Khabor Ekhon
সেক্টর ফাইভে ‘বিজেপি’ কল সেন্টার ঘিরে তুলকালাম
বিধানসভা ভোটের মুখে সল্টলেকের সেক্টর ফাইভের এক বহুতলে কল সেন্টারের আড়ালে ভোটারদের আর্থিক টোপ দেওয়ার অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল আইটি হাব। অভিযোগের তির সরাসরি বিজেপির দিকে। ভোটারদের ফোন করে টাকা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর সংগ্রহ করার খবর পেয়েই অভিযানে নামে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ। আর সেই অভিযানকে কেন্দ্র করেই পুলিশকে বাধা দেওয়া, ধাক্কাধাক্কি এবং প্রভাবশালী মহলের ‘চাপে’ পিছু হটার মতো ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
ঘটনার সূত্রপাত সেক্টর ফাইভের ইপি-জিপি ব্লকের একটি বহুতলে। গোপন সূত্রে পুলিশ খবর পায়, সেখানে একটি বেআইনি কল সেন্টার খুলে বসেছেন ৩০-৩৫ জন যুবক-যুবতী। অভিযোগ ছিল, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ল্যাপটপ নিয়ে বসে কয়েক হাজার ভোটারকে ফোন করা হচ্ছে। তাঁদের বলা হচ্ছে, নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষ থেকে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে, আর সেই কারণেই চাওয়া হচ্ছে ব্যাঙ্ক ডিটেইলস। বিষয়টি খতিয়ে দেখতে এসআই হামিদ মোল্লার নেতৃত্বে পুলিশের একটি দল ওই কনজারভেন্স কনট্যাক্ট সেন্টারে পৌঁছলে দেখা যায় নথিপত্র ছাড়াই কাজ চলছে।
তদন্তকারী অফিসাররা কর্মীদের জিজ্ঞাসাবাদ শুরু করতেই নাটকীয় মোড় নেয় ঘটনা। অভিযোগ, আচমকাই ঘটনাস্থলে উপস্থিত হন বঙ্গ বিজেপির এক শীর্ষ নেতা। তিনি দাবি করেন, “এটি বিজেপির পার্টি অফিস, এখানে পুলিশ কেন অভিযান চালাচ্ছে?” অথচ মূল বিজেপি কার্যালয় সেখান থেকে দেড় কিলোমিটার দূরে। পুলিশকে তল্লাশিতে বাধা দেওয়া হয় এবং পুলিশকর্মীদের আটকে রেখে রীতিমতো ধাক্কাধাক্কি করা হয় বলে অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছন ইলেকট্রনিক কমপ্লেক্স থানার ওসি। সূত্রের খবর, এই টানাপড়েনের মাঝেই বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ কর্তাদের কাছে প্রভাবশালী মহলের ফোন আসতে শুরু করে। শেষ পর্যন্ত তল্লাশি অসম্পূর্ণ রেখেই ফিরে আসতে বাধ্য হয় পুলিশ বাহিনী।
এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদল তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি আদর্শ আচরণবিধির চরম লঙ্ঘন। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকটি জনসভা থেকেই ভোটারদের সতর্ক করে আসছিলেন যে, টাকা পাওয়ার লোভে ফোনে যেন কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর না দেন। সেক্টর ফাইভের এই ঘটনা সেই আশঙ্কাকেই সত্যি করল বলে দাবি তৃণমূলের। যদিও এই বিস্ফোরক অভিযোগ নিয়ে বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আপাতত ওই রহস্যময় ‘কল সেন্টার’ ঘিরে আইটি পাড়ায় জারি রয়েছে টানটান উত্তেজনা।
বিশেষ দ্রষ্টব্য :- এই খবর Khabor Ekhon , দ্বারা আপডেট করা হয়েছে. এই খবরের সম্পূর্ণ দায়িত্ব Khabor Ekhon হবে। www.khaborekhon.in অথবা সম্পাদকমন্ডলীর কোন দায় থাকবে না।

