Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চোটের ধাক্কায় মরসুম শেষ ইয়ামালের, জানাল বার্সা

0 62

২০২৬ ফুটবল বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই শঙ্কা বাড়ছে বড়ো দলগুলোর। একের পর এক ফুটবলারের চোট যেন নতুন করে ভাবিয়ে তুলছে কোচদের। এই তালিকায় এবার যুক্ত হল স্পেনের লামিনে ইয়ামালের নাম। মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বমঞ্চে নিজের ছাপ রেখেছেন তরুণ উইঙ্গার। এবার তাঁর হ্যামস্ট্রিং চোটে বড়ো ধাক্কার মুখে ক্লাব বার্সেলোনা এবং স্পেনের জাতীয় দল।

বুধবার মধ্যরাতে লা-লিগার ম্যাচে সেল্টা ভিগোর বিরুদ্ধে খেলতে নেমে চোট পান ইয়ামাল। ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন তিনি। কিন্তু গোল উদযাপনের মুহূর্তেই আচমকা মাটিতে লুটিয়ে পড়েন এই তরুণ তারকা। মাঠেই তাঁর শারীরিক অস্বস্তি স্পষ্ট হয়ে ওঠে। দ্রুত মেডিক্যাল স্টাফরা তাঁকে মাঠের বাইরে নিয়ে যান এবং তিনি সরাসরি টানেল দিয়ে ড্রেসিংরুমে ফিরে যান।

 

প্রাথমিক পর্যবেক্ষণেই বোঝা যাচ্ছিল, চোটটি গুরুতর। পরবর্তী মেডিক্যাল পরীক্ষায় নিশ্চিত হয়। ইয়ামালের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। ক্লাবের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ‘ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষার পরে নিশ্চিত হওয়া গিয়েছে, লামিনে ইয়ামালের বাঁ-পায়ে পেশিতে চোট রয়েছে। তাঁকে রক্ষণশীল চিকিৎসা পদ্ধতির মধ্যে রাখা হবে। চলতি মরসুমে আর মাঠে নামা সম্ভব হবে না তাঁর পক্ষে।’ এতে করে বড়ো ধাক্কা খেল বার্সেলোনা। কারণ, এই মরসুমে ইয়ামাল ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য আক্রমণ ভাগের অস্ত্র। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৫ ম্যাচে ২৪টি গোল করেছেন। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি গোল। তাঁর গতি, ড্রিবলিং দক্ষতা এবং ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা বার্সার আক্রমণে এক নতুন মাত্রা যোগ করেছিল। বর্তমানে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। ৩২ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৮২ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্ট বেশি। তবে মরসুমের বাকি ছ’টি ম্যাচের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০ মে’র ‘এল ক্লাসিকো’। যেখানে মুখোমুখি হবে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেই ম্যাচে ইয়ামালের অনুপস্থিতি নিঃসন্দেহে বড়ো প্রভাব ফেলতে পারে।

তবে ক্লাবের পক্ষ থেকে কিছুটা আশার বার্তাও দেওয়া হয়েছে। বার্সেলোনা জানিয়েছে, ইয়ামালের চোট গুরুতর হলেও তিনি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠতে পারেন। এবছর বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, এবং সেই সময়ের মধ্যে তাঁর ফিট হয়ে ওঠার সম্ভাবনা উড়িয়ে দেওয়া হচ্ছে না।চোটের এই এমন কঠিন সময়ে ইয়ামাল নীরবতা ভেঙে তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে এক বার্তা দিয়েছেন। বার্সার ১০ নম্বর জার্সিধারী লিখেছেন, ‘ঠিক যখন দলের সঙ্গে মাঠে থাকা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই এই চোট আমাকে মাঠের বাইরে ছিটকে দিল। এর যন্ত্রণা কতটা গভীর, তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই।’ সতীর্থদের সঙ্গে মাঠে থাকতে না পারার কষ্ট স্বীকার করলেও, লা লিগার শিরোপা লড়াইয়ে ইয়ামাল তাঁর দলের ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন, ‘সতীর্থদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে না পারা আর দলের প্রয়োজনে সাহায্য করতে না পারার আক্ষেপ আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কিন্তু আমি ওদের ওপর বিশ্বাস রাখি। আমি জানি প্রতিটা ম্যাচে ওরা নিজেদের সবটুকু ঢেলে দেবে।’ এই ধাক্কা কাটিয়ে আরও শক্তিশালী হয়ে ফেরার প্রতিজ্ঞা করে ইয়ামাল আরও যোগ করেন, ‘আমি থাকব, যদিও সেটা মাঠের বাইরে থেকে। তবুও সাধারণ একজন ভক্তের মতোই ওদের সমর্থন দেব, উৎসাহ দেব এবং জয়ের জন্য অনুপ্রেরণা জুগিয়ে যাব।’ চোটের ধাক্কা কাটিয়ে আরও বিধ্বংসী রূপে ফেরার বার্তা দিয়ে ইয়ামাল বলেন, ‘এটা শেষ নয়, এটা শুধুই একটি বিরতি। আমি আরও শক্তিশালী হয়ে ফিরব, আগের চেয়েও বেশি ক্ষুধা নিয়ে ফিরব। আগামী মরসুমটা হবে আরও দুর্দান্ত। বার্সা দীর্ঘজীবী হোক।’

অন্যদিকে, মার্চের শুরুতে হাঁটুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে যান ব্রাজিলের রদ্রিগো। এর পরে তালিকায় যুক্ত হয় আর্জেন্টিনার হুয়ান ফয়েথ ও ভ্যালেন্টিন কার্বনির নাম। সম্প্রতি পিএসজির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের ম্যাচে চোট পান লিভারপুলের ফরাসি তারকা হুগো একিতিকে। বুধবার রাতে ডিএফডি পোকাল কাপের শেষ চারে বায়ার লেভারকুসেনের বিরুদ্ধে ম্যাচে চোট পেয়েছেন স্যাজ নাব্রি। বিশ্বকাপে তাঁর খেলার সম্ভাবনা নেই। হতাশ নাব্রি বলনে, ‘বিশ্বকাপে খেলার স্বপ্ন দুঃখজনকভাবে আমার জন্য শেষ। দেশের বাকি সকলের মতো আমিও টিভির সামনে বসে দলকে সমর্থন করব।’

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper