Khabor Ekhon
সত্যতা যাচাই করে তবেই খবর খবরের ভেতরের খবর
Breaking News

চেকিংয়ের নামে নারী অবমাননা!

0 690,329,929

নির্বাচনের মুখে নাকা-চেকিংয়ের নামে সাধারণ মানুষকে হেনস্তার অভিযোগ নতুন নয়। কিন্তু এবার সেই তল্লাশির নামে মহিলাদের শালীনতা ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ ঘিরে রণংদেহি মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে ঘটা সাম্প্রতিক একটি ঘটনার প্রেক্ষিতে রবিবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের জনসভা থেকে সুর চড়ালেন তিনি। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, সুরক্ষার দোহাই দিয়ে মহিলাদের অসম্মান কোনওভাবেই বরদাস্ত করা হবে না।
ঘটনার সূত্রপাত অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে। ভোট আবহে রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নাকা-চেকিং চলছে। শ্রীময়ীর অভিযোগ, সম্প্রতি তাঁর গাড়ি থামিয়ে তল্লাশি চালানোর সময় সমস্ত সীমা অতিক্রম করেন কর্তব্যরত কর্মীরা। এমনকি গাড়ির মেডিক্যাল বক্স খুলে তার ভিতর থেকে স্যানিটারি ন্যাপকিন এবং অন্তর্বাস পর্যন্ত বের করে দেখা হয়। জনসমক্ষে একজন মহিলার ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে এই ধরণের আচরণকে ‘চূড়ান্ত অবমাননাকর’ ও ‘হয়রানি’ বলে সরব হয়েছেন তিনি। শ্রীময়ীর এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং বিনোদন জগৎ থেকে সাধারণ মানুষ— অনেকেই পুলিশের এই অতিসক্রিয়তার নিন্দা জানান।
বিষয়টি কানে পৌঁছনো মাত্রই রবিবার খণ্ডঘোষের সভা থেকে কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “ভোটের নামে চেকিং হচ্ছে হোক, কিন্তু তার একটা শালীনতা থাকবে না? আমি খবর পেয়েছি কাঞ্চন মল্লিকের স্ত্রীকে হেনস্তা করা হয়েছে। নাকা-চেকিংয়ের নামে মেয়েদের ব্যাগ খুলে জিনিসপত্র বাইরে বের করে দেখা হচ্ছে! এটা মহিলাদের চূড়ান্ত অসম্মান। নিরাপত্তা বাহিনী বা পুলিশ নিজের সীমা লঙ্ঘন করতে পারে না। এইভাবে মা-বোনেদের অপমান করা আমি মেনে নেব না।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে। ওয়াকিবহাল মহলের মতে, নির্বাচনের সময় নির্বাচন কমিশনের নির্দেশে কড়াকড়ি বাড়লেও, সাধারণ নাগরিক বিশেষ করে মহিলাদের ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপের এই অভিযোগ প্রশাসনকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে।
উল্লেখ্য, এর আগেও একাধিক তারকা এবং সাধারণ মানুষ নাকা-চেকিংয়ের সময় দুর্ব্যবহারের অভিযোগ তুলেছিলেন। তবে শ্রীময়ীর ক্ষেত্রে যে ধরণের পুঙ্খানুপুঙ্খ বিবরণের কথা সামনে এসেছে, তা নারী নিরাপত্তা ও সম্মানের প্রশ্নে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। প্রশাসনিক স্তরে এই ঘটনার কোনো তদন্ত হবে কি না বা সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, এখন সেটাই দেখার। তবে মুখ্যমন্ত্রীর রবিবারের কড়া বার্তার পর রাস্তাঘাটে তল্লাশি চালানোর ক্ষেত্রে বাহিনী যে এবার কিছুটা চাপে থাকবে, তা বলাই বাহুল্য।

Note :- ক্রমাগত অন্যান্য আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ লাইক করুন ।

বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

PostBodyBottom

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

E-Paper