Khabor Ekhon
“রাস্তায় উঠেছিল ছাত্রসমাজ, শেষ পর্যন্ত নত হল মন্ত্রিসভা।”
রাজনন্দিনী ঘোষ : দীর্ঘদিনের ছাত্র বিক্ষোভ, নিট প্রশ্নফাঁস বিতর্ক এবং দেশজুড়ে তীব্র ক্ষোভের আবহে অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান। শনিবার সামাজিক মাধ্যম এক্স পদত্যাগের ঘোষণা করে তিনি জানান, দেশের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ রক্ষা এবং চলমান আন্দোলনকে “দেশবিরোধী শক্তি” যাতে অন্য খাতে পরিচালিত করতে না পারে, সেই কারণেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। কয়েকদিন ধরে হাজার হাজার ছাত্র-যুবকের বিক্ষোভে উত্তাল ছিল রাজধানী। আন্দোলনকারীদের সঙ্গে কেন্দ্রের একাধিক দফার আলোচনা হলেও সমাধানের পথ মেলেনি। ঠিক তৃতীয় দফার বৈঠকের কয়েক ঘণ্টা আগেই আসে এই বড় রাজনৈতিক সিদ্ধান্ত।
পদত্যাগের ঘোষণায় ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের শিক্ষাব্যবস্থার প্রতি ছাত্রছাত্রীদের আস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ব্যক্তিগত পদ বা রাজনৈতিক অবস্থানের চেয়ে দেশের ভবিষ্যৎকে অগ্রাধিকার দিয়েই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে আন্দোলনের বড় সাফল্য বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। তবে তাঁদের স্পষ্ট বক্তব্য, শুধু মন্ত্রীর ইস্তফাতেই আন্দোলনের ইতি নয়। নিট প্রশ্নফাঁস কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের কঠোর শাস্তি এবং পরীক্ষাব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন জল্পনা। এখন নজর, শিক্ষামন্ত্রকের নতুন দায়িত্ব কার হাতে যায় এবং আন্দোলনের পরবর্তী অধ্যায় কোন দিকে মোড় নেয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

