Khabor Ekhon
৭৭০ আদিবাসীর হাতে বনভূমির অধিকার, ভুয়ো শংসাপত্রে কড়া পদক্ষেপ
শ্রীতমা ব্যানার্জী:আদিবাসীদের সাংবিধানিক অধিকার রক্ষা এবং জমির মালিকানা নিশ্চিত করতে একগুচ্ছ পদক্ষেপের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার ঝাড়গ্রামের শিলদায় জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে তিনি জানান, রাজ্যে ৭৩টি ভুয়ো তফসিলি জনজাতি বা এসটি শংসাপত্র বাতিল করা হয়েছে। পাশাপাশি রাজ্যের ৭৭০ জন আদিবাসী উপভোক্তার হাতে বনভূমির মালিকানার অধিকার তুলে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।ভগবান বিরসা মুন্ডুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু স্পষ্ট জানান, প্রকৃত আদিবাসীদের সাংবিধানিক অধিকার কোনওভাবেই ক্ষুণ্ণ হতে দেওয়া হবে না। তাঁর দাবি, ভবিষ্যতে একজনও অযোগ্য ব্যক্তিকে ভুয়ো এসটি শংসাপত্র দেওয়ার সুযোগ রাখা হবে না। এই বিষয়ে সংশ্লিষ্ট দফতরগুলিকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।বনভূমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী আদিবাসী পরিবারগুলির জমির অধিকার নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, বনভূমিতে বসবাসকারী পরিবারগুলির মালিকানার দাবি দ্রুত নিষ্পত্তি করতে ভূমি, বন এবং আদিবাসী উন্নয়ন দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে ১,২৩৭টি বনগ্রাম চিহ্নিত ও মানচিত্রভুক্ত করা হয়েছে। জমির দাবির নিষ্পত্তির সুবিধার্থে ওই গ্রামগুলির ভৌগোলিক তথ্য সংগ্রহের কাজও চলছে।আদিবাসী সম্প্রদায়ের পুষ্টি ও সামাজিক সুরক্ষার বিষয়েও একাধিক ঘোষণা করেন শুভেন্দু। এবার থেকে শবর সম্প্রদায়ের মানুষও রাজ্যের বিশেষ খাদ্য সহায়তা প্রকল্পের আওতায় আসবেন। কেন্দ্রের বিশেষভাবে দুর্বল জনজাতি গোষ্ঠীর তালিকায় শবর সম্প্রদায় না থাকলেও রাজ্য সরকারের নিজস্ব অর্থে তাঁদের এই সুবিধা দেওয়া হবে বলে জানান তিনি। এর আগে লোধা, বিরহড় ও টোটো সম্প্রদায়ের মানুষ এই বিশেষ খাদ্য সহায়তা পেতেন।এছাড়াও জয় জোহর প্রকল্পে ২ লক্ষ ৭২ হাজার উপভোক্তার মাসিক পেনশন ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তফসিলি জনজাতির ছাত্রছাত্রীদের হস্টেলে থাকার মাসিক সহায়তা ১,৮০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৩০০ টাকা করা হয়েছে। একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের পড়ুয়াদের বার্ষিক বৃত্তিও ৬১,৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ লক্ষ ৪৭ হাজার টাকা করা হয়েছে।শিক্ষাশ্রী প্রকল্পে ৮৮ হাজার ৩৬ জন পড়ুয়া ৭ কোটি ৪ লক্ষ টাকার আর্থিক সহায়তা পেয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি প্রাক-মাধ্যমিক ও মাধ্যমিকোত্তর বৃত্তি প্রকল্পের আওতায় যথাক্রমে ১৪,৯১৩ জন এবং ৫,৭১৩ জন পড়ুয়াকে অন্তর্ভুক্ত করা হয়েছে।অনুষ্ঠানে রাজ্যের ৮ হাজার মাঝি নেতাকে সম্মান জানানোর উদ্যোগের কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পূর্বতন সরকারের বিরুদ্ধে আদিবাসীদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে তিনি বলেন, প্রকৃত উপভোক্তাদের অধিকার নিশ্চিত করাই তাঁর সরকারের লক্ষ্য।সব মিলিয়ে জমির মালিকানা, ভুয়ো শংসাপত্র বাতিল, খাদ্য সহায়তা, পেনশন ও শিক্ষার সুযোগ, আদিবাসী উন্নয়নকে সামনে রেখে একাধিক পদক্ষেপের কথা তুলে ধরলেন শুভেন্দু অধিকারী। তবে ঘোষিত সুবিধাগুলি কত দ্রুত এবং কতটা কার্যকরভাবে প্রকৃত উপভোক্তাদের কাছে পৌঁছয়, এখন সেদিকেই নজর থাকবে।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

