Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

জমির পাট্টা থেকে পাকা বাড়ি, ঝাড়গ্রামবাসীর জন্য একগুচ্ছ প্রতিশ্রুতি

0 39,858

শ্রীতমা ব্যানার্জী : ঝাড়গ্রাম জেলায় আর কোনও কাঁচাবাড়ি থাকবে না। টিন কিংবা টালির চালের বাড়িতে থাকতে হবে না কাউকে, প্রত্যেক বাসিন্দার মাথার উপর থাকবে কংক্রিটের ছাদ। রবিবার ঝাড়গ্রামের শিলদায় জনজাতি গৌরব দিবসের অনুষ্ঠানে এমনই প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আদিবাসীদের জমির অধিকার, কর্মসংস্থান এবং পানীয় জল পৌঁছে দেওয়ার বিষয়েও একাধিক আশ্বাস দেন তিনি।ভগবান বিরসা মুন্ডুর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু জানান, হেলিকপ্টারে করে ঝাড়গ্রামে আসার সময় আকাশ থেকে বহু টিনের ও টালির চালের বাড়ি তাঁর চোখে পড়েছে। সেই দৃশ্যের কথা উল্লেখ করেই তিনি বলেন, জেলায় আর কোনও কাঁচাবাড়ি রাখা হবে না। প্রত্যেকের জন্য পাকা ছাদের ব্যবস্থা করা হবে। যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার ক্ষেত্রেও কোনও বঞ্চনা থাকবে না বলে আশ্বাস দেন তিনি।আদিবাসীদের জমির অধিকার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এদিন ৭৭০ জন আদিবাসীর হাতে জমির মালিকানার পাট্টা তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ভুয়ো তফসিলি জনজাতি শংসাপত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপের কথা জানিয়ে তাঁর দাবি, ৭৩ জনের ভুয়ো এসটি শংসাপত্র চিহ্নিত করে বাতিল করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের শংসাপত্র দেওয়া আটকাতে প্রশাসনকে সতর্ক থাকার বার্তাও দেন তিনি।ঝাড়গ্রামের প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে বলেও জানান শুভেন্দু। তাঁর বক্তব্য, আদিবাসী সম্প্রদায়ের মানুষের জমির অধিকার ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জীবনযাত্রার মানোন্নয়নও সরকারের অন্যতম লক্ষ্য। এদিন রাজ্যজুড়ে প্রায় ৮ হাজার মাঝি বাবাকে সংবর্ধনা জানানোর উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।অনুষ্ঠান থেকে জেলার উন্নয়নে মোট ১৩৭টি প্রকল্পের শিলান্যাস এবং ৫১টি প্রকল্পের উদ্বোধন করা হয়। রাস্তা, সেতু, কালভার্ট, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ছাত্রছাত্রীদের হস্টেলের মতো পরিকাঠামোগত উন্নয়নের প্রকল্প রয়েছে এই তালিকায়।এদিনের সভা থেকে পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধেও সরব হন মুখ্যমন্ত্রী। আদিবাসী সম্প্রদায়ের উন্নয়ন ও তাঁদের যথাযথ মর্যাদা দেওয়ার ক্ষেত্রে আগের সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে তৃণমূলের অবস্থানের প্রসঙ্গও তুলে ধরেন শুভেন্দু।সব মিলিয়ে জনজাতি গৌরব দিবসের মঞ্চ থেকে ঝাড়গ্রামের জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। তবে টিনের চালের বাড়ি থেকে পাকা ছাদে পৌঁছনোর এই ঘোষণা বাস্তবে কত দ্রুত কার্যকর হয়, এখন সেদিকেই নজর জেলার বাসিন্দাদের। প্রতিশ্রুতির পাশাপাশি প্রকল্পগুলির বাস্তবায়নই শেষ পর্যন্ত এই ঘোষণার সাফল্য নির্ধারণ করবে।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper