এই অভিযানের পর গাঙ্গুরাম সুইটসের খাবারের গুণমান এবং সংশ্লিষ্ট কারখানার স্বাস্থ্যবিধি নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হয়, সেদিকেই এখন নজর।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

