Khabor Ekhon
অমিত শাহকে নিয়ে বেলাগাম মন্তব্য, কল্যাণের বিরুদ্ধে কমিশনে বিজেপি
নির্বাচনী আবহে ফের শব্দবাণে বিদ্ধ রাজনীতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে ‘কুরুচিকর’ ও ‘উসকানিমূলক’ মন্তব্য করার অভিযোগে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল গেরুয়া শিবির। বিজেপির দাবি, বারংবার এই ধরনের মন্তব্য করে নির্বাচনী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করছেন শ্রীরামপুরের বিদায়ী সাংসদ। এই মর্মে রবিবার কমিশনের কাছে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বিজেপি নেতা শিশির বাজোরিয়া। সম্প্রতি প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে মেজাজ হারান কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ভাইরাল হওয়া একটি ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদপত্র) তাঁকে বলতে শোনা যায়, “৪ মে আপনাকে সবুজ আবির মাখাব। ১৫ দিন কেন, ১৫ মাস থাকুন। আপনার দাদাগিরি খতম করে দেব।” এর পাশাপাশি তিনি এমন কিছু শব্দবন্ধ ব্যবহার করেন যা রাজনৈতিক পরিভাষায় অত্যন্ত অশালীন ও মানহানিকর বলে দাবি করেছে বিজেপি। গেরুয়া শিবিরের অভিযোগ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে এহেন ভাষা প্রয়োগ করে জনমানসে ভয়, মেরুকরণ এবং ঘৃণার পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল।
নির্বাচন কমিশনকে দেওয়া চিঠিতে বিজেপি স্পষ্ট জানিয়েছে, কল্যাণের এই বক্তব্য তৃণমূলের ‘সংস্কৃতি’কেই তুলে ধরছে। চিঠির সঙ্গে বিতর্কিত মন্তব্যের ভিডিও লিঙ্কটিও সংযুক্ত করে দেওয়া হয়েছে। বিজেপির আর্জি, ভবিষ্যতে যাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের অন্য কোনও নেতা এই ধরনের কুরুচিকর মন্তব্য না করেন, তার জন্য তাঁদের কঠোরভাবে সতর্ক করা হোক। একইসঙ্গে আইন অনুযায়ী প্রয়োজনীয় শাস্তিমূলক পদক্ষেপের দাবিও জানানো হয়েছে।
তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তবে রাজনৈতিক মহলের মতে, ভোটের লড়াই যত এগোচ্ছে, ততই ব্যক্তিগত আক্রমণ ও কুরুচিকর ভাষার প্রয়োগ বাড়ছে। শাহের মতো হেভিওয়েট নেতার বিরুদ্ধে কল্যাণের এই আক্রমণ নির্বাচনী লড়াইকে আরও তিক্ত করে তুলল। এখন দেখার, বিজেপির এই নালিশের ভিত্তিতে কমিশন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে কোনও পদক্ষেপ গ্রহণ করে কি না।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

